---
title: "গভীর রাতে উত্তরার বাড়িতে পুলিশের অভিযান, আটক বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ"
url: "https://prothomkolkata.com/nurul-islam-nahid-arrest-former-education-minister/"
published: "2026-11-19T04:56:38+00:00"
modified: "2026-11-19T10:23:34+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# গভীর রাতে উত্তরার বাড়িতে পুলিশের অভিযান, আটক বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

Nurul Islam Nahid Arrest: বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করল পুলিশ। বুধবার গভীর রাতে রাজধানী ঢাকার উত্তরার বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। রাত ২টো ২০ মিনিট নাগাদ তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একাধিক হত্যাকাণ্ডের মামলায় তাঁর নাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রথম আলো ডিজিটাল ১৯ নভেম্বর ২০২৬, সকাল ৮টা ১১ মিনিটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বুধবার দিবাগত রাতে উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেই নুরুল ইসলাম নাহিদকে আটক করেন পুলিশকর্মীরা। ওই বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ২টো ২০ মিনিট নাগাদ নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়। পরে তাঁকে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে। সেই মামলাগুলির বিষয়ে প্রয়োজনীয় আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন ওসি।

## ১০ বছর ছিলেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী (Nurul Islam Nahid Arrest)

নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৫ আসনের প্রাক্তন সাংসদ। এই কেন্দ্রের অন্তর্গত বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ এলাকা। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করার পর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান নুরুল ইসলাম নাহিদ। এরপর টানা ১০ বছর তিনি বাংলাদেশের শিক্ষামন্ত্রীর দায়িত্ব সামলেছেন।

বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। বিভিন্ন জায়গায় হিংসা, অগ্নিসংযোগ এবং সংঘর্ষের ঘটনা সামনে আসছে। এর মধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর আটকের ঘটনা নতুন করে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে আন্দোলনের সময়কার হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে বলে পুলিশের দাবি। তবে তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলির আইনি প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানার পুলিশ।

## সাদিকুল হত্যা মামলায় গ্রেপ্তার (Nurul Islam Nahid Arrest)

জুলাই গণ-অভ্যুত্থানের সময় উত্তরায় আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় গুলিবিদ্ধ হন মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আন্দোলন করছিলেন ৫০০ থেকে ৭০০ জন পড়ুয়া ও সাধারণ মানুষ। সেই সময় তাঁদের উপর হামলা চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় সাদিকুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরের দিন, ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সাদিকুলের বয়স ছিল ২১ বছর। তিনি টাঙ্গাইলের ঘাটাইলের বাসিন্দা এবং উত্তরার জামিয়াছিন ইসলামিয়া মাদ্রাসার কিতাব বিভাগের পড়ুয়া ছিলেন। এই ঘটনায় আদালতে মামলা দায়ের হয়। পরে আদালতের নির্দেশে উত্তরা পশ্চিম থানায় এফআইআর জারি করা হয়। সেই মামলাতেই গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে।
