---
title: "বাংলাদেশে ফিরলেই গ্রেফতার শেখ হাসিনা, ভারতের কাছে প্রত্যর্পণের দাবি ঢাকার"
url: "https://prothomkolkata.com/sheikh-hasina-arrest-2026-shama-obaed-islam/"
published: "2026-11-23T13:16:07+00:00"
modified: "2026-11-23T13:18:22+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# বাংলাদেশে ফিরলেই গ্রেফতার শেখ হাসিনা, ভারতের কাছে প্রত্যর্পণের দাবি ঢাকার

**Sheikh Hasina Arrest 2026**: শেখ হাসিনা**র** **ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানানোয় নতুন করে রাজনৈতিক উত্তাপ, জানালেন বাংলাদেশের**পররাষ্ট্র **প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম**

বাংলাদেশে ফিরলে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করে জেলে পাঠানো হবে। এমনই স্পষ্ট বার্তা দিল বাংলাদেশের সরকার। আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। সেই সময় যত এগিয়ে আসছে, ততই তাঁকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করলেই তাঁকে গ্রেফতার করা হবে এবং দেশের আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ****শামা ওবায়েদ ইসলাম**** জানিয়েছেন, শুধু গ্রেফতার নয়, শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চায় বাংলাদেশ। এ জন্য দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি মেনে তাঁকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়েছে ঢাকা।

## **কী বললেন বাংলাদেশের**পররাষ্ট্র **প্রতিমন্ত্রী?** (**Sheikh Hasina Arrest 2026**)

বাংলাদেশের পররাষ্ট্র **প্রতিমন্ত্রী** [শামা ওবায়েদ ইসলাম](https://prothomkolkata.com/shama-obaid-islam-india-conditions-sheikh-hasina/) জানিয়েছেন, শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলেই তাঁকে গ্রেফতার করে জেলে নিয়ে যাওয়া হবে। তাঁর বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া রয়েছে, তা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রীর বক্তব্য, ভারত যেন বাংলাদেশের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তিকে সম্মান করে এবং শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয়। তাঁর কথায়, আইন নিজের পথে চলবে এবং শেখ হাসিনাকে তার মুখোমুখি হতে হবে। বাংলাদেশের এই অবস্থান নতুন করে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, শেখ হাসিনা ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন। তার পর থেকে তিনি দিল্লিতে রয়েছেন।

## **ডিসেম্বরেই দেশে ফিরতে চান শেখ হাসিনা?**

ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে দাবী করা হয়েছে, গত অগস্টে শেখ হাসিনা জানিয়েছিলেন, ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। দেশে ফেরার প্রস্তুতি হিসেবে তিনি নতুন পাসপোর্ট এবং পরিচয়পত্রের জন্য আবেদনও করেছিলেন। কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার সেই আবেদন মঞ্জুর করেনি। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর শেখ হাসিনার সরকারের পতন ঘটে। সেই আন্দোলনের সময় হিংসার ঘটনায় রাষ্ট্রপুঞ্জের হিসাব অনুযায়ী, প্রায় ১,৪০০ জনের মৃত্যু হয়ে থাকতে পারে। ওই ঘটনার সঙ্গে যুক্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার অনুপস্থিতিতেই বিচার হয় এবং তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে শেখ হাসিনা এই রায়কে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে দাবি করেছেন। অন্যদিকে, শেখ হাসিনার দল আওয়ামী লীগের উপরও নিষেধাজ্ঞা রয়েছে।

## **ভারতের কাছে কী চাইছে বাংলাদেশ?** (Sheikh Hasina Extradition Request)

শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের দাবি জানিয়েছে বাংলাদেশ। দুই দেশের মধ্যে আগে থেকেই প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তি মেনেই ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে বলে আশা করছে ঢাকা। তবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য বিমান পাঠানো নিয়ে ভারতের সঙ্গে কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন শামা ওবায়েদ ইসলাম। তিনি আরও বলেছেন, বাংলাদেশের আত্মসম্মান, মর্যাদা এবং জাতীয় স্বার্থ বজায় রেখেই ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চায় ঢাকা। বাংলাদেশের প্রত্যর্পণের আবেদন ভারতের কাছে এখনও বিবেচনাধীন রয়েছে। এ বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রক কোনও নতুন মন্তব্য করেনি। ফলে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে দুই দেশের মধ্যে পরবর্তী পদক্ষেপ কী হয়, তা এখনও স্পষ্ট নয়।

শেখ হাসিনার দেশে ফেরা এবং তাঁকে গ্রেফতারের প্রশ্ন ঘিরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও উত্তপ্ত হয়ে উঠেছে। আওয়ামী লীগের সমর্থকেরা শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে পথে নেমেছেন। চলতি মাসে দলটির পক্ষ থেকে এক সপ্তাহ ধরে সভা ও প্রতিবাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। ১৯ নভেম্বর দেশজুড়ে অবরোধের কর্মসূচিও ছিল। এদিকে, গত ১০ দিনে বাংলাদেশের অন্তত ২৮টি জেলায় যানবাহনে বোমা হামলা এবং আগুন লাগানোর একাধিক ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবরে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় কয়েক জন পুলিশকর্মী এবং সাধারণ মানুষ আহত হয়েছেন।

বাংলাদেশের পররাষ্ট্র **প্রতিমন্ত্রী** এই হিংসার জন্য শেখ হাসিনার দলকে দায়ী করেছেন। তাঁর অভিযোগ, রাজনৈতিকভাবে টিকে থাকার চেষ্টা থেকেই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। যদিও আওয়ামী লীগের এক শীর্ষ নেতা পাল্টা অভিযোগ করেছেন, বর্তমান রাজনৈতিক ব্যবস্থাই এই হিংসার জন্য দায়ী।
