---
title: "ভুল করে টাকা পাঠালেও ফেরত পাওয়ার সুযোগ! ১০ হাজারের বেশি লেনদেনে নতুন নিয়ম আরবিআইয়ের"
url: "https://prothomkolkata.com/rbi-new-digital-payment-rules-one-hour-delay/"
published: "2026-11-13T10:17:02+00:00"
modified: "2026-11-13T10:17:07+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ভারত"]
---

# ভুল করে টাকা পাঠালেও ফেরত পাওয়ার সুযোগ! ১০ হাজারের বেশি লেনদেনে নতুন নিয়ম আরবিআইয়ের

RBI New Digital Payment Rules: ভুল করে কাউকে অনলাইনে টাকা পাঠিয়ে ফেলেছেন? তড়িঘড়ি লেনদেনের কারণে ভুল বুঝতে পারার আগেই অন্যের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে টাকা। এবার সেই সমস্যা ঠেকাতে নতুন নিয়ম আনার প্রস্তাব দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। প্রস্তাব অনুযায়ী, ১০ হাজার টাকার বেশি পার্সন-টু-পার্সন (P2P) লেনদেনের ক্ষেত্রে এক ঘণ্টার বিরতি চালু হতে পারে। এই সময়ের মধ্যে টাকা পাঠানোর সিদ্ধান্ত বদলানোর সুযোগ পাবেন গ্রাহক। ফলে ভুল করে টাকা পাঠালে বা প্রতারণার শিকার হলে লেনদেন বাতিল করার সুযোগ তৈরি হবে।

## কেন নতুন নিয়ম আনার কথা ভাবছে আরবিআই? (RBI New Digital Payment Rules)

গত কয়েক বছরে ভারতে ডিজিটাল লেনদেনের সংখ্যা অনেকটাই বেড়েছে। বিশেষ করে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। চায়ের দোকানে সামান্য টাকা দেওয়া থেকে শুরু করে বাড়িভাড়া মেটানো, সব ক্ষেত্রেই ইউপিআইয়ের ব্যবহার বাড়ছে। কিন্তু দ্রুত লেনদেনের পাশাপাশি বেড়েছে অনলাইন প্রতারণার ঘটনাও। অনেক সময় ভুল নম্বরে টাকা পাঠিয়ে ফেলেন গ্রাহক। আবার প্রতারকদের ফাঁদে পড়েও মুহূর্তের মধ্যে অ্যাকাউন্ট থেকে টাকা হারান অনেকে। একবার টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গেলে তা ফেরত পাওয়া বেশ কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে ডিজিটাল লেনদেন আরও নিরাপদ করতে নতুন ব্যবস্থা চালুর কথা ভাবছে আরবিআই। সেই লক্ষ্যেই একটি আলোচনাপত্রে বড় অঙ্কের ব্যক্তিগত লেনদেনে এক ঘণ্টার বিরতির প্রস্তাব রাখা হয়েছে।

## ১০ হাজার টাকার বেশি লেনদেনে কী নিয়ম? (RBI New Digital Payment Rules)

আরবিআইয়ের প্রস্তাব অনুযায়ী, ১০ হাজার টাকার বেশি পার্সন-টু-পার্সন বা P2P লেনদেনের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হতে পারে। এই নিয়ম চালু হলে কোনও ব্যক্তি অন্য কাউকে ১০ হাজার টাকার বেশি পাঠালে সঙ্গে সঙ্গে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। তবে সেই টাকা তৎক্ষণাৎ প্রাপকের অ্যাকাউন্টে জমা পড়বে না। প্রস্তাব অনুযায়ী, টাকা পাঠানোর পর এক ঘণ্টা পর্যন্ত সেই অর্থ ব্যাঙ্কের কাছে আটকে থাকবে। এক ঘণ্টা পার হওয়ার পর প্রাপকের অ্যাকাউন্টে টাকা জমা হবে। এই সময়ের মধ্যে টাকা পাঠানো ব্যক্তি চাইলে লেনদেন বাতিল করতে পারবেন। অর্থাৎ, ভুল করে অন্য কাউকে টাকা পাঠিয়ে দিলে বা কোনও প্রতারণার বিষয় বুঝতে পারলে তা থামানোর জন্য এক ঘণ্টা সময় পাওয়া যাবে। এতে আর্থিক ক্ষতির ঝুঁকি কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

## কোন কোন লেনদেনে লাগু হবে না নিয়ম? (RBI New Digital Payment Rules)

তবে সব ধরনের ডিজিটাল পেমেন্টে এই নিয়ম চালু করার প্রস্তাব নেই। দোকানে কিউআর কোড স্ক্যান করে টাকা দেওয়া, অনলাইন শপিং কিংবা ব্যবসায়িক লেনদেন আগের মতোই তাৎক্ষণিক থাকবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। মূলত ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা পাঠানোর ক্ষেত্রেই এই ব্যবস্থা কার্যকর করার কথা ভাবছে আরবিআই।

## সাধারণ মানুষের সুবিধা, না কি বাড়বে ভোগান্তি? (RBI New Digital Payment Rules)

নতুন নিয়ম কার্যকর হলে অনলাইন প্রতারণা এবং ভুল লেনদেনের ক্ষেত্রে সাধারণ মানুষ কিছুটা সুরাহা পেতে পারেন। বিশেষ করে বড় অঙ্কের টাকা পাঠানোর আগে সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ থাকবে। তবে এর ফলে জরুরি প্রয়োজনে টাকা পাঠানোর ক্ষেত্রেও অপেক্ষা করতে হতে পারে। দ্রুত লেনদেনের অভ্যাসে কিছুটা পরিবর্তন আসবে। তাই নিরাপত্তা বাড়লেও সাধারণ গ্রাহকদের দৈনন্দিন লেনদেনে নতুন করে কিছু অসুবিধা তৈরি হতে পারে। আপাতত এটি আরবিআইয়ের প্রস্তাব। নিয়মটি কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।
