---
title: "জাতীয় ঐক্যের আগে বিএনপিকে ক্ষমা চাইতে হবে! দেশে ফিরেই কড়া বার্তা নাহিদের"
url: "https://prothomkolkata.com/nahid-islam-apology-national-unity-bangladesh/"
published: "2026-11-22T15:14:37+00:00"
modified: "2026-11-23T11:44:38+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# জাতীয় ঐক্যের আগে বিএনপিকে ক্ষমা চাইতে হবে! দেশে ফিরেই কড়া বার্তা নাহিদের

Nahid Islam: সংবাদমাধ্যম ‘আগামীর সময়’ ২২ নভেম্বর ২০২৬ তারিখের প্রকাশিত খবরের তথ্যে অনুযায়ী জাতীয় ঐক্য গড়তে হলে আগে অতীতের ভুলের জন্য ক্ষমা চাইতে হবে বিএনপিকে। শুধু রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে ডিসেম্বর মাসে ঐক্যের কথা বললে হবে না। তার জন্য প্রয়োজন স্পষ্ট অবস্থান এবং নির্দিষ্ট অঙ্গীকার। যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে এভাবেই [বিএনপিকে](https://prothomkolkata.com/bnp-is-planning-as-in-the-past-trinamool-bnp-together-awami-league-is-under-pressure-or-it-is-quite-good/) বার্তা দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ডাকা জাতীয় সংলাপে যোগ দেওয়ার কথাও জানালেন তিনি। তবে সংলাপে বসার আগে কয়েকটি বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি তুলেছেন এনসিপি আহ্বায়ক।

রবিবার সন্ধ্যায় এক সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরেন নাহিদ ইসলাম। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান জানান তিনি। আগামী সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। নাহিদের বক্তব্য, দেশ এখন একটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সেই ডাকে সাড়া দেওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী কী ভাবছেন এবং কীভাবে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে চান, তা তাঁরা শুনতে চান।

## জাতীয় ঐক্যের আগে বিএনপিকে ক্ষমা চাইতে হবে (Nahid Islam National Unity)

জাতীয় ঐক্যের প্রসঙ্গে বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলেছেন নাহিদ। তাঁর বক্তব্য, শুধু ডিসেম্বর মাসে [আওয়ামী লীগকে](https://prothomkolkata.com/sheikh-hasina-bangladesh-return-december-2026-2/) আটকানোর জন্য জাতীয় ঐক্যের কথা বলা হবে, অথচ জানুয়ারিতে একদলীয় কমিটির সুপারিশ মেনে সংবিধান সংশোধন করা হবে, এমন প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।

নাহিদের কথায়, জাতীয় ঐক্যের একটি স্পষ্ট ভিত্তি থাকতে হবে। অতীতে সরকার যে সমস্ত অঙ্গীকার করেও তা পালন করেনি, সেগুলির জন্য ক্ষমা চাইতে হবে। পাশাপাশি এমন কিছু পদক্ষেপ নিতে হবে, যাতে অন্যান্য রাজনৈতিক দল সরকারের উপর আস্থা রাখতে পারে।

## সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি (Constitutional Reform Nahid Islam )

সংবিধান সংশোধন নিয়েও সরকারের অবস্থানের বিরোধিতা করেছে এনসিপি। গণভোটের রায় মেনে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনের দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছে দলটি। সেই লক্ষ্যেই সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি তুলেছিল তারা।

কিন্তু বিএনপি সেই পথে না হেঁটে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করে। এই কমিটিতে অংশ নেয়নি এনসিপি এবং জামায়াতে ইসলামী-সহ বিরোধী দলগুলি। নাহিদের দাবি, একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিতে হবে। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে। তাঁর মতে, এই পদক্ষেপ নেওয়া হলে সরকার যে সত্যিই জাতীয় ঐকমত্য চায়, সেই বার্তা রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের কাছে পৌঁছবে।

## জুলাই চুক্তিপত্র ও গঙ্গা চুক্তি নিয়েও প্রস্তাব (July Charter)

সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবে এনসিপি। নাহিদ জানিয়েছেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই চুক্তিপত্র কার্যকর করা, জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করা এবং গঙ্গা চুক্তির নবায়নের মতো বিষয়গুলিতে সরকারকে স্পষ্ট অঙ্গীকার করতে হবে। এই বিষয়গুলিতে সরকারের অবস্থান পরিষ্কার না হলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মনে করেন তিনি।

## লন্ডনে হামলার পিছনে আওয়ামী লীগকে দায়ী (Nahid Islam Attack)

যুক্তরাজ্য সফরের সময় লন্ডনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নিজের উপর হামলার ঘটনাতেও মুখ খুলেছেন নাহিদ। তাঁর অভিযোগ, গত ১৬ নভেম্বর তাঁকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল। এই ঘটনার পিছনে বর্তমানে ভারতে থাকা এবং বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন তিনি।

নাহিদের দাবি, অনলাইন বৈঠকের মাধ্যমে হামলার পরিকল্পনা করেছিল আওয়ামী লীগ। তবে প্রবাসী বাংলাদেশিরা তাঁদের পাশে দাঁড়ানোয় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে। এদিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক। তাঁর অভিযোগ, সরকারের উদাসীনতার কারণেই পরিস্থিতি এতটা খারাপ হয়েছে।
