---
title: "সোনাক্ষী সিনহার ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ, গ্রেফতার যুবককে মুক্তির নির্দেশ মুম্বই আদালতের"
url: "https://prothomkolkata.com/sonakshi-sinha-morphed-photos-case-accused/"
published: "2026-11-15T13:33:14+00:00"
modified: "2026-11-15T13:33:18+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম আনন্দ"]
---

# সোনাক্ষী সিনহার ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ, গ্রেফতার যুবককে মুক্তির নির্দেশ মুম্বই আদালতের

Sonakshi Sinha Morphed Photos Case: বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগে গ্রেফতার হওয়া এক যুবককে মুক্তির নির্দেশ দিল মুম্বইয়ের আদালত। দিল্লির বাসিন্দা আরিয়ান দীপক জৈন নামে ওই যুবককে গ্রেফতার করেছিল বান্দ্রা পুলিশ। কিন্তু গ্রেফতারের সময় আইন মেনে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ ওঠে। সেই কারণেই পুলিশি হেফাজতে রাখার আবেদন খারিজ করে দেয় আদালত। একইসঙ্গে তাঁকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।সোনাক্ষী সিনহার অভিযোগের ভিত্তিতেই এই ঘটনায় তদন্ত শুরু করেছিল মুম্বইয়ের বান্দ্রা থানার পুলিশ। অভিনেত্রীর অভিযোগ, তাঁর কিছু বিকৃত ও আপত্তিকর ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছিল। বিষয়টি নজরে আসার পরই তিনি পুলিশের দ্বারস্থ হন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ।

## দিল্লি থেকে গ্রেফতার করে মুম্বইয়ে আনে পুলিশ (Sonakshi Sinha Morphed Photos Case)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আরিয়ান দীপক জৈন দিল্লির শাহদারা এলাকার বাসিন্দা। দিল্লির জগৎপুরী থানার অন্তর্গত এলাকা থেকে সকাল ১০টা ১১ মিনিট নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। এরপর বিমানে করে তাঁকে মুম্বইয়ে নিয়ে আসে বান্দ্রা থানার পুলিশ। মুম্বইয়ে পৌঁছনোর পর অভিযুক্তকে ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করে পুলিশ। তদন্তের স্বার্থে তাঁকে তিন দিনের পুলিশি হেফাজতে রাখার আবেদন জানানো হয়। পুলিশের দাবি ছিল, যে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সোনাক্ষীর বিকৃত ছবি তৈরি ও ছড়ানো হয়েছিল, সেটি উদ্ধার করা প্রয়োজন। সেই ডিভাইসের খোঁজ পেতেই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল পুলিশ।

## গ্রেফতারির পদ্ধতি নিয়ে প্রশ্ন আদালতের (Sonakshi Sinha Morphed Photos Case)

তবে পুলিশের আবেদনে সাড়া দেয়নি আদালত। বরং দিল্লি থেকে অভিযুক্তকে মুম্বইয়ে নিয়ে আসার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন ম্যাজিস্ট্রেট। আদালতের পর্যবেক্ষণ, দিল্লি থেকে গ্রেফতার করার পর অভিযুক্তকে সরাসরি মুম্বইয়ে নিয়ে আসা যায় না। নিয়ম অনুযায়ী, অন্য রাজ্যে গ্রেফতার হওয়া ব্যক্তিকে প্রথমে সংশ্লিষ্ট এলাকার নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করতে হয়।কিন্তু আরিয়ান জৈনের ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি বলে জানায় আদালত। কেন তাঁকে দিল্লির নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়নি, তারও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি পুলিশ। গ্রেফতারের ক্ষেত্রে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ না করার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে আদালত।

## পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ অভিযুক্তের আইনজীবীদের (Sonakshi Sinha Morphed Photos Case)

অন্যদিকে, অভিযুক্তের আইনজীবীরাও গ্রেফতারির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। আমান শাহী, প্রশান্ত ত্রিবেদী এবং আদিত্য জৈন আদালতে আরিয়ান জৈনের হয়ে সওয়াল করেন। তাঁদের দাবি, গ্রেফতারের আগে পুলিশ আইন অনুযায়ী প্রয়োজনীয় নোটিস দেয়নি। এমনকী কী কারণে তাঁকে আটক করা হচ্ছে, সেই বিষয়টিও যথাযথভাবে জানানো হয়নি। আইনজীবীদের বক্তব্য, আরিয়ান কোনও অপরাধ করেননি। তাঁর বিরুদ্ধে যে আইনি ধারাগুলি প্রয়োগ করা হয়েছে, সেগুলিও এই ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে দাবি করেন তাঁরা।

## তদন্তের স্বার্থে গ্রেফতার করলেই চলবে না, পর্যবেক্ষণ আদালতের (Sonakshi Sinha Morphed Photos Case)

আদালতের পর্যবেক্ষণ, তদন্তের স্বার্থে আরও তথ্য বা প্রমাণ সংগ্রহের প্রয়োজন রয়েছে, শুধু এই যুক্তিতে কাউকে পুলিশি হেফাজতে নেওয়া যায় না। গ্রেফতারের ক্ষেত্রে আইন নির্ধারিত নিয়ম এবং ব্যক্তির অধিকার রক্ষার বিষয়টিও মেনে চলতে হবে। এই যুক্তিতেই পুলিশের তিন দিনের হেফাজতের আবেদন খারিজ করে দেয় আদালত। অভিযুক্ত আরিয়ান দীপক জৈনকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তবে আদালতের নির্দেশে অভিযুক্ত মুক্তি পেলেও সোনাক্ষী সিনহার অভিযোগের তদন্ত বন্ধ হচ্ছে না। বান্দ্রা থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে। বিকৃত ছবিগুলি কীভাবে তৈরি করা হয়েছিল এবং কোন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সেগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
