---
title: "আবহাওয়ার বাধা, হেলিকপ্টার বাতিল! সড়কপথে রাজ্যে মোদি"
url: "https://prothomkolkata.com/pm-narendra-modi-iit-kharagpur-visit-kalaikunda/"
published: "2026-11-21T05:25:15+00:00"
modified: "2026-11-21T05:25:16+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# আবহাওয়ার বাধা, হেলিকপ্টার বাতিল! সড়কপথে রাজ্যে মোদি

PM Narendra Modi West Bengal Visit: [প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির](https://prothomkolkata.com/meenakshi-mukherjee-modi-birthday-remark/) রাজ্য সফর ঘিরে শনিবার সকাল থেকেই নজর ছিল রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। তবে সফরের শুরুতেই বাধা হয়ে দাঁড়াল খারাপ আবহাওয়া। পরিকল্পনা অনুযায়ী, কলাইকুণ্ডায় বিমান অবতরণের পর হেলিকপ্টারে করে আইআইটি খড়গপুরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু আবহাওয়ার পরিস্থিতি অনুকূল না থাকায় বদলাতে হয় যাত্রাপথ। শেষ পর্যন্ত সড়কপথেই আইআইটি খড়গপুরে পৌঁছন প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছে যান তিনি।

শনিবার সকালে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করে। সেখানে তাঁকে স্বাগত জানান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এরপর সড়কপথে খড়গপুরের উদ্দেশে রওনা দেন মোদি। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

### আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি (PM Narendra Modi IIT Kharagpur 75th Anniversary)

এদিন [আইআইটি খড়গপুরের](https://prothomkolkata.com/starting-from-bengal-the-panchayat-secretary-our-wise-brother-jitendra-kumar/) ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতেই রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি।

আইআইটি খড়গপুরেই প্রথম চালু হয়েছে ডাক্তারি পড়াশোনার কোর্স। প্রধানমন্ত্রীর এই সফরে ওই কোর্স চালু হওয়া প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট পরিকাঠামো ঘুরে দেখার কথা রয়েছে তাঁর। এই সময় তাঁর সঙ্গে থাকবেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীরা।

### প্রধানমন্ত্রীর হাতে উন্মোচিত হবে স্মারক মুদ্রা (PM Narendra Modi IIT Kharagpur Commemorative Coin)

আইআইটি খড়গপুরের অনুষ্ঠানে প্রথমে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানানো হবে। প্রতিষ্ঠানের ডিরেক্টর সুমন চক্রবর্তী তাঁকে সংবর্ধনা দেবেন। এরপর বক্তব্য রাখবেন তিনি। পর্যায়ক্রমে ভাষণ দেওয়ার কথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে চলেছে বিশেষ স্মারক মুদ্রা উন্মোচন। আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রের তরফে এই স্মারক মুদ্রা প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রীর হাত ধরেই মুদ্রাটির আনুষ্ঠানিক উন্মোচন হবে। এরপর বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদি।

### ১১টায় দিল্লি ফেরার কথা (PM Modi Delhi Return)

আইআইটি খড়গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী জানিয়েছেন, গোটা অনুষ্ঠানের সূচি সেই অনুযায়ী সাজানো হয়েছে। সকাল ১১টায় অনুষ্ঠান শেষ হওয়ার পর প্রধানমন্ত্রীর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, এর আগে ২১ নভেম্বর প্রধানমন্ত্রীর রাজ্য সফর নিয়ে মেট্রো প্রকল্প উদ্বোধনের জল্পনা তৈরি হয়েছিল। তবে পরবর্তী সময়ে স্পষ্ট হয়, মেট্রো উদ্বোধন নয়, আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানেই যোগ দিতে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী।
