---
title: "কাকার মৃত্যুতে ভেঙে পড়েছিলেন ১০ বছরের রাহুল, সোনিয়ার আত্মজীবনীতে উঠে এল অজানা কাহিনি"
url: "https://prothomkolkata.com/rahul-gandhi-sanjay-gandhi-death-sonia-memoir/"
published: "2026-11-11T08:10:37+00:00"
modified: "2026-11-11T08:10:42+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ভারত"]
---

# কাকার মৃত্যুতে ভেঙে পড়েছিলেন ১০ বছরের রাহুল, সোনিয়ার আত্মজীবনীতে উঠে এল অজানা কাহিনি

Rahul Gandhi on Sanjay Gandhi's Death: ‘Chacha è morto’। ইতালীয় ভাষায় যার অর্থ, ‘কাকা মারা গিয়েছেন’। মাত্র ১০ বছর বয়সে এই কয়েকটি শব্দই বারবার উচ্চারণ করছিলেন রাহুল গান্ধী। ১৯৮০ সালের জুন মাসে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল কাকা সঞ্জয় গান্ধীর। সেই খবর পেয়ে কার্যত ভেঙে পড়েছিলেন ছোট্ট রাহুল। ইতালিতে থাকা নিজের মাতামহীকে কোনওরকমে কাকার মৃত্যুসংবাদ দিয়েছিলেন তিনি। কিন্তু শোকের ধাক্কা সামলাতে পারেননি। কাঁদতে কাঁদতে বারবার বলতে থাকেন, ‘চাচা এ মোর্তো’। পরে সোনিয়া ও রাজীব গান্ধী বাড়ি ফিরলে রাহুলকে কিছুতেই সান্ত্বনা দেওয়া যাচ্ছিল না। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘Belonging: A Journey of Love’-এ উঠে এসেছে পরিবারের এই আবেগঘন স্মৃতি। শুধু সঞ্জয় গান্ধীর মৃত্যু নয়, নিজের প্রথম সন্তানকে হারানোর যন্ত্রণা এবং সেই সময় গান্ধী পরিবারের কঠিন দিনগুলির কথাও তুলে ধরেছেন তিনি।

## প্রথম সন্তানকে হারানোর যন্ত্রণা (Rahul Gandhi on Sanjay Gandhi's Death)

স্মৃতিকথায় সোনিয়া লিখেছেন, ১৯৬৮ সালের সেপ্টেম্বরে অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে তিনি এবং রাজীব গান্ধী অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। খবর শুনে খুশি হয়েছিলেন শাশুড়ি ইন্দিরা গান্ধীও। এক বন্ধুকে চিঠি লিখে তিনি জানিয়েছিলেন, পরের বছর এপ্রিলে তিনি ঠাকুমা হতে চলেছেন। সোনিয়ার দেখভালের দায়িত্বও নিজের হাতে তুলে নিয়েছিলেন ইন্দিরা। কী খেতে হবে, কতটা হাঁটতে হবে, কীভাবে শরীরের যত্ন নিতে হবে, সব বিষয়ে নির্দেশ দিতেন তিনি। শিশুর জন্য নরম মসলিনের কাপড়, ন্যাপি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থাও শুরু করেছিলেন। তবে শাশুড়ির সব নির্দেশ মেনে চলা সহজ ছিল না সোনিয়ার কাছে। পালং শাক খেতে পছন্দ করতেন না তিনি। প্রতিদিন দু'গ্লাস দুধ খাওয়াও তাঁর কাছে ছিল বেশ কঠিন। তবুও পরিবারের কথা ভেবে সবটা মেনে নেওয়ার চেষ্টা করতেন। কিন্তু গর্ভাবস্থার সপ্তম মাসে আচমকাই পরিস্থিতি বদলে যায়। পেটে ব্যথা ও অস্বস্তি শুরু হয় সোনিয়ার। চিকিৎসককে ডাকা হলেও পরের দিন ব্যথা বাড়তে থাকায় তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়।

## ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি জন্ম, কয়েক ঘণ্টাতেই মৃত্যু (Rahul Gandhi on Sanjay Gandhi's Death)

১৯৬৯ সালের ১৮ জানুয়ারি একটি পুত্রসন্তানের জন্ম দেন সোনিয়া। স্বাভাবিকভাবেই হয়েছিল প্রসব। জন্মের পর শিশুটিকে ইনকিউবেটরে রাখা হয়। পরে রাজীব তাঁকে ছেলের কাছে নিয়ে যান। সোনিয়ার কথায়, শিশুটি ছিল ছোট্ট, সুন্দর। মাথায় ঘন কালো চুল এবং লম্বা সরু আঙুল ছিল তার।প্রথম দেখাতেই সন্তানকে ভালোবেসে ফেলেছিলেন রাজীব ও সোনিয়া। কিন্তু চিকিৎসকেরা শিশুটির বেঁচে থাকা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। শেষ পর্যন্ত সকাল সাড়ে ৬টা নাগাদ মৃত্যু হয় তার। খবরটি জানার পর ভেঙে পড়েন দু'জনেই। সোনিয়া কান্নায় ভেঙে পড়েছিলেন। রাজীবও নিজেকে সামলাতে পারেননি। খবর পেয়ে নিজের সফর মাঝপথে ছেড়ে ফিরে আসেন ইন্দিরা গান্ধী। রাত সাড়ে ১১টা নাগাদ হাসপাতালে পৌঁছে ছেলে ও পুত্রবধূকে জড়িয়ে ধরেন তিনি। চোখে জল নিয়েই তাঁদের পাশে দীর্ঘক্ষণ বসেছিলেন।

## কোথায় সমাধিস্থ করা হয় শিশুকে? (Rahul Gandhi on Sanjay Gandhi's Death)

সন্তানের মৃত্যুর পর তার দেহের সৎকার কীভাবে হবে, তা নিয়ে সমস্যায় পড়েন রাজীব ও সোনিয়া। হিন্দু রীতি অনুযায়ী সদ্যোজাত শিশুকে নদীতে বিসর্জন দেওয়ার কথা জানিয়েছিলেন রাজীব। কিন্তু সেই প্রথায় রাজি ছিলেন না সোনিয়া। একবার ওখলা ব্যারাজের কাছে নদীতে ভাসমান একটি মৃতদেহ দেখে ভয় পেয়েছিলেন তিনি। সেই স্মৃতি তাঁকে তাড়া করছিল। কোনওভাবেই নিজের সন্তানকে নদীতে ভাসিয়ে দিতে চাননি তিনি।শেষ পর্যন্ত রাজীব ও সঞ্জয় গান্ধী সিদ্ধান্ত নেন, তাঁদের বাবা ফিরোজ গান্ধীর মেহরৌলির খামারবাড়িতে শিশুটিকে সমাধিস্থ করা হবে। বাড়ির সীমানা প্রাচীরের বাঁ দিকে গোলাপি বোগেনভিলিয়া গাছের নীচে শিশুটিকে সমাধিস্থ করেন দুই ভাই। পরবর্তী সময়ে সেখানে গেলেই রাজীব ও সোনিয়া সমাধির উপর ফুল রেখে আসতেন।

## অপমানজনক সংবাদে আরও ভেঙে পড়েছিলেন সোনিয়া (Rahul Gandhi on Sanjay Gandhi's Death)

সন্তান হারানোর পর দীর্ঘদিন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সোনিয়া। নিজের খাবারদাবার বা শরীরচর্চার কোনও ভুলের জন্যই সন্তানকে হারাতে হল কি না, তা নিয়েও অপরাধবোধে ভুগতেন তিনি। এর মধ্যেই একটি সংবাদপত্রে প্রকাশিত হয় অত্যন্ত অপমানজনক মন্তব্য। সেখানে লেখা হয়েছিল, ইন্দিরা গান্ধী ‘জারজ সন্তানের’ ঠাকুমা হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। খবরটি পড়ে কান্নায় ভেঙে পড়েন সোনিয়া। রাজীব তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। পরে অভিনেতা অমিতাভ বচ্চনের মা তেজি বচ্চন সোনিয়াকে একটি কুকুরছানা উপহার দেন। ১৯৬৮ সালে তিনি সোনিয়ার গডমাদার হয়েছিলেন। কুকুরছানাটির নাম রাখা হয় রেশমা। তার দেখাশোনা করতে করতেই ধীরে ধীরে শোক কাটিয়ে ওঠার চেষ্টা করেন সোনিয়া।

## এরপর জন্ম রাহুল ও প্রিয়াঙ্কার (Rahul Gandhi on Sanjay Gandhi's Death)

১৯৬৯ সালের শেষ দিকে রাজীব ও সোনিয়াকে নিয়ে আফগানিস্তানে যান ইন্দিরা। তাঁদের মন ভালো করাই ছিল উদ্দেশ্য। ওই বছরের অক্টোবরেই ফের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পান সোনিয়া। এবার পুরো আট মাস তাঁকে বিছানায় বিশ্রামে থাকতে হয়। ইন্দিরা, সঞ্জয়, তেজি বচ্চন এবং পরিবারের ঘনিষ্ঠরা নিয়মিত তাঁর খোঁজ নিতেন। অবশেষে ১৯৭০ সালের ১৯ জুন জন্ম হয় তাঁদের দ্বিতীয় সন্তান রাহুল গান্ধীর। আর সেই রাহুলই ১৯৮০ সালে কাকা সঞ্জয় গান্ধীর আকস্মিক মৃত্যুর খবর শুনে ইতালিতে থাকা দিদাকে জানিয়েছিলেন, ‘চাচা এ মোর্তো’। সোনিয়ার স্মৃতিকথায় উঠে আসা এই ঘটনাগুলি গান্ধী পরিবারের ব্যক্তিগত জীবনের সুখ-দুঃখ, হারানোর যন্ত্রণা এবং পারিবারিক সম্পর্কের এক অন্য ছবি তুলে ধরেছে।
