---
title: "ছিলনা মাথার উপর ছাদ না খেয়ে কেটেছে বহু রাত মিঠুন চক্রবর্তীর জীবনের হার না মানা লড়াই!"
url: "https://prothomkolkata.com/mithun-chakraborty-struggle-story/"
published: "2026-10-03T03:30:00+00:00"
modified: "2026-10-02T18:56:39+00:00"
author: "তামান্না দাশগুপ্ত"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম আনন্দ"]
---

# ছিলনা মাথার উপর ছাদ না খেয়ে কেটেছে বহু রাত মিঠুন চক্রবর্তীর জীবনের হার না মানা লড়াই!

Mithun Chakraborty Struggle Story: এক সময় ফুটপাতে অনাহারে রাত কেটেছে। মিঠুন চক্রবর্তীর জীবনের সংগ্রাম যেন সিনেমার গল্প কেও হার মানাবে। ছোটবেলা থেকে তিল তিল করে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন। একমুঠো খাবারের বিনিময়ে নাচতেন পার্টিতে, এফটিআইআই পাশ করেও কেটেছে ফুটপাতে!
মহাগুরুর হার-না-মানা লড়াই

'সাফল্য কাকে বলে মিঠুনদাকে দেখে শেখা উচিত',।মহাগুরুর মাড আইল্যান্ডের বাংলোয় বসে আবেগপ্রবণ ফারাহ খান।

অভাব, অনাহার আর চরম অনিশ্চয়তা যাঁকে ঘিরে রেখেছিল একসময়, সেই মানুষটির নামই আজ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল অধ্যায় মিঠুন চক্রবর্তী। কিন্তু ডিস্কো ডান্সারের আলো ঝলমলে জীবনের নেপথ্যে যে অন্ধকার দিনগুলো ঢাকা পড়ে আছে, তা যেকোনো রূপকথার গল্পকেও হার মানায়। সম্প্রতি কোরিওগ্রাফার-পরিচালক ফারাহ খানের ইউটিউব ভ্লগে এসে নিজের জীবনের সেই কঠিন সংগ্রামের কথা শেয়ার করেছেন মেগাস্টার 'মহাগুরু'।

সাফল্যের শীর্ষে পৌঁছনোর আগের সময়টা মিঠুন চক্রবর্তীর জন্য মোটেও সহজ ছিল না। দিনের পর দিন রাতে একমুঠো খাবারের আশায় পার্টিতে বিনামূল্যে নাচতেন তিনি। বিখ্যাত চিত্রনাট্যকার কে. কে. শুক্লার বাড়িতে অমিতাভ বচ্চনের জন্য রাখা পার্টিতেও নাচ পরিবেশন করতেন তরুণ মিঠুন, কেবল রাতের খাবারের বিনিময়ে। শুধুই কি খাবার? মাথার ওপর ছিল না একটু নিশ্চিত ছাদও। ক্লান্তি যখন শরীরকে টেনে নামাত, হাঁটতে হাঁটতে মাথা ঘুরে ধপ করে শুয়ে পড়তেন ফুটপাতে বা পার্কের বেঞ্চে। এফটিআইআই থেকে পাশ করার পর তাঁর একমাত্র আশ্রয় হয়েছিল একটি পুরোনো গাড়ি, যেখানে টানা ১৫ দিন কাটিয়েছিলেন তিনি।

এমনকি স্নান করার সুযোগ পেতে একটি জিম পরিষ্কার করার কাজও করেছেন হাসিমুখে।
তবে নিষ্ঠা আর অদম্য জেদ কখনও হার মানতে দেয় না। ১৯৭৬ সালে মৃণাল সেনের 'মৃগয়া' দিয়ে শুরু করে একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি। সুরক্ষার সেটে যোগিতা বালির সঙ্গে প্রেম এবং পরবর্তীতে এক পুরোহিতকে ডেকে শোওয়ার ঘরে আধ ঘণ্টার মধ্যে বিয়ে সব মিলিয়ে জীবনের প্রতিটি অধ্যায়ই যেন এক রোমাঞ্চকর সিনেমা। ১৯৯৯ সালে রেকর্ড সংখ্যক ১৯টি ছবি মুক্তি পেয়েছিল তাঁর, যা তাঁর নাম তুলে দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। ২০২৪ সালে পেয়েছেন পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে সম্মান।

আজ সেই ফুটপাতে কাটানো ছেলেই প্রায় ৪০০ কোটি টাকার সম্পদের মালিক। মুম্বইয়ের মাড আইল্যান্ডে তাঁর বিশাল বাংলো যেন এক স্বপ্নের বাগানবাড়ী। প্রায় দেড় একর জমির উপর গড়ে ওঠা এই বাংলোয় রয়েছে নিজস্ব জিম, শুটিং স্টুডিয়ো এবং সবুজ প্রকৃতির ছোঁয়া। রয়েছে চক্রবর্তীর নিজস্ব প্রোডাকশন হাউসও। ফারাহ খানের ভ্লগে তাঁর ছেলেরা ঘুরিয়ে দেখিয়েছেন সেই বাংলোর প্রতিটি কোণ, যেখানে আজও সযত্নে রাখা আছে জীবনের প্রথম উপার্জনের পুরোনো গাড়িটি।
ফুটপাতে ঘুমোনো ছেলেটা থেকে শুরু করে ১৬টি বাংলোর মালিক হওয়া মিঠুন চক্রবর্তীর গল্প শুধু এক অভিনেতার উত্থান নয়, বরং স্বপ্নপূরণের এক চিরন্তন লড়াই। অতীতকে ভুলে যাননি বলেই তিনি এখনও এত মাটির মানুষ। ফারাহ খানের জন্য নিজের হাতে বাঙালি আলুর পদ রেঁধে খাওয়ানো মিঠুনদাই প্রমাণ করেন, সাফল্য কেবল অর্থ বা খ্যাতিতে মাপায় না, তা লুকিয়ে থাকে মানুষের মনের বিশালতায়।

#MithunChakrabortyStruggleStory #MithunChakraborty #MithunDa #BollywoodLegend #MithunChakrabortyBiography #MithunChakrabortyCareer #ActorStruggleStory #IndianCinema #BollywoodActor #MithunChakrabortySuccess
