---
title: "এনকাউন্টার ৫.০! নবাবহাটে পুলিশের গুলিতে মৃত্যু শান্তিনিকেতন কাণ্ডের অভিযুক্ত রতন শেখ"
url: "https://prothomkolkata.com/ratan-sheikh-encounter-shantiniketan-constable/"
published: "2026-11-15T13:19:24+00:00"
modified: "2026-11-16T05:17:02+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# এনকাউন্টার ৫.০! নবাবহাটে পুলিশের গুলিতে মৃত্যু শান্তিনিকেতন কাণ্ডের অভিযুক্ত রতন শেখ

Ratan Sheikh Encounter: শান্তিনিকেতনে কনস্টেবলকে গুলি করার ঘটনায় নতুন মোড়। গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের গুলিতে মৃত্যু হল অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতী রতন শেখের। রবিবার দুপুরে বর্ধমানের নবাবহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শান্তিনিকেতন থানার পুলিশ। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু হয় বলে সূত্রের খবর। মৃত রতনের বিরুদ্ধে মোট ৩৬টি মামলা রয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘পুলিশকে গুলি করার চেষ্টা করেছিল। পুলিশকে গুলি করতে এলে পুলিশ কি বাতাসা খাওয়াবে?’ অপরাধীদের রাজ্যে কোনও জায়গা নেই বলেও জানান তিনি। পুলিশের উপর হামলার ঘটনা যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, সেই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনা কে ঘিরে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

## কনস্টেবলকে গুলি করার পর থেকেই পলাতক ছিল রতন (Ratan Sheikh Encounter)

ঘটনার সূত্রপাত গত শুক্রবার সন্ধ্যায়। পুলিশের কাছে খবর আসে, কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ শান্তিনিকেতনের লাইক বাজার এলাকায় রয়েছে। তাকে ধরতে সাদা পোশাকে বাইকে করে সেখানে পৌঁছন শান্তিনিকেতন থানার তিন পুলিশকর্মী। তাঁরা প্রান্তিক আউট পোস্ট থেকে অভিযানে গিয়েছিলেন। পুলিশকর্মীরা রতনকে প্রায় নাগালের মধ্যে পেয়েও যান। কিন্তু অভিযোগ, সেই সময় আগ্নেয়াস্ত্র বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। রতনের ছোড়া গুলি লাগে কনস্টেবল বিশ্বজিৎ দাসের পায়ে। আচমকা এই ঘটনায় গুরুতর জখম হন তিনি। সঙ্গে থাকা পুলিশকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। এই ঘটনার পর থেকেই পলাতক ছিল রতন শেখ। তার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।

## হাসপাতালে গিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর (Ratan Sheikh Encounter)

শনিবার রাতে আহত কনস্টেবল বিশ্বজিৎ দাসকে দেখতে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, পুলিশকর্মীর রক্ত বৃথা যাবে না। রতন শেখের বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, রতন একজন কুখ্যাত অপরাধী। তার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। চলতি বছর বীরভূম পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিল। কিন্তু পুজোর সময় কীভাবে সে জামিন পেল, তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এই বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। শুভেন্দু অধিকারী আরও বলেন, পুলিশের আত্মরক্ষার অধিকার রয়েছে। দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। তবে সব ক্ষেত্রেই আইন মেনে পদক্ষেপ করার কথা বলেন তিনি।

## নবাবহাটে পুলিশের অভিযান, কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু (Ratan Sheikh Encounter)

মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রতন শেখের সন্ধান পায় পুলিশ। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমানের নবাবহাট এলাকায় অভিযান চালায় শান্তিনিকেতন থানার পুলিশ। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় রতনকে।
তবে গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই সামনে আসে তার মৃত্যুর খবর। সূত্রের খবর, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে রতন শেখের। যদিও ঠিক কী পরিস্থিতিতে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে, তা নিয়ে বিস্তারিত তথ্য সামনে আসেনি।

## রতনের বিরুদ্ধে ৩৬টি মামলা (Ratan Sheikh Encounter)

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, রতন শেখের বিরুদ্ধে মোট ৩৬টি মামলা রয়েছে। চলতি বছর বীরভূম পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। পরে পুজোর সময় সে জামিনে মুক্তি পায়। কীভাবে সে জামিন পেল, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী।শান্তিনিকেতনে পুলিশকর্মীর উপর হামলার পর রতনের গ্রেপ্তারি এবং পরবর্তী সময়ে পুলিশের গুলিতে তার মৃত্যুর ঘটনায় এখন প্রশাসনিক মহলে নজর। অন্যদিকে, আহত কনস্টেবল বিশ্বজিৎ দাসের দ্রুত সুস্থতা কামনা করছেন সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
