---
title: "‘দেশের চেয়ে দল বড়’, নারী সংরক্ষণ বিল নিয়ে বিরোধীদের তোপ মোদির, কী বললেন প্রধানমন্ত্রী?"
url: "https://prothomkolkata.com/narendra-modi-women-reservation-bill-opposition/"
published: "2026-11-29T09:58:27+00:00"
modified: "2026-11-29T09:58:31+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ভারত"]
---

# ‘দেশের চেয়ে দল বড়’, নারী সংরক্ষণ বিল নিয়ে বিরোধীদের তোপ মোদির, কী বললেন প্রধানমন্ত্রী?

Narendra Modi on Women Reservation Bill: নারী সংরক্ষণ আইন কার্যকর করা নিয়ে বিরোধীদের সঙ্গে কেন্দ্রের সংঘাত ক্রমশ বাড়ছে। আসন পুনর্বিন্যাস বিলকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই এবার বিরোধীদের সরাসরি নিশানা করলেন প্রধানমন্ত্রী [নরেন্দ্র মোদি](https://prothomkolkata.com/meenakshi-mukherjee-modi-birthday-remark/)। তাঁর অভিযোগ, কিছু রাজনৈতিক দলের কাছে দেশের স্বার্থের চেয়ে দলের স্বার্থই বড় হয়ে উঠেছে। আর তার ফল ভুগতে হচ্ছে দেশের মহিলাদের। তবে বিরোধীদের আপত্তি সত্ত্বেও নারীশক্তি বন্দন সংশোধনী বিল কার্যকর করার বিষয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, মহিলাদের অধিকার ও দেশের ভবিষ্যতের স্বার্থে এই উদ্যোগ বাস্তবায়ন করতেই হবে।

রবিবার, ২৯ নভেম্বর একটি ভিডিও বার্তায় নারী সংরক্ষণ বিল নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন মোদি। একই সঙ্গে বিরোধীদের উদ্দেশে রাজনৈতিক বার্তাও দেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য, মহিলাদের রাজনৈতিক অংশীদারিত্ব নিশ্চিত করার লড়াই দীর্ঘদিনের। সেই লক্ষ্য পূরণে বিজেপি এবং এনডিএ সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

## ‘নারীশক্তি বন্দন সংশোধন সময়ের দাবি’ (Narendra Modi Women Reservation Bill)

ভিডিয়ো বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মহিলাদের রাজনৈতিক [অধিকার](https://prothomkolkata.com/tag/%e0%a6%a4%e0%a6%aa%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80/) ও অংশীদারিত্ব নিশ্চিত করার দাবি বহু দশকের পুরনো। এই লক্ষ্য পূরণের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তিনি। বিজেপি এবং এনডিএ-র কাছে নারী ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের স্বার্থকে সর্বদা অগ্রাধিকার দেওয়া হয় বলেও দাবি করেন মোদি। এরপরই বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, কিছু রাজনৈতিক দলের কাছে দেশের স্বার্থের চেয়ে দলীয় স্বার্থ বড় হয়ে উঠেছে। যখন দলের স্বার্থ দেশের স্বার্থকে ছাপিয়ে যায়, তখন তার প্রভাব পড়ে গোটা দেশের উপর। বিশেষ করে মহিলাদেরই এর মূল্য দিতে হয়।

মোদি আরও বলেন, নারীশক্তি বন্দন সংশোধনী সময়ের দাবি। এই বিষয়ে সরকার আত্মবিশ্বাসী এবং নিজেদের লক্ষ্যে স্থির। দেশের অর্ধেক জনসংখ্যার স্বপ্ন পূরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই পদক্ষেপ বাস্তবায়ন করা প্রয়োজন। বিরোধীদের আপত্তি থাকলেও বিল পাশের বিষয়ে আশাবাদী প্রধানমন্ত্রী।

https://twitter.com/narendramodi/status/2126960307990139352?a=Pp7oq_SQqdpsQWX_mVM&s=19

## আসন পুনর্বিন্যাস ঘিরে রাজনৈতিক টানাপোড়েন (Narendra Modi Delimitation Bill)

২০২৬ সালের আসন পুনর্বিন্যাস বিলের সঙ্গে যুক্ত রয়েছে মহিলা সংরক্ষণ আইন কার্যকরের বিষয়টি। এই আইনের মাধ্যমে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের পথ তৈরি হওয়ার কথা। তবে তার আগে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ করাতে হবে।

এই বিল পাশের জন্য সংসদে দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন প্রয়োজন। লোকসভার বর্তমান আসনসংখ্যা ৫৪৩ ধরে হিসাব করলে প্রয়োজনীয় সমর্থনের সংখ্যা ৩৬০। সংবাদমাধ্যমের প্রকাশিত হিসাব অনুযায়ী, এনডিএর পক্ষে প্রায় ৩২০ জন সাংসদের সমর্থন রয়েছে। ফলে প্রয়োজনীয় সংখ্যায় পৌঁছতে আরও সমর্থন জোগাড় করতে হবে সরকারকে।

## ডিএমকে ও শরদ পওয়ারের সমর্থনে বাড়ছে জোর (Narendra Modi Bill Support)

এই পরিস্থিতিতে রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এম কে স্ট্যালিনের দল ডিএমকের অবস্থান। এতদিন বিরোধী শিবিরে থাকা ডিএমকে আসন পুনর্বিন্যাস বিলকে সমর্থনের কথা জানিয়েছে। অন্যদিকে, শরদ পওয়ারের এনসিপি (এসপি) শিবিরও বিলের পক্ষে থাকার ইঙ্গিত দিয়েছে। এই দলের লোকসভায় আটজন সাংসদ রয়েছেন।

এছাড়াও ওয়াইএসআর কংগ্রেস এবং কয়েকটি ছোট দলের সমর্থন পাওয়ার আশা করছে কেন্দ্র। ডিএমকের ২২ জন লোকসভা সাংসদ এবং এনসিপি (এসপি)-র আটজন সাংসদের সমর্থন এই সমীকরণে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ফলে বিল পাশের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা জোগাড়ের চেষ্টা চালাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তবে বিরোধী শিবিরের একাংশ এই বিলের বিরোধিতা করছে। তাদের আপত্তির কেন্দ্রে রয়েছে আসন পুনর্বিন্যাসের পদ্ধতি এবং তার সম্ভাব্য রাজনৈতিক প্রভাব। সব মিলিয়ে সংসদের বিশেষ অধিবেশনের আগে নারী সংরক্ষণ ও ডিলিমিটেশনকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে উত্তাপ বাড়ছে। প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো বার্তাটি শনিবার, ২৮ নভেম্বর প্রকাশিত হয়েছিল। সংসদের বিশেষ অধিবেশন শুরু হওয়ার আগে তাঁর এই বক্তব্যকে নারী সংরক্ষণ বিলের পক্ষে সরকারের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে।
