---
title: "'জল ছাড়া মাছের মতো' শরদ পাওয়ার! ডিলিমিটেশন বিলে সমর্থন ঘিরে কংগ্রেসের তোপ"
url: "https://prothomkolkata.com/sharad-pawar-delimitation-congress-criticism/"
published: "2026-11-28T08:11:30+00:00"
modified: "2026-11-28T08:11:35+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ভারত"]
---

# 'জল ছাড়া মাছের মতো' শরদ পাওয়ার! ডিলিমিটেশন বিলে সমর্থন ঘিরে কংগ্রেসের তোপ

Sharad Pawar Delimitation Bill: রাজ্যসভায় শরদ পাওয়ারকে ফেরাতে নিজেদের আসনের দাবি ছেড়ে দিয়েছিল কংগ্রেস। অথচ সেই শরদ পাওয়ারের দলই এবার বিজেপির আনা [ডিলিমিটেশন](https://prothomkolkata.com/dmk-support-delimitation-bill-stalin-tamil-nadu/) বিলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। এই অবস্থান ঘিরেই মহারাষ্ট্রের রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। শরদ পাওয়ার ও তাঁর মেয়ে সুপ্রিয়া সুলের বিরুদ্ধে সরব হয়েছে মহারাষ্ট্র [কংগ্রেস](https://prothomkolkata.com/congress-working-committee-resolution/)। শুধু দলীয় স্তরেই নয়, প্রকাশ্যে শরদ পাওয়ারকে নিশানা করেছেন কংগ্রেসের বিধানসভা পরিষদীয় দলের নেতা বিজয় ওয়াডেত্তিওয়ার। তাঁর কটাক্ষ, শরদ পাওয়ারের কোনও নির্দিষ্ট আদর্শ নেই। তিনি ক্ষমতার জন্য রাজনীতি করছেন।

আগামি সপ্তাহে সংসদের বিশেষ অধিবেশনে ডিলিমিটেশন সংক্রান্ত বিল ফের পেশ করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। সেই বিলকে সমর্থনের কথা জানিয়েছে শরদ পাওয়ারের দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদচন্দ্র পাওয়ার)। আর তাতেই ক্ষুব্ধ কংগ্রেস। কারণ, বিরোধী শিবিরের একাংশের মতে, এই সিদ্ধান্ত সংসদে বিরোধীদের ঐক্যে প্রভাব ফেলতে পারে।

## রাজ্যসভায় সমর্থনের কথা মনে করাল কংগ্রেস (Sharad Pawar Rajya Sabha)

শুক্রবার সমাজমাধ্যম এক্সে একটি পোস্ট করে মহারাষ্ট্র কংগ্রেসের তরফে শরদ পাওয়ার ও সুপ্রিয়া সুলেকে পুরনো ঘটনার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। কংগ্রেসের দাবি, ২০২৬ সালের মার্চে মহারাষ্ট্রের সাতটি রাজ্যসভা আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। সেই সময় শরদ পাওয়ারের দলের হাতে ছিল মাত্র ১০ জন বিধায়ক। অন্যদিকে, একটি আসনে জিততে প্রয়োজন ছিল ৩৬টি ভোট।

কংগ্রেসের হাতে ছিল ১৬ জন বিধায়ক। উদ্ধব বালাসাহেব ঠাকরের শিবসেনার হাতে ছিল ২০ জন বিধায়ক। এই পরিস্থিতিতে শরদ পাওয়ারকে রাজ্যসভায় পাঠাতে নিজেদের আসনের দাবি ছেড়ে দেয় কংগ্রেস। কংগ্রেসের দাবি, সুপ্রিয়া সুলে ব্যক্তিগতভাবে দলের শীর্ষ নেতৃত্বের কাছে তাঁর বাবার প্রার্থিতার জন্য সমর্থন চেয়েছিলেন। এরপর রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে কোনও আপত্তি ছাড়াই শরদ পাওয়ারকে সমর্থন করেন। উদ্ধব ঠাকরের শিবসেনাও তাঁর প্রার্থিতায় সম্মতি জানায়। মহা বিকাশ আঘাড়ি জোটের তরফে সর্বসম্মতভাবে তাঁর নাম চূড়ান্ত করা হয়। কংগ্রেসের বক্তব্য, ৮৫ বছর বয়সি শরদ পাওয়ারকে রাজ্যসভায় ফেরাতে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ বিসর্জন দিয়েছিল। অথচ এখন সেই শরদ পাওয়ারের দলই বিজেপির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

## 'জল ছাড়া মাছের মতো' শরদ পাওয়ার (Congress Attack on Sharad Pawar)

এই সিদ্ধান্তের পরেই শরদ পাওয়ারকে আক্রমণ করেন মহারাষ্ট্র কংগ্রেসের বিধানসভা পরিষদীয় দলের নেতা বিজয় ওয়াডেত্তিওয়ার। তাঁর অভিযোগ, শরদ পাওয়ারের রাজনৈতিক অবস্থানের পিছনে কোনও নির্দিষ্ট আদর্শ নেই। তিনি বলেন, পাওয়ারের অন্যদের পিছন থেকে ছুরি মারার ইতিহাস রয়েছে। তিনি এখন জল ছাড়া মাছের মতো। তাঁর কোনও প্রকৃত আদর্শ নেই। কংগ্রেস নেতা আরও বলেন, শরদ পাওয়ারকে রাজ্যসভায় পাঠানোর ক্ষেত্রে কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কিন্তু গণতন্ত্রের ক্ষতিসাধনে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের ইতিহাস লেখা হলে শরদ পাওয়ারের নামও সেখানে থাকবে। এনসিপির এই সিদ্ধান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ভুল বলেও মন্তব্য করেন তিনি।

## ইন্ডিয়া জোটের বৈঠকেও থাকছে না এনসিপি (INDIA Alliance Meeting)

এদিকে, ডিলিমিটেশন বিল নিয়ে বিরোধীদের মধ্যে মতপার্থক্য আরও স্পষ্ট হয়েছে। শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠক হওয়ার কথা। সংসদের বিশেষ অধিবেশনে কীভাবে কেন্দ্রের মোকাবিলা করা হবে, তা নিয়ে আলোচনা হওয়ার কথা সেখানে। কিন্তু ওই বৈঠকে যোগ দেবে না শরদ পাওয়ারের দল।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে বিরোধীদের সম্মিলিত বিরোধিতার কারণে ডিলিমিটেশন সংক্রান্ত বিল পাশ করাতে পারেনি কেন্দ্র। এবার সংশোধিত বিল নিয়ে নতুন করে সংসদে আসতে চলেছে সরকার। আগামী সোমবার থেকে সংসদের অধিবেশন শুরু হলে বিলটি ফের পেশ করা হতে পারে।

## বিল নিয়ে কী অবস্থান কংগ্রেসের? (Congress on Delimitation Bill)

কংগ্রেস অবশ্য নিজেদের অবস্থানে অনড়। শুক্রবার সন্ধ্যায় দলের বৈঠকে রাহুল গান্ধী স্পষ্ট জানিয়েছেন, সংসদে সরকারের হাতে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থাকুক বা না থাকুক, ডিলিমিটেশন বিলের বিরোধিতা করবে কংগ্রেস।

এদিকে, এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরমের বক্তব্য, ডিএমকে এবং শরদ পাওয়ারের এনসিপি—এই দুই দলের অবস্থান পরিবর্তন কেন্দ্রের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তাঁর মতে, ডিলিমিটেশনের পরে প্রতিটি রাজ্যের লোকসভা আসন ৫০ শতাংশ বাড়ানোর বিষয়ে কেন্দ্রের আশ্বাস এই দুই দলের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

ডিলিমিটেশন বিল পাশ করানোর জন্য এনসিপি (এসপি)-র আট জন এবং ডিএমকের ২২ জন সাংসদের সমর্থন কেন্দ্রের কাছে গুরুত্বপূর্ণ। ফলে শরদ পাওয়ারের দলের অবস্থান পরিবর্তনকে ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের জোটসঙ্গীর এই দূরত্ব আগামী দিনে বিরোধী শিবিরের সংসদীয় কৌশলে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।
