---
title: "“ভারত একজন খুনিকে আশ্রয় দিচ্ছে\"- বৈঠক শেষে জানালেন নাহিদ ইসলাম"
url: "https://prothomkolkata.com/nahid-islam-tarique-rahman-meeting-july-unity/"
published: "2026-11-23T09:46:47+00:00"
modified: "2026-11-26T15:50:09+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# “ভারত একজন খুনিকে আশ্রয় দিচ্ছে"- বৈঠক শেষে জানালেন নাহিদ ইসলাম

Nahid Islam Tarique Rahman Meeting: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাইয়ের ঘটনা ঘিরে রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্যের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর বক্তব্য, জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলিকে একসঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার বেলা তিনটে নাগাদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান তিনি।

নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিল। সেখানে দেশের সামগ্রিক পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি, আইনশৃঙ্খলার অবনতি, আওয়ামী লীগের কর্মকাণ্ড, বিচারপ্রক্রিয়া এবং ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান এনসিপি নেতা। বৈঠকের পর সাংবাদিকদের সামনে তিনি গত কয়েক মাসের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নিজের মূল্যায়ন তুলে ধরেন।

## **বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হল?**

বৈঠকের শুরুতে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য চারটি প্রস্তাব রাখা হয়েছিল। প্রতিনিধি দলে ছিলেন নাহিদ ইসলাম, লুৎফা হাসানাত আবদুল্লাহ এবং আখতার হোসেন-সহ দলের অন্য নেতারা। বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জুলাইয়ের আন্দোলনের চেতনা, আইনশৃঙ্খলা এবং বিচারপ্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানান নাহিদ।

বিশেষভাবে উঠে আসে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে এনসিপির উদ্বেগ। নাহিদের অভিযোগ, দেশে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের মতো ঘটনা ঘটছে। একই সঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা এবং পুনর্বাসনের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে জানান এনসিপি নেতৃত্ব। জুলাইয়ের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের পুনর্বাসনের বিষয়টি সরকারকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। বৈঠকের পর সাংবাদিকদের সামনে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। নির্বাচনের পর থেকে গত সাত-আট মাস ধরে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা ধারাবাহিকভাবে চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা এবং আওয়ামী লীগকে ঘিরে সরকারের অবস্থান— এই বিষয়গুলিকে তিনি বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে তুলে ধরেন।

## ভারত সম্পর্কে নাহিদ ইসলাম কী বললেন?

নাহিদ ইসলাম বলেন, “ভারত একজন খুনিকে আশ্রয় দিচ্ছে। একটি স্বৈরাচারী দল, একটি গণহত্যাকারী দলকে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কার্যক্রম চালানোর জন্য, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য। ফলে বিষয়টি এখন আর শুধু আওয়ামী লীগ, বিএনপি বা এনসিপির মধ্যে সীমাবদ্ধ নেই। এটি একটি ভূরাজনৈতিক জায়গায় পৌঁছে গিয়েছে।

আমাদের খুব স্পষ্টভাবে মনে রাখতে হবে, এই লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়। আওয়ামী লীগকে আমরা ৫ অগস্টই পরাজিত করেছি। এখনকার লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। কারণ, ভারত আওয়ামী লীগ এবং তাদের বিভিন্ন এদেশীয় শক্তিকে ব্যবহার করে সীমান্তের ওপার থেকে এবং দেশের ভিতর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।”

শেখ হাসিনা সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, “শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট, গণহত্যাকারী। তাঁকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকর করার জন্য সরকারের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

## আওয়ামী লীগ ও সংখ্যালঘু নির্যাতন

নাহিদ ইসলাম এই প্রসঙ্গে বলেছেন, “সবচেয়ে বেশি হিন্দু নির্যাতিত হয়েছেন এবং সবচেয়ে বেশি হিন্দুদের সম্পত্তি দখল হয়েছে আওয়ামী লীগের আমলে। এই বিষয়টিও আমরা সরকারপ্রধানের কাছে তুলে ধরেছি।”

বিস্তারিত জানতে অবশ্যই দেখুন প্রথম কলকাতা **[(PROTHOM KOLKATA](https://youtu.be/a-mT0GZwl_k?si=gqPlyr5VU2Ho-no0))** youtube চ্যানেল

https://youtu.be/PlLi9Pc37SM?si=4Q4Xez5ekqBTOwdf
