---
title: "ময়মনসিংহে চলন্ত লোকাল ট্রেনে আগুন, পুড়ল সিট"
url: "https://prothomkolkata.com/mymensingh-train-fire-local-train-biska-station/"
published: "2026-11-19T08:43:41+00:00"
modified: "2026-11-19T08:43:46+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# ময়মনসিংহে চলন্ত লোকাল ট্রেনে আগুন, পুড়ল সিট

Mymensingh Train Fire: চলন্ত ট্রেনের বগিতে আগুন দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ময়মনসিংহে। বুধবার গভীর রাতে জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। ময়মনসিংহের বিসকা রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। আগুনে ট্রেনের দুটি সিট পুড়ে গেলেও কোনও যাত্রী হতাহত হননি। প্রাথমিকভাবে নাশকতার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, এর পিছনে রয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতের এই ঘটনার কথা সামনে আসে। রেল সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ১১টা ৫৩ মিনিটে জারিয়া থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি গৌরীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছয়। সেখানে দু'মিনিটের বিরতির পর রাত ১১টা ৫৫ মিনিটে ট্রেনটি বিসকা স্টেশনের উদ্দেশে রওনা দেয়। রাত ১২টা ১৫ মিনিট নাগাদ বিসকা স্টেশন পার হওয়ার পরই ট্রেনের একটি বগিতে আগুন লাগানো হয়।

## পুড়ল ১৮৯৬ নম্বর বগির দুটি সিট (Mymensingh Train Fire)

আগুন দেখতে পেয়েই দ্রুত ব্যবস্থা নেন ট্রেনের গার্ড ও নিরাপত্তাকর্মীরা। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ১৮৯৬ নম্বর বগির ২৬ ও ৭৭ নম্বর দুটি সিট পুড়ে যায়। বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রীদেরও কোনও ক্ষতি হয়নি।গৌরীপুর জংশনের স্টেশন মাস্টার আতাউর রহমান জানান, রাতের ট্রেনে যাত্রীসংখ্যা তুলনামূলক কম ছিল। তাঁর প্রাথমিক ধারণা, নাশকতার উদ্দেশ্যেই ট্রেনে আগুন লাগানো হয়েছে।

## তদন্তে রেল পুলিশ (Mymensingh Train Investigation)

ঘটনা নিয়ে মুখ খুলেছেন গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল কালাম। তিনি জানান, বিসকা স্টেশনে যাত্রাবিরতির পর ট্রেনটি শম্ভুগঞ্জের দিকে রওনা দিয়েছিল। তার পরপরই একটি বগিতে আগুনের ঘটনা ঘটে। পরে ট্রেনের গার্ড ও নিরাপত্তাকর্মীরা আগুন নেভান। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। কীভাবে আগুন লাগানো হল এবং কারা এর পিছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন রেল পুলিশের আধিকারিক।
