---
title: "হাসিনা, ডিসেম্বর এবং না"
url: "https://prothomkolkata.com/sheikh-hasina-bangladesh-return-december-three-major-hurdles/"
published: "2026-11-16T11:11:45+00:00"
modified: "2026-11-16T11:48:34+00:00"
author: "সুব্রত আচার্য"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# হাসিনা, ডিসেম্বর এবং না

Sheikh Hasina Bangladesh Return December 2026: ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার। পাসপোর্টের অনুরোধেও সাড়া মেলেনি। প্রত্যর্পণ চাইছে ঢাকা। নিরাপত্তা ও বিচারের নিশ্চয়তা নিয়ে দিল্লির সম্ভাব্য দুই শর্তের খবর প্রকাশ্যে। কেন ডিসেম্বরেই শেখ হাসিনার বাংলাদেশে ফেরা কঠিন? তিনটি কারণে আটকে প্রত্যাবর্তনের পরিকল্পনা।

**সুব্রত আচার্য | বিশেষ প্রতিবেদন**

ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। ঘোষণা তাঁর নিজের। কিন্তু দেশে ফেরার নির্দিষ্ট দিন নেই। নেই প্রত্যাবর্তনের কোনও ঘোষিত ব্যবস্থা। উল্টে পাসপোর্টের অনুরোধ ঘিরে নতুন জটিলতা। দিল্লি ও ঢাকার কূটনৈতিক অবস্থানেও বিস্তর ফারাক। ফলে প্রশ্নটা শেখ হাসিনা ফিরতে চান কি না, সেখানে আটকে নেই। কোন পথে ফিরবেন? কে দায়িত্ব নেবে? আর ডিসেম্বরের মধ্যেই সেই ব্যবস্থা হবে কীভাবে?

ডিসেম্বরের পথে শেখ হাসিনার সামনে তিন বাধা।

## প্রথম কারণ: পাসপোর্ট চাইলেই দেশে ফেরার পথ খুলছে না (Sheikh Hasina Bangladesh Return December 2026)

৯ নভেম্বর রয়টার্স জানায়, নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন শেখ হাসিনার আইনজীবীরা। লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো চিঠিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। শেখ হাসিনার সহযোগীদের বক্তব্য, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলেই দেশে ফেরার দিন ঘোষণা করা হবে।

কিন্তু চিঠি ঘিরেই প্রথম প্রশ্ন।

বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানান, আইনজীবীরা শেখ হাসিনার অনুমোদন নিয়ে চিঠি পাঠিয়েছেন কি না, তার প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি যাচাইয়ের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ১০ নভেম্বর সরকারি সংবাদ সংস্থা বাসসকে তিনি আরও জানান, এই চিঠিকে আনুষ্ঠানিক পাসপোর্ট আবেদন হিসেবে দেখানো ঠিক নয়।

এদিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে নতুন পাসপোর্ট দেওয়ার আইনি সুযোগ নেই। শেখ হাসিনাকে ফিরতে হলে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির পথেই আসতে হবে।

এখানেই প্রথম ফারাক। শেখ হাসিনার আইনজীবীরা চাইছেন ভ্রমণের কাগজপত্র। ঢাকা চাইছে প্রত্যর্পণ। দুটি সম্পূর্ণ আলাদা আইনি প্রক্রিয়া।

ভারতের বিদেশ মন্ত্রকও প্রত্যর্পণকে আইনি বিষয় বলেছে। ফলে ফেরার ঘোষণা আছে। কিন্তু ফেরার আইনি পথ এখনও অনিশ্চিত।

## দ্বিতীয় কারণ: দিল্লির দুই শর্ত, ঢাকার কঠিন পরীক্ষা (Sheikh Hasina Bangladesh Return December 2026)

১৩ নভেম্বর বিবিসি বাংলার প্রতিবেদন ঘিরে নতুন করে আলোচনায় আসে শেখ হাসিনার প্রত্যাবর্তন। ভারতীয় প্রশাসনিক ও সামরিক সূত্রের বক্তব্য তুলে ধরে প্রতিবেদনে দুটি সম্ভাব্য শর্তের কথা জানানো হয়।

প্রথম শর্ত, শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে। সামরিক বিমানে অথবা স্থলসীমান্তে তাঁকে গ্রহণ করার ব্যবস্থা করতে হবে।

দ্বিতীয় শর্ত, বাংলাদেশে তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং নতুন করে ন্যায়সংগত বিচারের সুযোগ নিশ্চিত করতে হবে।

প্রশ্ন শুধু শেখ হাসিনাকে বাংলাদেশে পৌঁছে দেওয়ার নয়। তাঁর নিরাপত্তা এবং বিচার নিয়েও দিল্লির উদ্বেগের কথা উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে।

তবে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এই দুটি শর্ত ঘোষণা করেনি। ১৩ নভেম্বর বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নে নির্দিষ্ট মন্তব্য করেননি। প্রত্যর্পণকে আইনি বিষয় বলেই উল্লেখ করেছেন।

এর মধ্যেই ১৪ নভেম্বর নতুন বক্তব্য দিলেন বাংলাদেশের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ঢাকায় সাংবাদিকদের তিনি জানান, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের নির্ধারিত ৩০ দিনের সময়সীমা পার হয়ে গিয়েছে। তাঁর ব্যাখ্যায়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারার অধীনে শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই।

এর আগে একই অবস্থান জানিয়েছিলেন প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম। যদিও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এর আগে বলেছিলেন, নির্ধারিত সময় পেরিয়ে আপিল করা হলে আদালত তা গ্রহণ করবে কি না, সেই সিদ্ধান্ত আদালতের।

অর্থাৎ আপিলের প্রশ্নেও আইনি ব্যাখ্যার ফারাক রয়েছে।

বিবিসিতে উদ্ধৃত ভারতীয় সূত্রের দাবি অনুযায়ী দিল্লি যে নিশ্চয়তা চাইছে, বাংলাদেশের আইনমন্ত্রীর সর্বশেষ বক্তব্য তার বিপরীতে দাঁড়াচ্ছে।

ঢাকা আগেই শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে প্রথম আনুষ্ঠানিক অনুরোধ। ২০২৫ সালের নভেম্বরে মৃত্যুদণ্ডের রায়ের পর ফের অনুরোধ পাঠানো হয়।

কিন্তু প্রত্যর্পণের দাবি জানানো আর কাউকে হস্তান্তর করা এক নয়। ভারত-বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে আইনি প্রক্রিয়া ও নির্দিষ্ট বিধান রয়েছে।

ডিসেম্বরের আগে এই জট ছাড়ানোই দ্বিতীয় বড় পরীক্ষা।

## তৃতীয় কারণ: ডিসেম্বর কি ফেরার সময়, না রাজনৈতিক চাপের কৌশল?(Sheikh Hasina Bangladesh Return December 2026)

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন শেখ হাসিনা। ২০২৫ সালের ১৭ নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেয়। শেখ হাসিনা অভিযোগ অস্বীকার করেছেন।

১০ জুলাই রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ডিসেম্বর নাগাদ আওয়ামী লিগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। নভেম্বরেও সেই পরিকল্পনা প্রত্যাহারের কোনও ঘোষণা আসেনি। কিন্তু ফেরার দিনও জানানো হয়নি।

**কেন ডিসেম্বর?**

আওয়ামী লিগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা রয়েছে। শেখ হাসিনার অনুপস্থিতিতে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত। দেশে ফেরার ঘোষণা সমর্থকদের নতুন প্রত্যাশা দিতে পারে। আবার ডিসেম্বর পেরিয়ে গেলে সেই প্রত্যাশাই নেতৃত্বের কাছে নতুন প্রশ্ন হয়ে ফিরতে পারে।

এখান থেকেই শুরু ডিসেম্বরের রাজনীতি।

বিবিসি বাংলার প্রতিবেদনে উদ্ধৃত ভারতীয় কর্মকর্তাদের একাংশের ধারণা, ঢাকা প্রকাশ্যে প্রত্যর্পণ চাইলেও শেখ হাসিনা ফিরলে বাংলাদেশের বর্তমান সরকারের সামনে নতুন রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। তাই প্রত্যাবর্তন নিয়ে ঢাকাও সতর্ক।

কিন্তু বাংলাদেশের ঘোষিত অবস্থান অন্য কথা বলছে। শেখ হাসিনাকে ফেরানোর দাবিতেই অনড় সরকার। প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে তাঁকে ফিরিয়ে আনার কথাই বলছে ঢাকা।

তাহলে হিসেবটা কী দাঁড়াচ্ছে?

শেখ হাসিনা স্বেচ্ছায় ফিরতে চাইছেন। ঢাকা চাইছে প্রত্যর্পণের মাধ্যমে তাঁকে ফেরাতে। দিল্লি প্রকাশ্যে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

ফলে ডিসেম্বরের ঘোষণা রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ারও হয়ে উঠতে পারে। শেখ হাসিনা ফিরতে পারলে তাঁর রাজনৈতিক উদ্যোগ নতুন মাত্রা পাবে। না ফিরলে কেন ফেরা সম্ভব হল না, সেই দায় নিয়ে দিল্লি, ঢাকা এবং শেখ হাসিনার মধ্যে নতুন বিতর্ক তৈরি হতে পারে।

## ডিসেম্বরের আগে কী বদলাতে হবে? (Sheikh Hasina Bangladesh Return December 2026)

তিনটি বিষয় এখনও অমীমাংসিত। শেখ হাসিনার ফেরার স্বীকৃত আইনি পথ, তাঁর নিরাপত্তা ও বিচার নিয়ে দুই দেশের সমঝোতা এবং প্রত্যাবর্তনের নির্দিষ্ট ব্যবস্থা।

নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত কোনওটিরই চূড়ান্ত নিষ্পত্তি প্রকাশ্যে আসেনি।

ডিসেম্বর আসতে আর বেশি দেরি নেই। অথচ শেখ হাসিনার ফেরার দিন নেই। দিল্লি ও ঢাকার যৌথ ঘোষণা নেই। প্রত্যর্পণ কিংবা স্বেচ্ছায় ফেরার নির্দিষ্ট ব্যবস্থাও সামনে আসেনি।

ডিসেম্বরের আগে সমঝোতা হতে পারে। কিন্তু এখনও তার কোনও ঘোষণা নেই। এখন পর্যন্ত প্রকাশিত তথ্য শেখ হাসিনার ডিসেম্বর পরিকল্পনার পক্ষে দাঁড়াচ্ছে না।

ঘোষণা আছে। চিঠি আছে। কূটনৈতিক আলোচনার খবরও আছে। নেই শুধু ফেরার চূড়ান্ত ব্যবস্থা। ডিসেম্বরের রাজনীতিতে আপাতত সবচেয়ে বড় শব্দটি তাই—‘না’।
