---
title: "সালাহউদ্দীন সুমনের নেতৃত্বে আর্কটিক ও অ্যান্টার্কটিকা অভিযান"
url: "https://prothomkolkata.com/salahuddin-suman-arctic-and-antarctic-expedition/"
published: "2026-11-17T06:55:04+00:00"
modified: "2026-11-17T07:06:13+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# সালাহউদ্দীন সুমনের নেতৃত্বে আর্কটিক ও অ্যান্টার্কটিকা অভিযান

Salahuddin Suman Arctic and Antarctic Expedition: ২০২৭ সালের জুলাইয়ে বাংলাদেশি পর্যটকদের নিয়ে আর্কটিক অভিযানের প্রস্তুতি

বিশ্বের দুর্গম দুই মেরু অঞ্চল—আর্কটিক ও অ্যান্টার্কটিকা ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলছে। নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক এক্সপেডিশন অপারেটর ওশানওয়াইড এক্সপেডিশনস বাংলাদেশি ট্যুর অপারেটর বেঙ্গল ভিসতা ট্যুরসকে তাদের বাংলাদেশি পার্টনার হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর ফলে এখন থেকে প্রতিষ্ঠানটির মাধ্যমে বাংলাদেশি ভ্রমণপিপাসুরা আর্কটিক ও অ্যান্টার্কটিকা অভিযানের বুকিং করতে পারবেন।

সম্প্রতি নেদারল্যান্ডসের ভ্লিসিংজেনে অবস্থিত ওশানওয়াইড এক্সপেডিশনসের প্রধান কার্যালয় পরিদর্শন করেন বেঙ্গল ভিসতা ট্যুরসের প্রতিনিধিরা। সেখানে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতা এবং বাংলাদেশ থেকে মেরু অঞ্চলে পর্যটক পাঠানোর বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

![](https://prothomkolkata.com/wp-content/uploads/2026/11/SUMAN-TOUR.jpg)

বেঙ্গল ভিসতা ট্যুরসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবু মোহাম্মদ সালাহউদ্দীন, যিনি ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা হিসেবে সালাহউদ্দীন [সুমন](https://prothomkolkata.com/bangladeshi-content-creator-salahuddin-suman-exclusive-interview/)নামে পরিচিত, ওশানওয়াইডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অ্যান্টার্কটিকা অভিযানের স্বপ্ন বাস্তবায়নে ওশানওয়াইডের সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রতিষ্ঠানটির সেলস ডিরেক্টর হেলেন ও তাঁর পুরো টিমের আন্তরিকতা ও সহযোগিতার কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

এই অংশীদারত্বের ধারাবাহিকতায় ২০২৭ সালের জুলাইয়ে বাংলাদেশ থেকে একটি বড় দল নিয়ে আর্কটিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে বেঙ্গল ভিসতা ট্যুরস। নরওয়ের স্ভালবার্ড অঞ্চলের স্পিটসবার্গেনকে কেন্দ্র করে আয়োজিত হবে এই অভিযান। যাত্রীরা ওশানওয়াইডের আধুনিক এক্সপেডিশন জাহাজ এমভি হন্ডিয়াসে চড়ে আর্কটিকের বিস্ময়কর প্রকৃতি ও বন্যপ্রাণী দেখার সুযোগ পাবেন।

## ব্লগার সালাহউদ্দীন সুমনের নেতৃত্বে সাহসী অভিযান (Salahuddin Suman Arctic and Antarctic Expedition)

অভিযানে বাংলাদেশি দলের নেতৃত্ব দেবেন সালাহউদ্দীন সুমন। তাঁর সঙ্গে এক্সপেডিশন লিডার হিসেবে থাকবেন বেঙ্গল ভিসতা ট্যুরসের নির্বাহী পরিচালক নিলয় কুমার বিশ্বাস। আর্কটিকের বরফাচ্ছাদিত প্রান্তর, বিশাল হিমবাহ, গভীর ফিয়র্ড এবং মেরুভালুক, ওয়ালরাসসহ অনন্য বন্যপ্রাণীর দেখা পাওয়ার সুযোগ থাকবে এই অভিযানে। তবে বন্যপ্রাণীর দেখা পাওয়া ও তীরে নামার কার্যক্রম আবহাওয়া ও বরফের পরিস্থিতির ওপর নির্ভর করবে।

সালাহউদ্দীন সুমন ও নিলয় কুমার বিশ্বাস এর আগে অ্যান্টার্কটিকা ও আর্কটিক অঞ্চলে অভিযান করেছেন। তাঁদের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে নিয়মিত আর্কটিক ও অ্যান্টার্কটিকা অভিযান পরিচালনার পরিকল্পনা করছে বেঙ্গল ভিসতা ট্যুরস।

প্রতিষ্ঠানটির লক্ষ্য, স্থানীয় পর্যায়ে বুকিং, ভ্রমণ পরিকল্পনা ও প্রয়োজনীয় প্রস্তুতিতে সহযোগিতা দিয়ে বাংলাদেশের পর্যটকদের জন্য মেরু অঞ্চলের অভিযান আরও সহজলভ্য করা। এর মাধ্যমে দেশের পর্যটন খাতে প্রচলিত ভ্রমণের বাইরেও বিশেষায়িত অ্যাডভেঞ্চার ও এক্সপেডিশন ট্যুরিজমের নতুন একটি ক্ষেত্র তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
