---
title: "‘সাধক বামাক্ষ্যাপা’কে ঘিরে আবেগে ভাসল দর্শক, সব্যসাচী-পায়েলের পায়ে লুটিয়ে প্রণাম ভক্তদের"
url: "https://prothomkolkata.com/sadhak-bamakhepa-movie-bolpur-premiere/"
published: "2026-11-20T14:55:54+00:00"
modified: "2026-11-20T16:52:27+00:00"
author: "সোমা মাইতি"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম আনন্দ"]
---

# ‘সাধক বামাক্ষ্যাপা’কে ঘিরে আবেগে ভাসল দর্শক, সব্যসাচী-পায়েলের পায়ে লুটিয়ে প্রণাম ভক্তদের

Sadhak Bamakhepa Movie: এ যেন সাক্ষাৎ মা তারা ও বামাক্ষ্যাপার দর্শন! প্রিয় অভিনেতা-অভিনেত্রীকে সামনে পেয়ে আবেগ ধরে রাখতে পারলেন না অনেকে। দর্শকদের ভালোবাসায় চোখে জল অভিনেত্রী পায়েল দে-রও।

একদিকে ভক্তির আবেগ, অন্যদিকে প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখার উচ্ছ্বাস। আর সেই আবেগের কেন্দ্রে যদি থাকেন স্বয়ং সাধক বামাক্ষ্যাপা ও মা তারা, তাহলে অনুভূতির প্রকাশ যে অন্য মাত্রা পাবে, সেটাই স্বাভাবিক। বোলপুরের গীতাঞ্জলি সিনেমা হলে বৃহস্পতিবার ঠিক এমনই এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলেন দর্শকরা। উপলক্ষ, SVF প্রযোজিত নতুন বাংলা ছবি ‘সাধক [বামাক্ষ্যাপা](https://prothomkolkata.com/sabyasachi-chowdhury-holds-puja-at-kalighat-for-sadhak-bamakhyapa-film/)’-র বিশেষ প্রদর্শনী।

ছবিতে বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরী। তাঁকে সামনে পেয়ে আবেগ সামলাতে পারেননি বহু অনুরাগী। অন্যদিকে মা তারার ভূমিকায় পায়েল দে-কে দেখে ভক্তির আবেশে আপ্লুত হয়ে পড়েন দর্শকরা। প্রিয় অভিনেতা-অভিনেত্রীকে সামনে পেয়ে তাঁদের পায়ে লুটিয়ে প্রণাম করতেও দেখা যায় কয়েকজনকে। দর্শকদের এই ভালোবাসায় আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী পায়েল দে। চোখের জলেই যেন প্রকাশ পায় অনুরাগীদের প্রতি তাঁর কৃতজ্ঞতা। সব মিলিয়ে এই প্রদর্শনী নিছক সিনেমা দেখার অনুষ্ঠান হয়ে থাকেনি, বরং অনেকের কাছে হয়ে উঠেছিল বিশ্বাস ও ভক্তির এক বিশেষ মুহূর্ত।

## ২৫ বছর পর বোলপুরে বাংলা ছবির প্রিমিয়ার (Bolpur Bamakhepa Movie Premiere)

এই বিশেষ প্রদর্শনীর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলা সিনেমার ইতিহাসও। সাধারণত কলকাতার কোনও বড় মাল্টিপ্লেক্সেই বাংলা ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। কিন্তু সেই চেনা ছক ভেঙে এবার বোলপুরকে বেছে নিয়েছে প্রযোজনা সংস্থা SVF। কেন বোলপুর? কারণ, [বীরভূমের](https://prothomkolkata.com/birbhum-sp-nagendranath-has-been-transferred-notification-issued-by-nabanna/) আটলা গ্রামেই জন্মেছিলেন সাধক বামাক্ষ্যাপা। তাঁর সাধনভূমি তারাপীঠ। যে সাধককে কেন্দ্র করে ছবির গল্প, তাঁর জন্মভূমির কাছেই ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

আরও একটি কারণে এই প্রদর্শনী বিশেষ। ২০০১ সালে বোলপুরের এই গীতাঞ্জলি সিনেমা হলেই প্রিমিয়ার হয়েছিল জিৎ অভিনীত ‘সাথী’ ছবির। তারপর কেটে গিয়েছে ২৫ বছর। দীর্ঘ আড়াই দশক পর ফের কোনও বাংলা ছবির প্রিমিয়ারের সাক্ষী হল এই শহর।

## ছোটপর্দার বামাক্ষ্যাপা এবার বড় পর্দায়, কেমন লাগল দর্শকদের? (Sabyasachi Bamakhepa)

ছোটপর্দায় বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করে দর্শকের ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন সব্যসাচী চৌধুরী। এবার সেই পরিচিত চরিত্রকেই বড় পর্দায় আরও বৃহত্তর ক্যানভাসে তুলে ধরার চ্যালেঞ্জ নিয়েছেন অভিনেতা। অন্যদিকে মা তারার চরিত্রে রয়েছেন পায়েল দে। এর আগেও ছোটপর্দায় এই চরিত্রে অভিনয় করেছেন তিনি। ফলে মা তারার সঙ্গে তাঁর অভিনয়জীবনের সম্পর্কও দীর্ঘদিনের।

নির্মাতাদের বক্তব্য, বাংলা সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি জেলার দর্শকরা। তাঁদের কাছেও বাংলা ছবির প্রচার ও প্রদর্শনী পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। বোলপুরের দর্শকদের উচ্ছ্বাস এবং ভালোবাসা সেই উদ্যোগকে আরও বিশেষ করে তুলেছে।

## কারা রয়েছেন ছবিতে? (Sadhak Bamakhepa Cast)

ছবিটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়। বোলপুরের বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তিনিও। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন সৌমিক হালদার।

আজ, ২০ নভেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সাধক বামাক্ষ্যাপা’। বামাক্ষ্যাপা শুধুমাত্র একজন সাধকের নাম নয়, বাংলার আধ্যাত্মিক ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়। মা তারাই ছিলেন যাঁর জীবনের ধ্যানজ্ঞান। তাঁর সাধনজীবন, মা তারার সঙ্গে আত্মিক সম্পর্ক এবং জীবনের নানা ওঠাপড়ার কাহিনি উঠে আসবে এই ছবিতে।

ছোটপর্দায় দর্শকের মন জয় করার পর বড় পর্দায় বামাক্ষ্যাপা হিসেবে সব্যসাচী কতটা ম্যাজিক দেখাতে পারেন, তা সময়ই বলবে। তবে বোলপুরের বিশেষ প্রদর্শনীতে দর্শকদের আবেগ ও উচ্ছ্বাস বুঝিয়ে দিল, এই ছবিকে ঘিরে প্রত্যাশা যথেষ্ট।

**বিস্তারিত জানতে অবশ্যই দেখুন (CINE CHOKKOR) youtube চ্যানেল**

https://youtu.be/hJLUUDxfw70?si=Ah2DjT5JY4xb5Ho0
