---
title: "শেখ হাসিনা কোন পথে ফিরবেন? জানালেন বিজেপির এই বিধায়ক"
url: "https://prothomkolkata.com/sheikh-hasina-return-petrapole-border/"
published: "2026-11-22T12:13:03+00:00"
modified: "2026-11-22T12:53:56+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# শেখ হাসিনা কোন পথে ফিরবেন? জানালেন বিজেপির এই বিধায়ক

**Sheikh Hasina Return**: **চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি ও বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার দাবিতে সভা, তারেক রহমানের সরকারকে কড়া বার্তা খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়ার**

পেট্রাপোল সীমান্ত দিয়ে কি বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা? সেই দিন আর বেশি দূরে নেই বলে মন্তব্য করলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। উত্তর ২৪ পরগনার পেট্রাপোলে হিন্দু সুরক্ষা সমিতির আয়োজিত এক প্রতিবাদ সভায় দাঁড়িয়ে তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। একই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা এবং জেলবন্দি চিন্ময়কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে আয়োজিত এই সভা থেকে দুজনেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হন।

সভা থেকে চিন্ময়কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। পাশাপাশি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার বন্ধ করতে তারেক রহমানের সরকারের কাছে আবেদন জানান বক্তারা। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেন খাদ্যমন্ত্রী এবং বিজেপি বিধায়ক।

## শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কী বললেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া? (**Sheikh Hasina Return**)

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার বিষয়ে [খাদ্যমন্ত্রী](https://prothomkolkata.com/guma-ration-irregularities-food/)অশোক কীর্তনীয়া জানিয়েছেন, শেখ হাসিনাকে অন্যায়ভাবে দেশছাড়া করা হয়েছিল এবং তাঁর দেশে ফেরা উচিত। শুধু তাই নয়, বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

অশোক কীর্তনীয়ার বক্তব্যে উঠে আসে [চিন্ময় কৃষ্ণ](https://prothomkolkata.com/chinmoy-krishna-das-mother-shraddha-in-jail/) প্রভুর মুক্তির প্রসঙ্গও। তিনি বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরাও আশা করেছিলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি দেওয়া হবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে তাঁর অভিযোগ।

চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে আনা অভিযোগ ও তাঁর জেলবন্দি থাকা নিয়েও প্রশ্ন তোলেন অশোক কীর্তনীয়া। তাঁর দাবি, মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে। এই বিষয়ে বিশ্বের হিন্দু সনাতনীরা ক্ষুব্ধ। তিনি বলেন, “চিন্ময় দাস মহাপ্রভুকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা নিয়ে সারা বিশ্বের হিন্দু সনাতনীদের মধ্যে প্রশ্ন রয়েছে। এই পরিস্থিতি তাঁরা মেনে নেননি, ভবিষ্যতেও মেনে নেবেন না।”

![](https://prothomkolkata.com/wp-content/uploads/2026/11/WhatsApp-Image-2026-11-22-at-16.13.10-1-1200x675.jpeg)

## “পেট্রাপোল সীমান্ত দিয়েই ফিরবেন হাসিনা, সেই দিন আর বেশি দূরে নেই”

সভায় সবচেয়ে বেশি রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি করেছে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের মন্তব্য। শেখ হাসিনার বাংলাদেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, “পেট্রাপোল সীমান্ত দিয়েই শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন। আর সেই দিন বেশি দূরে নেই।”

স্বপন মজুমদারের দাবি, বিদেশি শক্তির মদতে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছিল এবং বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তা গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে। তাঁর বক্তব্য, “বিদেশি শক্তির সাহায্যে একটি গণতান্ত্রিক সরকারকে ফেলে দেওয়া হয়েছে। শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ হওয়া উচিত।” বিএনপি সরকারের উদ্দেশ্যে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক মন্তব্য করেন, "পুরো বাংলাদেশটাই আপনাদের হাতছাড়া হয়ে যেতে পারে আগামী দিনে ভাবছেন না কেন?"

তারেক রহমানের উদ্দেশে স্বপন মজুমদারের বার্তা, “আপনি যদি গণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসে থাকেন, তা হলে দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা দেওয়াও আপনার দায়িত্ব। হিন্দুরাও আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করে থাকতে পারেন। তাঁদের ধর্ম, সম্পত্তি, জীবন ও সম্মান রক্ষা করা আপনার কর্তব্য। সারা পৃথিবীর হিন্দু সনাতনীরা এই পরিস্থিতির দিকে নজর রাখছেন। অন্যায় চলতে থাকলে তাঁরা আপনাকে ক্ষমা করবেন না।” বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও হুঁশিয়ারি দেন বিজেপি বিধায়ক। তাঁর বক্তব্য, কোনও শাসকের অন্যায় দীর্ঘদিন স্থায়ী হয় না।

## বেনাপোল-পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের পর্যবেক্ষক দল? (Petrapole Border News)

আওয়ামী লীগের একটি দল বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে এসেছে বলে সূত্রের খবর সামনে এসেছে। সেই সূত্রের দাবি, শেখ হাসিনা ভবিষ্যতে এই সীমান্তপথে বাংলাদেশে ফিরতে পারেন। স্বপন মজুমদারও এই সীমান্তপথের প্রসঙ্গ তুলে বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে এই পথ দিয়েই ফিরতে পারেন। তাঁর দাবি, শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে যুক্ত হতে পারে।

পেট্রাপোল সীমান্তের ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্বের কারণেই এই মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে। ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর পেট্রাপোল। সেই সীমান্তকে ঘিরে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা তুলে ধরে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন বিজেপি বিধায়ক। চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি, বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা এবং শেখ হাসিনার দেশে ফেরা—এই তিনটি বিষয়কে সামনে রেখেই পেট্রাপোলের সভায় বক্তব্য রাখেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া ও বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।
