---
title: "শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনও শর্ত দেয়নি, দাবি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর"
url: "https://prothomkolkata.com/shama-obaid-islam-india-conditions-sheikh-hasina/"
published: "2026-11-16T15:47:19+00:00"
modified: "2026-11-18T18:10:16+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনও শর্ত দেয়নি, দাবি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

Shama Obaid Islam: ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে ভারত সরকারের তরফে কোনও শর্ত দেওয়া হয়নি বলে জানালেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর বাংলার প্রতিবেদনে দাবী করা হয়েছে, সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিবিসি বাংলার প্রতিবেদনে ভারতের যে দুটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে, সে বিষয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনও কথাই হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছিল, শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে নয়াদিল্লির কর্মকর্তারা দুটি শর্তের আভাস দিয়েছেন। প্রথমত, শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে। দ্বিতীয়ত, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নতুন করে বিচারের নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশকে।

## শামা ওবায়েদ ইসলাম কী বললেন? (Shama Obaid Islam)

এই দাবি প্রসঙ্গে[শামা ওবায়েদ](https://prothomkolkata.com/sheikh-hasina-jail-bangladesh-return-warning/)ইসলাম বলেন, **“প্রতিবেদনটার কোনও ভিত্তি নেই। এটা সরকারের কোনও দায়িত্বশীল জায়গা থেকে আসেনি। এই রকম প্রতিবেদন তো আপনিও ছাপাতে পারেন।”** তিনি আরও স্পষ্ট করেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য এলে বাংলাদেশ তার জবাব দেবে। কিন্তু সংবাদমাধ্যমে প্রকাশিত এমন খবরের ভিত্তিতে প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন দেখছে না সরকার।

দুটি শর্তের বিষয়ে ভারত বাংলাদেশের কোনও পর্যায়ে কিছু জানিয়েছে কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, **“নো, নট অ্যাট অল। আমাদের সঙ্গে এ ব্যাপারে তাদের কথাই হয় নাই।”**

শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে তিনি জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার ভারতকে চিঠি দিয়েছে। তাঁকে কীভাবে দেশে ফিরিয়ে আনা হবে, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রীর বক্তব্য, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য অভিযুক্তদের মতো শেখ হাসিনাকেও দেশে ফিরিয়ে আনার বিষয়টি বিবেচিত হওয়া উচিত।

বিস্তারিত জানতে অবশ্যই দেখুন প্রথম কলকাতা **[(PROTHOM KOLKATA](https://youtu.be/a-mT0GZwl_k?si=gqPlyr5VU2Ho-no0))** youtube চ্যানেল

https://youtu.be/kzqhz4sO7PM?si=50g6q2v70mjWWnfV
