---
title: "‘মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে কাজ করব’, চেন্নাইয়ে তামিলনাড়ুর উন্নয়নে সহযোগিতার আশ্বাস মোদীর"
url: "https://prothomkolkata.com/pm-modi-assures-cm-vijay-of-support-for-tamil-nadu-development-efforts/"
published: "2026-10-11T14:40:45+00:00"
modified: "2026-10-11T14:40:46+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ভারত"]
---

# ‘মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে কাজ করব’, চেন্নাইয়ে তামিলনাড়ুর উন্নয়নে সহযোগিতার আশ্বাস মোদীর

PM Modi Assures CM Vijay of Support for Tamil Nadu Development Efforts: তামিলনাড়ুর উন্নয়নে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সঙ্গে কাজ করবে কেন্দ্র। রবিবার চেন্নাই সফরে এসে এই আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের পূর্ববর্তী মুখ্যমন্ত্রীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গেও সেই সহযোগিতার ধারা এগিয়ে নিয়ে যাওয়া হবে।

মোদী বলেন, “মুখ্যমন্ত্রী থাকাকালীন করুণানিধি এবং জয়ললিতার সঙ্গে কথা বলার একাধিক সুযোগ পেয়েছি। প্রধানমন্ত্রী হওয়ার পর জয়ললিতা, ও পনিরসেলভম, ই পলানিস্বামী এবং এম কে স্ট্যালিনের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের সঙ্গে আমরা সেই যাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছি।”

দেশের উন্নয়নের প্রতি নিজের অঙ্গীকারের কথা জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, “আমি সবসময় দেশের উন্নয়নকেই আমার মূলমন্ত্র হিসেবে গ্রহণ করেছি।”

এদিন এর আগে চেন্নাইয়ের মেট্রোরেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পুনামাল্লি–ভাডাপালানি অংশের উদ্বোধন করেন মোদী। প্রায় চার হাজার নশো কোটি টাকা ব্যয়ে এই অংশ নির্মিত হয়েছে। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বিজয়কে সঙ্গে নিয়ে ওই পথে রেলযাত্রাও করেন প্রধানমন্ত্রী।

মোদী ও বিজয় একসঙ্গে পতাকা নেড়ে নতুন পরিষেবার সূচনা করেন। এরপর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের উপস্থিতিতে তাঁরা ট্রেনে ওঠেন। যাত্রার জন্য প্রধানমন্ত্রী নিজে টিকিট কাটেন। টিকিট কাউন্টারের কর্মীদের সঙ্গেও সংক্ষিপ্ত কথাবার্তা বলেন তিনি।

সদ্য চালু হওয়া এই পরিষেবা চেন্নাইয়ের মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চতুর্থ রেলপথের অন্তর্ভুক্ত। প্রায় পনেরো কিলোমিটার দীর্ঘ অংশে মোট এগারোটি মেট্রো স্টেশন রয়েছে।
