---
title: "প্রথম কলকাতার হাতে হাসিনার আবেদনের চিঠি, ঠিক কী লিখেছেন তাঁর আইনজীবী?"
url: "https://prothomkolkata.com/sheikh-hasina-passport-application-letter/"
published: "2026-11-09T07:12:02+00:00"
modified: "2026-11-09T10:15:12+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# প্রথম কলকাতার হাতে হাসিনার আবেদনের চিঠি, ঠিক কী লিখেছেন তাঁর আইনজীবী?

Sheikh Hasina Passport Application Letter: সাদা কাগজে কালো অক্ষরে লেখা একটি চিঠি। উপরে লন্ডনের আইনি সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের নাম ও ঠিকানা। প্রাপক দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান। আর চিঠির বিষয়বস্তু শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন। ৯ নভেম্বর ২০২৬ তারিখে পাঠানো সেই চিঠির ছবিই এবার প্রকাশ্যে আনল প্রথম কলকাতা। চিঠিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তাঁর আইনজীবী স্টিভেন পাউলস কেসি (Steven Powles KC)। এর আগে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। এবার সেই আবেদন সংক্রান্ত চিঠির ছবি সামনে আসায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

## কী লেখা রয়েছে আইনজীবীর চিঠিতে?(Sheikh Hasina Passport Application Letter)

ম্যাট্রিক্স চেম্বার্সের লেটারহেডে লেখা চিঠিটি পাঠানো হয়েছে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে। চিঠির বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর আবেদন।

চিঠিতে স্টিভেন পাউলস কেসি জানিয়েছেন, তিনি শেখ হাসিনার আইনি প্রতিনিধি হিসেবে এই আবেদন জানাচ্ছেন। তাঁর বক্তব্য, অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার পুরনো পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গিয়েছে। সেই কারণেই তাঁর মক্কেলের জন্য নতুন করে এই দুটি নথি ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

## বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে আবেদন (Sheikh Hasina Passport Application Letter)

আইনজীবীর চিঠিতে বিশেষভাবে বাংলাদেশের নাগরিকত্বের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। তাঁর বক্তব্য, শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং বাংলাদেশের আইন ও আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত বাধ্যবাধকতা মেনেই নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। একইসঙ্গে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কী কী কাগজপত্র জমা দিতে হবে এবং কোন কোন আনুষ্ঠানিকতা পালন করতে হবে, তা জানাতে হাইকমিশনের কাছে অনুরোধ করেছেন তিনি। বিষয়টি দ্রুত বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জিও জানানো হয়েছে চিঠিতে।

## দেশে ফেরার জল্পনার মধ্যেই চিঠি (Sheikh Hasina Passport Application Letter)

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন। তাঁর পুরনো পাসপোর্ট ও এনআইডি বাতিল হওয়ার খবরের মধ্যেই এবার নতুন নথির জন্য আইনজীবীর মাধ্যমে আবেদন জানানো হল। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ বলে রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার বিষয়ে বাংলাদেশের হাইকমিশন বা সরকারের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানা যায়নি। ফলে হাসিনার এই আবেদন শেষ পর্যন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর।
