---
title: "ঢেঁকি, পিঠে-পুলি আর নলেন গুড়! কোথায় হারাল নবান্নের সেই পুরনো আনন্দ?"
url: "https://prothomkolkata.com/nabanna-festival-bengal-traditions-changing/"
published: "2026-11-25T04:00:00+00:00"
modified: "2026-11-24T15:47:14+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["অফবিট"]
---

# ঢেঁকি, পিঠে-পুলি আর নলেন গুড়! কোথায় হারাল নবান্নের সেই পুরনো আনন্দ?

Nabanna Festival in Bengal: শীতের হালকা আমেজ। উঠোনে স্তূপ করে রাখা নতুন ধান। রান্নাঘরে উনুনের আঁচে ফুটছে দুধ, পাশে তৈরি হচ্ছে নলেন গুড়ের পাটিসাপটা, দুধপুলি আর পায়েস। বাড়ির মহিলাদের ব্যস্ততা, ঢেঁকিশালা থেকে ভেসে আসা ধান ভাঙার শব্দ, আর নতুন চালের গন্ধে ম ম করছে গোটা বাড়ি। আত্মীয়স্বজন থেকে প্রতিবেশী, নতুন ফসলের আনন্দ ভাগ করে নিতে একে একে জড়ো হচ্ছেন সবাই। একসময় গ্রাম বাংলার [নবান্ন](https://prothomkolkata.com/train-accident-helpline-number-in-nabanna-which-railway-number-will-you-call-to-get-information-get-to-know/) মানেই ছিল এমন এক উৎসবের ছবি। কিন্তু আজ সেই ছবি অনেকটাই বদলে গিয়েছে। ঢেঁকির জায়গা নিয়েছে মেশিন, বাড়িতে তৈরি মিষ্টির জায়গা দখল করেছে দোকানের খাবার। নতুন ধান ঘরে উঠলেও কোথাও যেন হারিয়ে যাচ্ছে নবান্নের সেই চেনা আমেজ, আন্তরিকতা আর সাবেকি স্বাদ।

নবান্ন শুধু নতুন ধান ঘরে তোলার উৎসব নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার কৃষিজীবী মানুষের জীবন, বিশ্বাস, সংস্কৃতি এবং পারিবারিক বন্ধন। 'নবান্ন' শব্দের অর্থ নতুন অন্ন বা নতুন ভাত। সাধারণত বাংলা অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার পর এই উৎসব পালিত হয়। কোথাও কোথাও মাঘ মাসেও নবান্ন উদযাপনের রীতি রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও এই উৎসবের প্রচলন রয়েছে। বিশেষ করে রাঢ়বঙ্গের গ্রামাঞ্চলে নবান্নের ঐতিহ্য দীর্ঘদিনের।

## নতুন ধানের প্রথম অন্ন নিবেদন (Nabanna Rituals)

নবান্নের মূল আকর্ষণ নতুন [ধান](https://prothomkolkata.com/tag/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8/) থেকে পাওয়া চাল। প্রচলিত রীতি অনুযায়ী, নতুন ধান ঘরে তোলার পর সেই চাল দিয়ে প্রথমে দেবতার উদ্দেশে অন্ন নিবেদন করা হয়। পরিবারের মঙ্গল এবং সারা বছর খাদ্যের অভাব না হওয়ার কামনায় দেবী অন্নপূর্ণার পুজোও করা হয়। অনেক পরিবারে নবান্নের আগে পরিবারের মহিলারা গঙ্গাস্নান করেন। নতুন চালের কোনও পদ খাওয়ার আগে নবান্নের নিয়ম পালন করার রীতিও রয়েছে।

কিছু এলাকায় নবান্নের দিন সূর্য ওঠার আগে খাবার খেয়ে নেওয়ার চল আছে। এরপর প্রসাদ গ্রহণ না করা পর্যন্ত উপবাস পালন করেন পরিবারের সদস্যরা। প্রথমে প্রয়াত আত্মীয়দের উদ্দেশে নতুন অন্ন নিবেদন করা হয়। কোথাও এই নিবেদনকে 'ভুজ্জি' বলা হয়। এরপর দেবতা এবং গোয়ালঘরে ধান নিবেদনের রীতি রয়েছে। এই সমস্ত আচার শেষ হলে পরিবারের সদস্যরা নতুন চালের প্রসাদ গ্রহণ করেন।

নবান্নের অন্যতম পরিচিত প্রথা হল 'কাকবলী'। নতুন চালের তৈরি খাবার কাককে নিবেদন করা হয়। লোকবিশ্বাস অনুযায়ী, কাকের মাধ্যমে সেই খাবার পূর্বপুরুষদের কাছে পৌঁছে যায়। তাই এই রীতির সঙ্গে জড়িয়ে রয়েছে প্রয়াত আত্মীয়দের স্মরণ করার আবেগও।

![](https://prothomkolkata.com/wp-content/uploads/2026/11/1001346988.jpg)

## নলেন গুড়ের পিঠে-পুলি, পায়েসে জমত উৎসব (Traditional Nabanna Food)

নবান্ন মানেই বাঙালির কাছে খাওয়াদাওয়ার বিশেষ আয়োজন। নতুন চাল, নতুন গুড়, দুধ, নারকেল এবং ক্ষীর দিয়ে তৈরি হত নানা রকমের পিঠে-পুলি। পাটিসাপটা, দুধপুলি, ভাপা পিঠে থেকে শুরু করে পায়েস, ক্ষীর—সবেতেই থাকত নতুন গুড়ের মিষ্টি স্বাদ। শীতের মরসুমে খেজুরের রস থেকে তৈরি নলেন গুড় এই আয়োজনকে আরও বিশেষ করে তুলত। পাশাপাশি তৈরি হত চাল গুলুনি, মুড়ি, খই এবং নানা ধরনের মিষ্টি। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খাবার পাঠানোর রীতিও ছিল।

একসময় নবান্ন উপলক্ষে বাড়িতেই তৈরি হত বিশেষ কিছু মিষ্টি। গ্রাম বাংলার বহু বাড়িতে গোরু থাকায় দুধের জোগানও ছিল পর্যাপ্ত। প্রায় এক মাস ধরে দুধ জ্বাল দিয়ে চাঁচি জমিয়ে রাখা হত। সেই চাঁচি দিয়ে তৈরি করা হত সুস্বাদু ছানাবড়া। কালো কলাই বেটে তৈরি হত মুচমুচে জিলিপি। বাড়ির মহিলারাই নিজেদের হাতে এসব খাবার তৈরি করতেন। কিন্তু এখন সেই ছবিতে অনেকটাই বদল এসেছে। প্রবীণ মহিলাদের স্মৃতিতে এখনও রয়ে গিয়েছে সেই পুরনো স্বাদ। তাঁদের আক্ষেপ, এখন অধিকাংশ মিষ্টিই বাজার থেকে কিনে আনতে হয়। দোকানের মিষ্টিতে পাওয়া যায় না বাড়িতে তৈরি খাবারের সেই স্বাদ। নলেন গুড়ের পিঠে-পুলি তৈরির পারিবারিক আয়োজনও অনেক বাড়িতে কমে এসেছে।

![](https://prothomkolkata.com/wp-content/uploads/2026/11/1001346982-1200x675.png)

## ঢেঁকির শব্দ আজ শুধুই স্মৃতি (Nabanna Traditional Dhenki)

নবান্নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল ঢেঁকি। নতুন ধানের চাল গুঁড়ো করে পিঠে তৈরির জন্য প্রস্তুতি নেওয়া হত ঢেঁকিশালেই। একসময় গ্রামের বনেদি ও স্বচ্ছল বাড়িগুলিতে আলাদা ঢেঁকিশালা থাকত। নবান্নের আগে সেখানে ভোর থেকে গভীর রাত পর্যন্ত মহিলাদের ভিড় লেগে থাকত। দূর থেকে ভেসে আসত ঢেঁকিতে পাড় দেওয়ার পরিচিত শব্দ। মানুষের কথায়, আগে ঢেঁকিতে ধান ভাঙতে ভাঙতে ঘেমে-নেয়ে দুপুর গড়িয়ে যেত। কখনও কাজ শেষ হতে রাতও হয়ে যেত। এখন আর আগের মতো ঢেঁকি দেখা যায় না। মেশিনেই ধান ভাঙানো এবং চালের গুঁড়ো তৈরির কাজ হয়ে যায়। কিন্তু সেই পুরনো স্বাদ আর পাওয়া যায় না।

## মেলা, যাত্রাপালায় এক হত গোটা গ্রাম (Nabanna Festival Traditions)

নবান্ন একসময় শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। গোটা গ্রামের মানুষ এই উৎসবে সামিল হতেন। নতুন ফসল ঘরে তোলার আনন্দে কোথাও বসত গ্রামীণ মেলা, কোথাও আয়োজন করা হত মাছের মেলা। বিভিন্ন এলাকায় চলত খেলাধুলা এবং যাত্রাপালা। আত্মীয়স্বজন, প্রতিবেশীদের বাড়িতে খাবার পাঠানোর রীতিও ছিল। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই মেতে উঠতেন নতুন ফসলের আনন্দে।

লোকসংস্কৃতি গবেষক আদিত্য মুখোপাধ্যায়ের মতে, নবান্ন রাঢ়বঙ্গের একটি ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসবের পর থেকেই বাংলার কৃষক এবং গ্রামাঞ্চলের মানুষ নতুন ধানের চাল ব্যবহার শুরু করেন।

## স্মৃতির পাতায় নয়, বেঁচে থাকুক নবান্নের ঐতিহ্য (Nabanna Bengal Cultural Heritage)

সময়ের সঙ্গে কৃষিকাজের ধরন বদলেছে। ধান ভাঙানোর জন্য ঢেঁকির বদলে এসেছে মেশিন। বাড়িতে পিঠে-পুলি তৈরির জায়গা নিয়েছে বাজারের মিষ্টি। গ্রামীণ জীবনেও এসেছে নানা পরিবর্তন। তবুও অগ্রহায়ণ মাস এলেই পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান-সহ বিভিন্ন এলাকার গ্রামে কোথাও কোথাও নবান্নের আয়োজন দেখা যায়।

আসলে নবান্নের আনন্দ শুধু নতুন ধানের ভাত কিংবা নলেন গুড়ের পিঠে-পুলিতে সীমাবদ্ধ ছিল না। আনন্দ ছিল ঢেঁকিশালা থেকে ভেসে আসা পরিচিত শব্দে, মায়ের হাতের পিঠে তৈরির ব্যস্ততায়, উঠোনে আত্মীয়-প্রতিবেশীদের ভিড়ে আর এক থালা খাবার ভাগ করে নেওয়ার আন্তরিকতায়। আজ হয়তো আর আগের মতো ঢেঁকির শব্দ শোনা যায় না, শীতের সকালে বাড়িতে বাড়িতে পিঠে তৈরির উৎসবও চোখে পড়ে না। তবু স্মৃতির পাতায় সেই নবান্ন আজও অমলিন। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়েও যদি নতুন প্রজন্মের হাতে এই রীতিগুলি তুলে দেওয়া যায়, তবেই বেঁচে থাকবে বাংলার শিকড়ের টান। কারণ, নবান্ন শুধু একটি শস্যোৎসব নয়, এটি বাঙালির মাটির গন্ধ, পারিবারিক বন্ধন আর হারিয়ে যেতে বসা এক টুকরো আবেগ।
