---
title: "১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, প্রত্যর্পণ নিয়ে কী জানাল ভারত"
url: "https://prothomkolkata.com/sheikh-hasina-bangladesh-return-extradition-india/"
published: "2026-11-25T14:38:25+00:00"
modified: "2026-11-25T15:11:33+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ভারত"]
---

# ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, প্রত্যর্পণ নিয়ে কী জানাল ভারত

`Sheikh Hasina Bangladesh Return`: **শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্যে নারাজ দিল্লি, প্রত্যর্পণের আবেদন খতিয়ে দেখার কথা জানাল বিদেশ মন্ত্রক**

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা এবং তাঁর প্রত্যর্পণের আবেদন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং বর্তমানে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ প্রচলিত প্রক্রিয়া মেনেই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বুধবার বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল জানান, বিষয়টি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং সে দেশের সরকারের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে ভারতের পক্ষ থেকে তাঁর কিছু বলার নেই।

## `বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ` (`Sheikh Hasina Bangladesh Return`)

অন্যদিকে, শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের পাঠানো অনুরোধ ভারতের নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে। তবে কোনও নাগরিক যদি ভ্রমণের বৈধ নথি নিয়ে স্বেচ্ছায় নিজের দেশে ফিরতে চান, তা প্রত্যর্পণের আবেদনের থেকে সম্পূর্ণ পৃথক বিষয়। বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর হামলার ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ভারত। [রণধীর জয়সওয়াল](https://prothomkolkata.com/india-bangladesh-relations-randhir-jaiswal/) জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনায় ভারত উদ্বিগ্ন। এই ধরনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশের সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।

এদিকে, শেখ হাসিনার মুখপাত্র হিসেবে পরিচিত সৈয়দ মোজাম্মেল আলীর বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে তাঁর বক্তব্য অনুযায়ী, বাংলাদেশের বিজয় দিবস ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফেরার জন্য তিনি বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশ বিমানের একটি উড়ানের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন বলে দাবি করা হয়েছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত ও ঘোষণা সম্পূর্ণ ভাবে তাঁর নিজস্ব সিদ্ধান্ত। এর সঙ্গে তাঁকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে ঢাকার তরফে পাঠানো কূটনৈতিক বার্তার কোনও সম্পর্ক নেই। বুধবার এ কথা জানিয়ে নয়াদিল্লির দাবি, দু’টি বিষয় সম্পূর্ণ ভাবে পৃথক। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার পরিকল্পনাটি ঢাকার প্রত্যর্পণের অনুরোধের সঙ্গে সম্পর্কহীন।’’
