---
title: "দু’বার কালি লেপে বিকৃত, ফের নতুন করে আঁকা হলো রবীন্দ্রনাথের প্রতিকৃতি"
url: "https://prothomkolkata.com/rabindranath-tagore-portrait-repainted-in-khulna/"
published: "2026-11-24T16:36:17+00:00"
modified: "2026-11-28T04:55:37+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# দু’বার কালি লেপে বিকৃত, ফের নতুন করে আঁকা হলো রবীন্দ্রনাথের প্রতিকৃতি

**Rabindranath Tagore Portrait**: **খুলনার যশোর রোডে তৃতীয়বার আঁকা হলো কবির ছবি, ঘটনার তদন্তে পুলিশি তৎপরতা বাড়ানোর আশ্বাস**

শিল্পের উপর আঘাত এলেও থেমে থাকেনি শিল্পীর তুলি। দু’দুবার কালি লেপে বিকৃত করা হয়েছিল কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি। কিন্তু সেই ঘটনার পরেও ছবিটি মুছে যেতে দেননি শিল্পী। নতুন করে আবারও দেওয়ালে ফুটিয়ে তুললেন কবির মুখ। খুলনা শহরের যশোর রোডে রেলস্টেশনের দেওয়ালে মঙ্গলবার, ২৪ নভেম্বর, তৃতীয়বারের মতো আঁকা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ চিত্রশিল্পী মো. রেজাউল করিম (রেজা) প্রতিকৃতিটি নতুন করে আঁকার কাজ শুরু করেন। বিকেল সাড়ে চারটের মধ্যে কাজ শেষ হয়। সেই সময় খুলনা সিটি করপোরেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এর আগে দু’বার একই প্রতিকৃতি কালি দিয়ে বিকৃত করার ঘটনায় স্থানীয় সাংস্কৃতিক মহলে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছিল। ফের ছবিটি আঁকার উদ্যোগে সেই জায়গায় ফিরে এল কবির পরিচিত মুখ।

## **দু’বার বিকৃতির পরেও থামেনি শিল্পীর তুলি** (**Rabindranath Tagore Portrait**)

ঘটনার সূত্রপাত গত ৬ নভেম্বর। খুলনা শহরের যশোর রোডে রেলস্টেশনের দেওয়ালে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখে প্রথমবার কালি লেপে দেওয়া হয়। পরে শিল্পী রেজাউল করিম সেটি আবার নতুন করে আঁকেন। কিন্তু সেই ছবি বেশিদিন অক্ষত থাকেনি। ১৬ দিনের মাথায়, গত রবিবার, ফের প্রতিকৃতির মুখে কালি লেপে দেওয়া হয়। একই জায়গায় একই প্রতিকৃতির উপর বারবার এমন ঘটনা ঘটায় ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। তাঁদের আশঙ্কা, এই ধরনের কাজ শুধু একটি শিল্পকর্মের ক্ষতি নয়, সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিও অসম্মান।

এরপর সোমবার খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শিল্পীকে প্রতিকৃতিটি আবার আঁকার অনুরোধ জানান। সেই অনুযায়ী মঙ্গলবার নতুন করে কাজ শুরু করেন রেজাউল করিম। শিল্পীর বক্তব্য অনুযায়ী, প্রশাসকের অনুরোধ পাওয়ার পরই তিনি ছবিটি পুনরায় আঁকার উদ্যোগ নেন।

## **তদন্তের আশ্বাস, বাড়ানো হবে পুলিশের টহল**

পরপর দু’বার প্রতিকৃতি বিকৃত করার ঘটনায় পুলিশও পদক্ষেপ করেছে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানিয়েছেন, এই দুই ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে ঘটনাস্থলের কোনও সিসিটিভি ফুটেজ এখনও সংগ্রহ করা সম্ভব হয়নি। পুলিশের বক্তব্য অনুযায়ী, ঘটনাস্থলটি খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার সীমান্তবর্তী এলাকায়। শিববাড়ি মোড়ে সোনাডাঙ্গা থানার পুলিশকর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করেন। ফলে ওই এলাকায় সদর থানার পুলিশের টহল তুলনামূলকভাবে কম থাকে। এই সুযোগে অপরাধীরা এমন ঘটনা ঘটাচ্ছে বলে পুলিশের ধারণা। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য ওই এলাকায় টহল বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুও জানিয়েছেন, প্রতিকৃতিটি আগের অবস্থায় ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। পাশাপাশি পুলিশকে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার কথাও বলা হয়েছে।

## **রবীন্দ্রনাথকে ঘিরে সাংস্কৃতিক উদ্বেগ** (Tagore Portrait Repainted)

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি বারবার বিকৃত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মিনা মিজানুর রহমান। তাঁর বক্তব্য, এই ভূখণ্ডের সঙ্গে রবীন্দ্রনাথের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তাঁকে কোনও একটি দেশের কবি হিসেবে আলাদা করে দেখার সুযোগ নেই। তিনি বাংলা সাহিত্যের কবি, বাংলাদেশেরও কবি। মিনা মিজানুর রহমান আরও স্মরণ করিয়ে দিয়েছেন, ষাটের দশকে বাংলাদেশে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করার চেষ্টা হয়েছিল। কিন্তু তাঁর সাহিত্য ও সংস্কৃতিকে আটকে রাখা যায়নি। তাঁর মতে, রবীন্দ্রসংস্কৃতিকে মুছে ফেলার চেষ্টা করে কেউ সফল হতে পারবেন না।

উল্লেখ্য, ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে যশোর রোডের পাশে রেলস্টেশনের দেওয়ালে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি ও ঐতিহাসিক বিষয় নিয়ে দেয়ালচিত্র আঁকা হয়েছিল। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি কবি কাজী নজরুল ইসলাম, চিত্রশিল্পী এস এম সুলতান, কবি মাইকেল মধুসূদন দত্ত, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এবং আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি স্থান পেয়েছিল। তুলে ধরা হয়েছিল খুলনার ইতিহাস ও ঐতিহ্যও।
