---
title: "নেপালে ফের ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গও! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা"
url: "https://prothomkolkata.com/nepal-earthquake-tremors-felt-in-north-bengal/"
published: "2026-11-24T05:06:59+00:00"
modified: "2026-11-24T05:07:03+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ভারত"]
---

# নেপালে ফের ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গও! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা

Nepal Earthquake: ফের [ভূমিকম্পে](https://prothomkolkata.com/tag/%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0/) কেঁপে উঠল নেপাল। মঙ্গলবার সকালে ৫.৩ মাত্রার কম্পন অনুভূত হল উত্তরবঙ্গ-সহ ভারতের একাধিক এলাকায়। শুধু ভারত নয়, ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশ, ভুটান এবং চিনেও। বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের পাহাড়ি এলাকায় কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

## সকাল ৭টা ২ মিনিটে কেঁপে উঠল নেপাল (Nepal Earthquake)

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৭টা ২ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্র।

এনসিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের অবস্থান ছিল উত্তর অক্ষাংশ ২৭.৮৫৫ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ৮৭.৯০৯ ডিগ্রি। অন্যদিকে, [নেপালের](https://prothomkolkata.com/balendra-shah-nepal-pm-india-visit-modi-meeting/) জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, নেপাল-তিব্বত সীমান্তের কাছে তাপলেজুং জেলার ওলাংচুং গোলা এলাকায় কম্পনের তীব্রতা ছিল ৫.৬।

## উত্তরবঙ্গের বহুতল থেকে বাড়িঘর, সবই কেঁপে উঠল (North Bengal Earthquake)

ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে ভারতের পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের একাধিক এলাকায়। বিহার, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের কিছু অংশেও কম্পন টের পাওয়া যায়। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বহুতল বাড়ি, বসতবাড়ি, বৈদ্যুতিক খুঁটি এবং বিদ্যুতের তার কেঁপে ওঠে। আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। সকালে হাঁটতে বা শরীরচর্চা করতে যাঁরা বাড়ির বাইরে বেরিয়েছিলেন, তাঁরাও কম্পন অনুভব করেন। অন্যদিকে, বাড়ির ভিতরে থাকা অনেকেই নিরাপত্তার কথা ভেবে দ্রুত রাস্তায় বেরিয়ে আসেন। দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের পাহাড়ি এলাকায় ভূমিকম্পের প্রভাব কতটা পড়েছে, তা এখনও স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া গিয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

## ১২ নভেম্বরও কেঁপেছিল নেপাল (Nepal Earthquake 2026)

এই মাসের ১২ নভেম্বরও নেপালের কোশি প্রদেশে ভূমিকম্প হয়েছিল। সেদিন ভোর ৪টা ৩৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪.৬। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল সেই ভূমিকম্পের উৎসস্থল। সেবারও উত্তরবঙ্গের পাহাড়ি ও সমতল এলাকায় কম্পন অনুভূত হয়েছিল। ফের একই অঞ্চলে ভূমিকম্প হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে বাসিন্দাদের মধ্যে।

তবে মঙ্গলবারের ভূমিকম্পে এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। ক্ষয়ক্ষতি সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।
