---
title: "শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন ঘিরে নতুন প্রশ্ন, কী জানাল বাংলাদেশ হাইকমিশন?"
url: "https://prothomkolkata.com/sheikh-hasina-passport-application-bangladesh-high-commission/"
published: "2026-11-09T11:04:34+00:00"
modified: "2026-11-09T11:04:35+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন ঘিরে নতুন প্রশ্ন, কী জানাল বাংলাদেশ হাইকমিশন?

Sheikh Hasina Passport Application Bangladesh High Commission: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে একটি আবেদনপত্র পাঠানো হয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে। তবে ওই আবেদন আদৌ শেখ হাসিনার অনুমোদন নিয়ে করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের জন্য সরাসরি কোনও আবেদন করেননি।

**গত ৯ নভেম্বর ২০২৬ তারিখে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের উদ্দেশে একটি**ইমেল**পাঠানো হয়।** চিঠিটির বিষয় ছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ।

চিঠিতে আইনজীবী স্টিভেন পাওলস নিজেকে শেখ হাসিনার আইনগত প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে শেখ হাসিনার বর্তমান পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে তাঁর জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনার অধিকার এবং বাংলাদেশের আইন ও আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত দায়বদ্ধতার ভিত্তিতে এই অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন দ্রুত নিষ্পত্তি করতে কী কী নথিপত্র প্রয়োজন, সে বিষয়েও হাইকমিশনের পরামর্শ চাওয়া হয়েছে।

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. [সাইদুর রহমান](https://prothomkolkata.com/bangladesh-gas-supply-industrial-areas/) জানিয়েছেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের জন্য সরাসরি কোনও আবেদন করেননি। তবে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে হাইকমিশনে একটি ইমেল বার্তা এসেছে। ওই ইমেলে শেখ হাসিনার নামে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু অনুরোধটি আদৌ শেখ হাসিনার নির্দেশে পাঠানো হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

মো. সাইদুর রহমানের বক্তব্য, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ইমেলের সঙ্গে শেখ হাসিনার লিখিত অনুমোদন কিংবা তাঁর পক্ষে আবেদন করার ক্ষমতা দেওয়া হয়েছে, এমন কোনও প্রমাণপত্র সংযুক্ত ছিল না। ফলে ওই আইনি প্রতিষ্ঠান সত্যিই শেখ হাসিনার প্রতিনিধিত্ব করছে কি না, তা যাচাই করার সুযোগ নেই। তবে বিষয়টিকে গুরুত্ব দিয়ে হাইকমিশনের পক্ষ থেকে ইমেলটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
