---
title: "ওষুধ নয়, চোট সারাতে প্রস্রাব পান! পরেশ রাওয়ালের অদ্ভুত অভিজ্ঞতা শুনে অবাক নেটপাড়া"
url: "https://prothomkolkata.com/paresh-rawal-urine-therapy-health-benefits/"
published: "2026-11-14T10:44:52+00:00"
modified: "2026-11-14T10:44:57+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["লাইফস্টাইল"]
---

# ওষুধ নয়, চোট সারাতে প্রস্রাব পান! পরেশ রাওয়ালের অদ্ভুত অভিজ্ঞতা শুনে অবাক নেটপাড়া

Paresh Rawal Urine Therapy: চোট সারাতে ওষুধ নয়, নিজের প্রস্রাবই পান করেছিলেন অভিনেতা পরেশ রাওয়াল! তাও আবার এক-দু’দিন নয়, টানা ১৫ দিন। শুনতে অবাক লাগলেও সম্প্রতি অভিনেতার পুরনো এক সাক্ষাৎকারের বক্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। পায়ের গুরুতর চোট দ্রুত সারিয়ে তুলতে নাকি এই অদ্ভুত পদ্ধতির সাহায্য নিয়েছিলেন তিনি। তাঁর দাবি, এর ফলও পেয়েছিলেন হাতেনাতে। কিন্তু নিজের প্রস্রাব পান করলেই কি সত্যিই সেরে যায় শরীরের অসুস্থতা? নাকি এর পিছনে রয়েছে স্বাস্থ্যঝুঁকি? অভিনেতার বক্তব্য সামনে আসতেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

## কীভাবে চোট পেয়েছিলেন পরেশ রাওয়াল? (Paresh Rawal Urine Therapy)

ঘটনাটি বেশ কয়েক বছর আগের। পরিচালক রাজকুমার সন্তোষীর ছবি ‘ঘাতক’-এর শুটিং চলছিল। ছবির একটি দৃশ্যে মাছের বাজারে পরেশ রাওয়ালকে ছুড়ে ফেলার কথা ছিল। জায়গাটি ভিজে থাকায় শুটিংয়ের জন্য বিশেষ জুতোর ব্যবস্থাও করা হয়েছিল। অভিনেতার বক্তব্য অনুযায়ী, রিহার্সালের সময় কোনও সমস্যা হয়নি। কিন্তু আসল শুটিংয়ের সময় বিপরীতের অভিনেতা প্রয়োজনের তুলনায় বেশি জোর প্রয়োগ করেন। তাতেই হাঁটুতে গুরুতর চোট পান পরেশ। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তাঁকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করতে হয়। বন্ধ রাখতে হয় ছবির শুটিংও। চিকিৎসাধীন অবস্থায় বেশ কয়েক দিন হাসপাতালে থাকতে হয়েছিল তাঁকে। সেই সময় শারীরিক যন্ত্রণার পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন অভিনেতা। তাঁর মনে হয়েছিল, এই চোটের কারণে হয়তো অভিনয়জীবনই শেষ হয়ে যেতে পারে।

## কে দিয়েছিলেন প্রস্রাব পানের পরামর্শ? (Paresh Rawal Urine Therapy)

এই কঠিন সময়ে পরেশ রাওয়ালের সঙ্গে কথা হয় অ্যাকশন ডিরেক্টর ভীরু আনন্দের। অভিনেতার কথায়, তিনিই তাঁকে একটি অদ্ভুত পরামর্শ দিয়েছিলেন। ভীরু আনন্দ নাকি বলেছিলেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দিনের প্রথম প্রস্রাব পান করতে। তাঁর দাবি ছিল, এই পদ্ধতিতে শরীরের বিভিন্ন অসুস্থতা সেরে যেতে পারে। সেই পরামর্শ মেনেই নিজের প্রস্রাব পান করতে শুরু করেন পরেশ রাওয়াল। একটানা প্রায় ১৫ দিন এই অভ্যাস চালিয়ে যান তিনি। অভিনেতার দাবি, এরপর তাঁর পায়ের অবস্থার দ্রুত উন্নতি হতে শুরু করে।

## এক্স-রে দেখে অবাক চিকিৎসক! (Paresh Rawal Urine Therapy)

পরেশ রাওয়ালের বক্তব্য অনুযায়ী, ১৫ দিন পর তাঁর পায়ের এক্স-রে করানো হয়েছিল। রিপোর্ট দেখে চিকিৎসকরাও নাকি অবাক হয়ে যান। চিকিৎসকদের ধারণা ছিল, চোট সারতে অন্তত দু’ থেকে আড়াই মাস সময় লাগবে। কিন্তু তার অনেক আগেই সুস্থ হয়ে ওঠেন অভিনেতা। এমনকী দ্রুত শুটিংয়ের কাজেও ফিরতে পেরেছিলেন তিনি।অভিনেতার এই অভিজ্ঞতার কথা সামনে আসতেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, সত্যিই কি প্রস্রাব পান করার সঙ্গে চোট দ্রুত সেরে ওঠার কোনও সম্পর্ক রয়েছে?

## প্রস্রাব পান করা কি আদৌ স্বাস্থ্যসম্মত? (Paresh Rawal Urine Therapy)

প্রস্রাব পান করার এই পদ্ধতিকে অনেকে ‘ইউরিন থেরাপি’ বলে থাকেন। প্রাচীন চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন লেখায় এই পদ্ধতির উল্লেখ পাওয়া যায়। সুশ্রুত সংহিতা থেকে শুরু করে প্রাচীন মিশরের চিকিৎসাবিষয়ক গ্রন্থ ‘এবার্স প্যাপিরাস’-এও প্রস্রাব ব্যবহারের কথা রয়েছে বলে জানা যায়। চিন, গ্রিস ও রোমের প্রাচীন চিকিৎসকদের লেখাতেও এই পদ্ধতির উল্লেখ পাওয়া যায়। ব্রিটেনেও এই ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহারের কথা শোনা যায়। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইও স্বমূত্র পান করার পক্ষে মত দিয়েছিলেন বলে প্রচলিত রয়েছে। তবে প্রাচীনকালে কোনও পদ্ধতির ব্যবহার থাকলেই আধুনিক চিকিৎসাবিজ্ঞানে তার কার্যকারিতা প্রমাণিত হয় না।

চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যা অনুযায়ী, মানুষের প্রস্রাবের প্রায় ৯৫ শতাংশই জল। বাকি অংশে থাকে শরীরের বিভিন্ন বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত নুন। পাশাপাশি প্রস্রাবে ব্যাকটেরিয়াও থাকতে পারে। শরীর যে বর্জ্য পদার্থগুলি বের করে দেয়, সেগুলি আবার পান করার ফলে কোনও প্রমাণিত স্বাস্থ্যগত উপকার মেলে না। বরং সংক্রমণ বা অন্যান্য সমস্যার ঝুঁকি তৈরি হতে পারে।

## চিকিৎসকদের মত কী? (Paresh Rawal Urine Therapy)

আধুনিক চিকিৎসাবিজ্ঞানে প্রস্রাব পান করে হাড়ের চোট সারানো বা শরীরের রোগ নিরাময়ের কোনও নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই পরেশ রাওয়ালের ব্যক্তিগত অভিজ্ঞতাকে চিকিৎসার স্বীকৃত পদ্ধতি হিসেবে দেখা ঠিক নয়। তাঁর পায়ের চোট দ্রুত সেরে ওঠার পিছনে অন্য চিকিৎসা, বিশ্রাম কিংবা শরীরের স্বাভাবিক সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াও থাকতে পারে। সব মিলিয়ে, পরেশ রাওয়ালের অভিজ্ঞতা যতই চমকপ্রদ হোক, তা দেখে নিজের প্রস্রাব পান করার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। শারীরিক কোনও সমস্যা বা গুরুতর চোট হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ। ব্যক্তিগত অভিজ্ঞতা কখনও চিকিৎসাবিজ্ঞানের বিকল্প হতে পারে না।
