---
title: "৭০টিরও বেশি দেশে বিপর্যয়! অবশেষে স্বাভাবিক Microsoft-এর পরিষেবা"
url: "https://prothomkolkata.com/microsoft-global-outage-service-restore-outlook/"
published: "2026-11-14T09:28:16+00:00"
modified: "2026-11-14T09:28:21+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রযুক্তি"]
---

# ৭০টিরও বেশি দেশে বিপর্যয়! অবশেষে স্বাভাবিক Microsoft-এর পরিষেবা

Microsoft Global Outage: একদিনেরও বেশি সময় ধরে চলা বিশ্বজোড়া বিভ্রাটের পর অবশেষে স্বাভাবিক হল মাইক্রোসফট-এর পরিষেবা। আউটলুক , মাইক্রোসফট টিমস এবং Copilot-এর মতো গুরুত্বপূর্ণ পরিষেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ। ব্যবসায়িক কাজ থেকে শুরু করে সরকারি পরিষেবা, হাসপাতাল, আদালত এবং ব্যক্তিগত যোগাযোগ—বিভিন্ন ক্ষেত্রেই এর প্রভাব পড়ে। তবে শনিবার সকালে মাইক্রোসফট জানায়, সমস্যার মূল কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। পরিষেবা পুনরুদ্ধারের কাজও সম্পূর্ণ হয়েছে। ফলে গ্রাহকদের আর সমস্যায় পড়ার কথা নয় বলে জানিয়েছে সংস্থা।

মাইক্রোসফট-এর এই বিভ্রাট বিশ্বের ৭০টিরও বেশি দেশে প্রভাব ফেলেছিল। সংস্থার বিভিন্ন পরিষেবা ব্যবহার করেন বিশ্বজুড়ে প্রায় ৪৩ কোটি মানুষ। ফলে প্রযুক্তিগত এই সমস্যার প্রভাব ছড়িয়ে পড়ে একাধিক দেশ এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে। বৃহস্পতিবার থেকেই Microsoft 365-এর বিভিন্ন পরিষেবা ব্যবহার করতে গিয়ে সমস্যার কথা জানাতে শুরু করেন গ্রাহকরা। ধীরে ধীরে সেই সমস্যা আরও বড় আকার নেয়।

## কী কারণে বিভ্রাট? (Microsoft Global Outage)

মাইক্রোসফট জানিয়েছে, তাদের নেটওয়ার্কের ক্ষমতা বাড়ানোর জন্য একটি আপগ্রেডের কাজ চলছিল। সেই কাজের সময়ই প্রযুক্তিগত সমস্যা তৈরি হয়। সংস্থার দাবি, এর পিছনে কোনও সাইবার হামলার ঘটনা ছিল না। কৃত্রিম বুদ্ধিমত্তা বা কোনও AI এজেন্টের কারণেও এই সমস্যা তৈরি হয়নি।

বৃহস্পতিবার GMT সময় বিকেল ৫টা ৫৪ মিনিটে প্রথমবার সমস্যার কথা স্বীকার করে মাইক্রোসফট । আমেরিকার বিভিন্ন অঞ্চলে ব্যবহারকারীরা এক্সচেঞ্জ অনলাইন মেলবক্স খুলতে পারছিলেন না। পরে সংস্থার তরফে জানানো হয়, এই সমস্যা বিশ্বজুড়ে Microsoft 365 পরিষেবায় প্রভাব ফেলতে পারে। শুরু হয় সমস্যা খতিয়ে দেখার কাজ। পরিষেবা স্বাভাবিক করতে কাজে নামেন প্রযুক্তিবিদরা। শুক্রবার ভোর ৪টা ৩৬ মিনিটে মাইক্রোসফট জানায়, বিশ্বের কয়েকটি অঞ্চলে পরিষেবা আংশিকভাবে ফিরেছে। তবে তখনও সমস্যা পুরোপুরি মেটেনি। শুক্রবার GMT সময় দুপুর ১টা ৩২ মিনিটে সংস্থা জানায়, উত্তর আমেরিকায় পরিষেবার উন্নতি হয়েছে। ইউরোপের বেশিরভাগ অংশেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলেও পরিষেবা ফেরার ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে। সমস্যার প্রভাবের কারণে একসঙ্গে সব পরিষেবা চালু করা সম্ভব হয়নি বলে জানিয়েছে মাইক্রোসফট । ধাপে ধাপে পরিষেবা ফিরিয়ে আনা হয়েছে। যাতে পুনরায় চালু হওয়ার পর সেগুলি স্থিতিশীল থাকে, সেই বিষয়েও নজর দেওয়া হয়েছে।

## হাসপাতাল, আদালত থেকে সরকারি কাজেও প্রভাব (Microsoft Global Outage)

এই বিভ্রাটের প্রভাব পড়ে একাধিক দেশের গুরুত্বপূর্ণ পরিষেবায়। জাপান সরকারের বিভিন্ন কাজ এবং ফিলিপাইনের সুপ্রিম কোর্টের পরিষেবাতেও সমস্যা তৈরি হয়। অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থাও এই বিভ্রাটের প্রভাবের মুখে পড়ে। উত্তর আমেরিকার বিভিন্ন হাসপাতাল, আদালত এবং রেল পরিষেবাতেও সমস্যা দেখা দেয়। ব্রিটেনে NHS-এর কিছু বিভাগ, কয়েকটি স্কুল এবং পুলিশ বাহিনীর কাজেও প্রভাব পড়ে। তবে ব্রিটেনের সাইবারমন্ত্রী লিজ লয়েড জানান, ৯৯৯ নম্বরে জরুরি ফোন পরিষেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এর প্রভাব সীমিত ছিল। পরিবহণ ব্যবস্থাতেও কোনও বড় ধরনের সমস্যা হয়নি বলে জানান তিনি।

কানাডায় জাতীয় রেল পরিষেবার তরফে জানানো হয়, যাত্রীরা তাঁদের সফর সংক্রান্ত ইমেল আপডেট নাও পেতে পারেন। দেশটির বিভিন্ন হাসপাতালেও ইমেল পরিষেবা নিয়ে সমস্যা দেখা দেয়।আমেরিকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের কর্মীরা সংবাদমাধ্যম পলিটিকো কে জানান, মাইক্রোসফট আউটলুক এর উপর নির্ভরশীল হওয়ায় আইন প্রণয়নের কাজ একদিনের জন্য পিছিয়ে যায়। সিঙ্গাপুর সরকারও স্বীকার করে, তাদের কয়েকটি সরকারি ব্যবস্থা এই সমস্যায় প্রভাবিত হয়েছে। ভারতেও শুক্রবার বহু মানুষের কাজ ব্যাহত হয়। তুরস্কের আন্টালিয়ায় চলা COP31 জলবায়ু সম্মেলনে উপস্থিত আধিকারিক এবং উপদেষ্টারাও আউটলুক ব্যবহার করতে না পেরে সমস্যায় পড়েন।

## ব্যবসা ও সাধারণ মানুষের ভোগান্তি (Microsoft Global Outage)

শুধু সরকারি বা বড় প্রতিষ্ঠান নয়, ছোট ব্যবসা এবং সাধারণ মানুষের জীবনেও প্রভাব ফেলে এই বিভ্রাট। দক্ষিণ আফ্রিকার মদ প্রস্তুতকারক পিটার পেন্টজ জানান, মাইক্রোসফট এর পরিষেবা বন্ধ থাকায় তাঁর ব্যবসার কাজ কার্যত থমকে গিয়েছিল। বিদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে যোগাযোগ ব্যাহত হয়। উৎপাদনের গুরুত্বপূর্ণ কাজও বন্ধ রাখতে হয়। দৈনন্দিন ব্যবসার একাধিক ক্ষেত্রে মাইক্রোসফট এর পরিষেবার উপর নির্ভরশীল তাঁদের সংস্থা।ইংল্যান্ডের স্ট্যাফোর্ডশায়ারের বাসিন্দা জর্জিয়াও সমস্যায় পড়েন। আট মাস অপেক্ষার পর শুক্রবার তাঁর প্রথম বাড়ি কেনার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু মাইক্রোসফট এর পরিষেবা বিভ্রাটের কারণে আইনজীবীরা অন্য সংস্থার সঙ্গে যোগাযোগ করতে সমস্যায় পড়েন। ফলে বাড়ি কেনার কাজ পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

## ক্ষমা চাইল মাইক্রোসফট , সতর্ক করলেন বিশেষজ্ঞরা (Microsoft Global Outage)

এই ঘটনায় গ্রাহক এবং সহযোগী সংস্থাগুলির কাছে ক্ষমা চেয়েছে মাইক্রোসফট । সংস্থার এক মুখপাত্র জানান, পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকরা যে আস্থা রাখেন, তার গুরুত্ব তারা বোঝে। এই সমস্যার জন্য তাঁরা আন্তরিকভাবে দুঃখিত। ঘটনার সম্পূর্ণ পর্যালোচনা শেষ হলে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।তবে এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। সাইবার নিরাপত্তা সংস্থা e2e-assure-এর প্রধান রব ডেমেইন বলেন, বিশ্বের গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি যে হাতে গোনা কয়েকটি বড় প্রযুক্তি সংস্থার উপর নির্ভরশীল, এই ঘটনা তা স্পষ্ট করে দিয়েছে। প্রযুক্তি পরামর্শদাতা সংস্থা Adaptavist-এর ফিল্ড চিফ টেকনোলজি অফিসার ম্যাট সন্ডার্সের মতে, একই ধরনের সমস্যা এড়াতে বিকল্প পরিষেবা ব্যবহারের পরিকল্পনা করা প্রয়োজন। তবে বাস্তবে মাইক্রোসফট এর মতো পরিষেবা ছাড়া ব্যবসা চালানো কঠিন। তাই এমন পরিস্থিতিতে প্রযুক্তিগত পরিষেবা বন্ধ থাকলেও কীভাবে কাজ চালানো যাবে, তার আগাম পরিকল্পনা থাকা জরুরি। মাইক্রোসফট এর এই বিভ্রাট ফের একবার বিশ্বজুড়ে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার দুর্বলতা সামনে এনে দিল।
