---
title: "'না’ থেকে ‘হ্যাঁ’, তারপর ফের ‘না’! ২০০৪-এর সেই রাতের অভিজ্ঞতা আত্মজীবনীতে প্রকাশ্যে আনলেন সোনিয়া নিজেই"
url: "https://prothomkolkata.com/sonia-gandhi-2004-pm-decision-memories/"
published: "2026-11-10T06:20:56+00:00"
modified: "2026-11-10T16:31:23+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ভারত"]
---

# 'না’ থেকে ‘হ্যাঁ’, তারপর ফের ‘না’! ২০০৪-এর সেই রাতের অভিজ্ঞতা আত্মজীবনীতে প্রকাশ্যে আনলেন সোনিয়া নিজেই

Sonia Gandhi PM Decision: প্রথমে স্পষ্ট জানিয়েছিলেন, কোনওভাবেই প্রধানমন্ত্রী হতে চান না। কিন্তু ২০০৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের পর জোটসঙ্গীদের প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত মুখ থেকে বেরিয়ে এসেছিল মাত্র দু’টি শব্দ ‘ঠিক আছে’। তবে সেই সম্মতি স্থায়ী হয়নি। কয়েক ঘণ্টার মধ্যেই নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন সোনিয়া গান্ধী। ছেলে রাহুল গান্ধীর আপত্তি, মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর পরামর্শ এবং নিজের মনের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। সেই সময়ের রাজনৈতিক টানাপোড়া , পারিবারিক উদ্বেগ এবং সিদ্ধান্ত নেওয়ার পিছনের অজানা কাহিনি এবার সামনে আনলেন সোনিয়া গান্ধী। তাঁর সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘Belonging: A Journey of Love’ এ উঠে এসেছে ২০০৪ সালের সেই গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা।

## প্রধানমন্ত্রী হতে চাননি সোনিয়া, সন্তানদের আগেই জানিয়েছিলেন সিদ্ধান্ত (Sonia Gandhi PM Decision)

সোনিয়া গান্ধীর আত্মজীবনী অনুযায়ী, ২০০৪ সালের লোকসভা নির্বাচনের কয়েক মাস আগেই প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা। দুই সন্তানই মাকে সরাসরি প্রশ্ন করেছিলেন, কংগ্রেস ক্ষমতায় ফিরলে তিনি কি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন? উত্তরে সোনিয়া জানিয়েছিলেন, ‘একেবারেই না’। সন্তানরা ফের নিশ্চিত হতে চাইলে তিনি বলেছিলেন, নিজের সিদ্ধান্ত সম্পর্কে তিনি যথেষ্ট স্পষ্ট। কারণ, গান্ধী পরিবারের কাছে প্রধানমন্ত্রীর পদ শুধু রাজনৈতিক ক্ষমতার প্রতীক ছিল না। এই পদের সঙ্গে জড়িয়ে ছিল পরিবারের দুই প্রিয়জনকে হারানোর ভয়াবহ স্মৃতি।১৯৮৪ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং ১৯৯১ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকাণ্ড গভীরভাবে প্রভাব ফেলেছিল রাহুল ও প্রিয়াঙ্কার জীবনে। সোনিয়ার কথায়, ঠাকুমা ও বাবাকে হারানোর সেই অভিজ্ঞতা সন্তানদের মনে প্রধানমন্ত্রীর পদকে নিরাপত্তার ঝুঁকির সঙ্গে জুড়ে দিয়েছিল। তাই কোনওভাবেই তাঁরা চাইতেন না মা ওই দায়িত্ব গ্রহণ করুন।

## জোটসঙ্গীদের চাপে মুখ ফসকে ‘ঠিক আছে’! (Sonia Gandhi PM Decision)

নির্বাচনী প্রচারের সময় প্রকাশ্যে প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে কোনও প্রতিশ্রুতি দেননি সোনিয়া। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর পরিস্থিতি বদলে যায়। কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সরকার গঠনের সম্ভাবনা তৈরি হতেই প্রধানমন্ত্রী পদ নিয়ে আলোচনা শুরু হয়।আত্মজীবনীতে সোনিয়া জানিয়েছেন, ১০ জনপথের বাড়িতে রাজীব গান্ধীর কনফারেন্স রুমে জোটসঙ্গী নেতারা বৈঠকে বসেছিলেন। সেখানে তাঁকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য অনুরোধ করেন তাঁরা। সোনিয়া নিজের আপত্তির কথা জানালেও নেতারা তা মানতে চাননি।

বরং একের পর এক নেতা তাঁকে সিদ্ধান্ত বদলানোর জন্য চাপ দিতে থাকেন। কেউ বলেন, তাঁরা তাঁর না-কে মেনে নেবেন না। কেউ আবার জানান, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর নেই। নেতাদের এমন অনড় অবস্থানে কার্যত অসহায় হয়ে পড়েন সোনিয়া। তিনি লিখেছেন, পরিস্থিতিতে তিনি এতটাই বিচলিত হয়ে পড়েছিলেন যে খুব নিচু স্বরে বলে ফেলেন, ‘ঠিক আছে’। অথচ তাঁর কথা শেষ হওয়ার আগেই কয়েকজন নেতা তাঁকে অভিনন্দন জানাতে শুরু করেন। তাঁদের ধারণা হয়, সোনিয়া প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছেন।

## রাহুলের প্রশ্ন, ‘তোমার উপর চাপ দেওয়া হচ্ছে? আমাদের কথা ভাবছ?’ (Sonia Gandhi PM Decision)

বৈঠকের বাইরে অপেক্ষা করছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। মায়ের মুখে সম্মতির কথা শুনে তিনি দ্রুত ভাই রাহুলের কাছে যান। এরপর দু’জনেই মায়ের সঙ্গে কথা বলতে শুরু করেন। রাহুল মাকে প্রশ্ন করেন, তিনি কি সত্যিই প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছেন? সোনিয়া জানান, নেতারা তাঁর কথা শুনছিলেন না। তিনি প্রধানমন্ত্রী হতে চান না, তা জেনেও তাঁকে চাপ দেওয়া হচ্ছিল। মায়ের এই বক্তব্য শুনে রাহুল পাল্টা প্রশ্ন করেন, যদি তাঁর উপর চাপ দেওয়া হয়ে থাকে, তবে পরিবারের বাকিদের কথা কি একবারও ভাবা হচ্ছে না? অন্যদিকে, প্রিয়াঙ্কাও মাকে নিজের সিদ্ধান্তে অনড় থাকার পরামর্শ দেন। তাঁর বক্তব্য ছিল, মা এতদিন যে সিদ্ধান্তে স্থির ছিলেন, অন্যের চাপে তা বদলানোর কোনও প্রয়োজন নেই।

## রাজীবের বিছানায় বসে নিজের সঙ্গে লড়াই (Sonia Gandhi PM Decision)

এরপর নিজের ঘরে চলে যান সোনিয়া। রাজীব গান্ধীর বিছানার যে পাশে তিনি শুতেন, সেই পাশেই শুয়ে পড়েন। শুরু হয় নিজের সঙ্গে এক দীর্ঘ মানসিক লড়াই।আত্মজীবনীতে তিনি জানিয়েছেন, সেই সময় তাঁর মনে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ইতালিতে জন্ম ও বেড়ে ওঠা একজন মহিলা কীভাবে একশো কোটিরও বেশি মানুষের দেশের প্রধানমন্ত্রী হবেন, সেই প্রশ্নও তাঁকে ভাবিয়েছিল। অন্যদিকে, রাজীব গান্ধীর মৃত্যুর পর ভারত তাঁকে আপন করে নিয়েছে। দেশের মানুষ তাঁর দলকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানো কি ঠিক হবে, তা নিয়েও ভাবছিলেন তিনি।

কংগ্রেস কর্মীদের প্রত্যাশার কথাও তাঁর মনে এসেছিল। নির্বাচনে যাঁরা দলের হয়ে পরিশ্রম করেছেন, তাঁদের কাছে প্রধানমন্ত্রীর দায়িত্ব প্রত্যাখ্যান করাকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো বলে মনে হতে পারে। কখনও নিজের সিদ্ধান্ত নিয়ে নিশ্চিত হচ্ছিলেন, আবার পরক্ষণেই দ্বিধায় পড়ছিলেন তিনি। শেষ পর্যন্ত ক্লান্তিতে ঘুমিয়ে পড়ার আগে নিজের মনকে প্রশ্ন করেন সোনিয়া। তাঁর মনে হয়েছিল, অন্যের প্রত্যাশা নয়, নিজের সিদ্ধান্তের প্রতি সৎ থাকাই সবচেয়ে জরুরি।

## প্রধানমন্ত্রী পদে মনমোহন সিংকে বেছে নিলেন (Sonia Gandhi PM Decision)

কয়েক ঘণ্টা পর রাহুল গান্ধীর ঘরে গিয়ে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানান সোনিয়া। তিনি বলেন, আগের সিদ্ধান্তেই অনড় থাকবেন। প্রধানমন্ত্রী হবেন না। মায়ের সিদ্ধান্ত শুনে রাহুলও জানান, এটাই সঠিক সিদ্ধান্ত। তবে এখানেই শেষ হয়নি রাজনৈতিক চাপ। এরপর বিষয়টি পৌঁছয় সংসদে। কংগ্রেসের সাংসদরা বারবার সোনিয়াকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন। কিন্তু তিনি তাঁদের জানান, তাঁর অন্তরের সায় নেই। নিজের ‘অন্তরের কণ্ঠস্বর’ তাঁকে প্রধানমন্ত্রী হতে অনুমতি দিচ্ছে না। তাঁর এই ঘোষণায় সংসদীয় দলের বৈঠকে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। কিছুক্ষণের জন্য বৈঠক ছেড়ে বেরিয়েও যান সোনিয়া। পরে ফিরে এসে অন্য একজনকে কংগ্রেস সংসদীয় দলের নেতা হিসেবে মনোনীত করার অনুমতি চান। এরপরই তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নাম প্রস্তাব করেন।আত্মজীবনীতে সোনিয়া লিখেছেন, তিনি কংগ্রেস সংসদীয় দলের নেতৃত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন এবং ড. মনমোহন সিংকে দলের নেতা হিসেবে মনোনীত করছেন।

২০০৪ সালের সেই সিদ্ধান্ত ভারতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে রয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েও সরে দাঁড়িয়েছিলেন সোনিয়া। তাঁর জায়গায় দেশের প্রধানমন্ত্রী হন মনমোহন সিং। এতদিন পর নিজের আত্মজীবনীতে সেই সিদ্ধান্তের নেপথ্যের পারিবারিক উদ্বেগ, রাজনৈতিক চাপ এবং মানসিক টানাপোড়েনের কথা প্রকাশ্যে আনলেন তিনি।
