---
title: "ছয় মাসে শুভেন্দু সরকার: পরিবর্তনের বার্তা, শিল্পের স্বপ্ন ও বাস্তবের চ্যালেঞ্জ"
url: "https://prothomkolkata.com/six-months-of-suvendu-government/"
published: "2026-11-10T04:57:10+00:00"
modified: "2026-11-10T10:22:23+00:00"
author: "শীর্ষেন্দু চক্রবর্তী"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# ছয় মাসে শুভেন্দু সরকার: পরিবর্তনের বার্তা, শিল্পের স্বপ্ন ও বাস্তবের চ্যালেঞ্জ

**Six Months of Suvendu Government**: পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের ছয় মাস পূর্ণ হল। ২০২৬ সালের ৯ মে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই রাজ্যের প্রশাসন, শিল্প, কর্মসংস্থান, নারীকল্যাণ এবং আইনশৃঙ্খলা নিয়ে একাধিক পদক্ষেপ ও ঘোষণা সামনে এসেছে। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসানের পর নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশাও ছিল অনেক। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং রাজ্যের অর্থনৈতিক পুনরুজ্জীবন—এই তিনটি বিষয় এখন সরকারের সামনে বড় পরীক্ষা।

## নারীকল্যাণে নতুন প্রকল্প (Six Months of Suvendu Government)

সরকারের প্রথম দিকের উল্লেখযোগ্য পদক্ষেপগুলির মধ্যে অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের মাসে ৩,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সরকারের দাবি, বিপুল সংখ্যক মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তবে প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে কিছু জায়গায় অর্থপ্রাপ্তিতে বিলম্ব এবং উপভোক্তা যাচাই নিয়ে প্রশ্নও উঠেছে।

## কর্মসংস্থান ও শিল্পায়নে জোর (Six Months of Suvendu Government)

রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান নতুন সরকারের অন্যতম বড় প্রতিশ্রুতি। প্রথম বাজেটে এক লক্ষ সরকারি চাকরির লক্ষ্যমাত্রার কথা বলা হয়েছে। পাশাপাশি বেসরকারি বিনিয়োগ টেনে আনা এবং শিল্পের পরিবেশ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৫ নভেম্বর রাজ্য সরকার নতুন শিল্প বিনিয়োগ নীতি ঘোষণা করেছে। জমি সংগ্রহ, ল্যান্ড ব্যাঙ্ক, বিনিয়োগকারীদের সুবিধা এবং শিল্প স্থাপনের প্রক্রিয়া সহজ করার বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, বাংলাকে নতুন করে শিল্প ও বিনিয়োগের অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা।

## পরিকাঠামো ও উন্নয়নের প্রত্যাশা (Six Months of Suvendu Government)

সড়ক, রেল, মেট্রো, বিমানবন্দর এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়েও একাধিক পরিকল্পনা সামনে এসেছে। এই প্রকল্পগুলির বাস্তবায়ন হলে রাজ্যের ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে পরিকল্পনা ও ঘোষণার পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করাই হবে সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। রেল বা মেট্রো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন হলেও রাজ্যের একটা ভূমিকা থাকে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার সেই ভূমিকা পালন করে রাজ্যের মানুষের পাশে দাঁড়ানোর উদাহরণ তৈরি করেছে। সব থেকে বড় উদাহরণ তো মাত্র ১২০ ঘন্টায় রকেট গতিতে চিংড়িঘাটা মেট্রো সম্প্রসারণ।

## অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ঘোষণা

গত অক্টোবর মাসে মুখ্যমন্ত্রী [শুভেন্দু অধিকারী](https://prothomkolkata.com/suvendu-adhikari-durga-puja-2026-statements/) ছয় মাসের মধ্যে পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালুর প্রতিশ্রুতি দিয়েছেন। এই বিষয়ে একটি কমিটি গঠনের কথাও প্রকাশ্যে এসেছে। পাশাপাশি ধর্মান্তর এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে কঠোর আইনের কথা বলেছেন তিনি। প্রস্তাবিত আইনগুলির চূড়ান্ত রূপ, সাংবিধানিক দিক এবং সামাজিক প্রভাব নিয়ে আগামী দিনে আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

## আইনশৃঙ্খলা ও প্রশাসনিক স্বচ্ছতা (Six Months of Suvendu Government)

নতুন সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল প্রশাসনিক স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও রাজনৈতিক হিংসা নিয়ন্ত্রণ। সীমান্ত নিরাপত্তা, সরকারি প্রকল্পের বাস্তবায়ন এবং প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তনের বিষয়েও সরকার পদক্ষেপের কথা জানিয়েছে। তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক সংঘাতের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

এ প্রসঙ্গে বলতে হয়, চারটি এনকাউন্টারের কথা। এতদিন নারী নির্যাতনে অভিযুক্ত-দোষীদের শাস্তির খুব একটা উদাহরণ চোখে পড়েনি। কিন্তু যেভাবে বর্তমান সরকার ধর্ষক-খুনিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে তা নিঃসন্দেহে আলোচনার দাবি রাখে। এনকাউন্টার প্রসঙ্গে বিতর্ক অবশ্যই আছে। কিন্তু দিনের শেষে একটা কথা মানতেই হবে, কিছু ক্ষেত্রে শাসকের কঠোরতা দোষীদের হৃদকম্প ধরাতে বাধ্য।

## সামনে আরও বড় পরীক্ষা (Six Months of Suvendu Government)

ছয় মাসের কার্যকালে শুভেন্দু অধিকারী সরকার একাধিক নতুন নীতি, প্রকল্প এবং প্রশাসনিক উদ্যোগের কথা সামনে এনেছে। কিন্তু সরকারের সাফল্য শেষ পর্যন্ত নির্ধারিত হবে সাধারণ মানুষের জীবনে তার বাস্তব প্রভাব দিয়ে।

বেকার যুবকের হাতে কাজ, কৃষকের ন্যায্য মূল্য, মহিলাদের আর্থিক নিরাপত্তা, শিল্পের প্রসার, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উন্নতি এবং রাজনৈতিক হিংসামুক্ত পরিবেশ—এই প্রত্যাশাগুলিই বাংলার মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছয় মাসে পরিবর্তনের বার্তা দেওয়া সম্ভব হয়েছে। আগামী ছয় মাসে সেই বার্তাকে কতটা বাস্তবে রূপান্তরিত করা যায়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা।
