---
title: "মুম্বইয়ে কখনও গলি ক্রিকেট, কখনও ই-রিকশা! অন্য মেজাজে প্রিন্স উইলিয়াম-কেট"
url: "https://prothomkolkata.com/prince-william-kate-mumbai-visit/"
published: "2026-11-17T09:38:40+00:00"
modified: "2026-11-17T09:38:45+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ভারত","বিদেশ"]
---

# মুম্বইয়ে কখনও গলি ক্রিকেট, কখনও ই-রিকশা! অন্য মেজাজে প্রিন্স উইলিয়াম-কেট

Prince William and Kate Mumbai Visit: কখনও হাতে ক্রিকেট ব্যাট, কখনও আবার ই-রিকশার স্টিয়ারিং। রাজকীয় পরিচয়ের বাইরে বেরিয়ে মুম্বইয়ের সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাতে দেখা গেল ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট মিডলটনকে। সোমবার সচিন তেন্ডুলকরের সঙ্গে গলি ক্রিকেট খেলার পর মঙ্গলবার সকালে নিজেই ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ। পাশে যাত্রী হিসেবে ছিলেন স্ত্রী কেট। বান্দ্রা-ওরলি সি লিঙ্ক প্রোমেনেডে তাঁদের এই অন্যরকম মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। ২০২৬ সালের আর্থশট প্রাইজের চূড়ান্ত প্রতিযোগীদের সঙ্গে দেখা করতেই এদিন সেখানে পৌঁছেছিলেন রাজদম্পতি।

## ই-রিকশায় ঘুরলেন উইলিয়াম-কেট (Prince William and Kate Mumbai Visit)

মঙ্গলবার সকালে মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্কের সামনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। সেখানে পরিবেশ রক্ষায় নতুন প্রযুক্তি ও সমাধান নিয়ে কাজ করা ১৫ জন প্রতিযোগীর সঙ্গে কথা বলেন তাঁরা। ২০২৬ সালের আর্থশট প্রাইজের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে তাঁদের প্রকল্প। পরিবেশের বিভিন্ন সমস্যা মোকাবিলায় কীভাবে কাজ করছেন তাঁরা, তা জানতেই এই সাক্ষাৎপর্বের আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানে শুধু প্রতিযোগীদের সঙ্গে কথাবার্তা নয়, অন্য ভূমিকাতেও দেখা যায় উইলিয়ামকে। ই-রিকশার চালকের আসনে বসে স্টিয়ারিং ধরেন তিনি। পাশে বসেন কেট। রাজদম্পতির এই মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, প্রথমে মঙ্গলবার সকালে কেটের এই কর্মসূচিতে থাকার কথা ছিল না। তাঁর শুধুমাত্র সন্ধ্যার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল। পরে সকালের অনুষ্ঠানেও অংশ নেন তিনি।

![](https://prothomkolkata.com/wp-content/uploads/2026/11/1001324767.jpg)

## সোমবার সচিনের সঙ্গে গলি ক্রিকেট (Prince William and Kate Mumbai Visit)

মুম্বই সফরের প্রথম দিন, অর্থাৎ সোমবারও ব্যস্ত সময় কাটান ব্রিটেনের রাজদম্পতি। বলার্ড এস্টেটের এন মোরারজি রোডে স্কুলপড়ুয়া মেয়েদের সঙ্গে গলি ক্রিকেট খেলেন উইলিয়াম ও কেট। তাঁদের সঙ্গে মাঠে ছিলেন ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকরও। রাজদম্পতি সেখানে পৌঁছলে ঢোল-তাশার মাধ্যমে ঐতিহ্যবাহী স্বাগত জানানো হয়।

সাদা শার্ট, নেভি ব্লু জ্যাকেট এবং কালো ট্রাউজার্স পরে ব্যাট হাতে মাঠে নামেন উইলিয়াম। প্রায় পাঁচটি বল খেলার পর পঞ্চম বলেই বোল্ড হয়ে যান তিনি। এরপর বল হাতে তুলে নেন ব্রিটেনের যুবরাজ। তাঁর বলেই আকাশে শট খেলেন সচিন। সেই বল ক্যাচ হওয়ায় আউট হন মাস্টার ব্লাস্টার। অন্যদিকে, সাদা পোশাকের সঙ্গে হালকা সবুজ জ্যাকেট পরেছিলেন কেট। তিনিও ব্যাট হাতে মাঠে নামেন। প্রায় দুই ওভার খেলার পর উইলিয়ামের বলেই অষ্টম বলে আউট হন প্রিন্সেস। স্কুলপড়ুয়াদের পাশাপাশি 'গলি ক্রিকেট' নামে একটি জনপ্রিয় ইনস্টাগ্রাম পেজের সদস্যরাও এই খেলায় অংশ নেন।

![](https://prothomkolkata.com/wp-content/uploads/2026/11/1001324727.jpg)

## সচিনের অটোগ্রাফ পেয়ে খুশি পড়ুয়া (Prince William and Kate Mumbai Visit)

রাজদম্পতির সঙ্গে ক্রিকেট খেলার সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিল স্কুলের পড়ুয়ারা। ভাশির অঞ্জুমান-ই-ইসলামের আবদুল আজিম খাটখাটে স্কুলের ১৫ বছরের ছাত্রী সেহের খোখরা জানান, প্রিন্স উইলিয়াম ও কেটের সঙ্গে খেলার অভিজ্ঞতা তাঁর কাছে অত্যন্ত আনন্দের। তবে সবচেয়ে বেশি মনে থাকবে সামনে থেকে সচিনের বিখ্যাত স্ট্রেট ড্রাইভ দেখার মুহূর্ত। প্রিয় ক্রিকেটারের অটোগ্রাফও সংগ্রহ করেছেন তিনি। 'গলি ক্রিকেট' দলের সদস্য আনন্দ ভাটের কাছেও এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। কেটের মারা একটি শট তিনি ক্যাচ করেছিলেন। পরে তাঁর ক্যাচের প্রশংসা করেন প্রিন্সেস। আনন্দ জানান, প্রায় এক মাস আগে কেনসিংটন প্যালেস থেকে ইমেল করে তাঁদের অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। কেনসিংটন প্যালেস হল রাজদম্পতির সরকারি বাসভবন।

## মাটির ভাঁড়ে কাটিং চায়ের স্বাদ (Prince William and Kate Mumbai Visit)

ক্রিকেটের পর মুম্বইয়ের আরও একটি পরিচিত অভিজ্ঞতা নেন উইলিয়াম ও কেট। বলার্ড এস্টেটের একটি বড় বটগাছের নীচে রাস্তার ধারের চায়ের দোকানে যান তাঁরা। সেখানে মাটির ভাঁড়ে কাটিং চা পান করেন রাজদম্পতি। তাঁদের সঙ্গে ছিলেন সচিন তেন্ডুলকরও।

চায়ের দোকানটি চালান বেহরুলাল চৌধুরী ও মনোজ ঠাকুর। অনুষ্ঠানস্থল থেকে মাত্র ২০০ মিটার দূরে তাঁদের দোকান। রাজদম্পতিকে চা পরিবেশন করার সুযোগ পেয়ে খুশি মনোজ। তিনি জানান, কাছ থেকে প্রথমবার সচিনকে দেখার সুযোগ পেয়েছেন। কেটও তাঁদের চায়ের প্রশংসা করেছেন। এদিন মুম্বইয়ের গণপরিবহণ ব্যবস্থার সঙ্গেও পরিচিত হন রাজদম্পতি। বিদ্যান ভবন মেট্রো স্টেশনে এসকেলেটর দিয়ে নেমে মুম্বইয়ের নতুন ও দ্রুতগতির মেট্রো লাইনে সফর করেন তাঁরা।

## সন্ধ্যায় আর্থশট প্রাইজের অনুষ্ঠান (Prince William and Kate Mumbai Visit)

মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ে বসার কথা ২০২৬ সালের আর্থশট প্রাইজের ষষ্ঠ সংস্করণের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানে নতুন উদ্যোগকে স্বীকৃতি দেওয়া হয় এই পুরস্কারের মাধ্যমে। প্রিন্স উইলিয়ামের প্রতিষ্ঠিত এই উদ্যোগে এ বছর পাঁচটি বিভাগে ১৫টি প্রকল্প চূড়ান্ত হয়েছে। সেগুলির সঙ্গে যুক্ত রয়েছেন মোট ২০ জন।

উল্লেখ্য, ২০১৬ সালের এপ্রিল মাসে প্রথমবার ভারত সফরে এসেছিলেন উইলিয়াম ও কেট। এবারের তিন দিনের সফরে মুম্বইয়ের পর নয়াদিল্লিতে যাবেন তাঁরা। ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে রাজদম্পতির। তার আগে মুম্বইয়ের সাধারণ মানুষের সঙ্গে মিশে শহরের সংস্কৃতি ও জীবনযাত্রার নানা অভিজ্ঞতা সঞ্চয় করছেন তাঁরা।
