---
title: "বিরোধী দলনেতা কে? ৪ ডিসেম্বরের আগে বড় পরীক্ষা মমতা শিবিরের!"
url: "https://prothomkolkata.com/leader-of-opposition-mamata-ritabrata/"
published: "2026-11-29T16:12:00+00:00"
modified: "2026-11-29T16:12:04+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# বিরোধী দলনেতা কে? ৪ ডিসেম্বরের আগে বড় পরীক্ষা মমতা শিবিরের!

Leader of Opposition: বিধানসভায় বিরোধী দলনেতা কে হবেন, তা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন আরও বাড়ল। একদিকে [মমতা বন্দ্যোপাধ্যায়ের](https://prothomkolkata.com/mamatas-harsh-response-to-the-suspension-of-the-opposition-what-did-he-say/)অনুগামী তৃণমূল বিধায়করা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে হাতিয়ার করতে চলেছেন বিতর্কিত রেজলিউশন খাতাকে। অন্যদিকে, পালটা প্রস্তুতি নিয়ে রেখেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরও। ফলে বিরোধী দলনেতার পদ ঘিরে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত শিবিরের লড়াই নতুন মোড় নিতে চলেছে।

কলকাতা হাই কোর্টের নির্দেশের পর আপাতত বিধানসভায় বিরোধী দলনেতার পদটি শূন্য রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বরের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বোসকে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ওই পদে থাকবেন, নাকি অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে, তা ঠিক করবেন স্পিকার। এই পরিস্থিতিতে দু'পক্ষকেই নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হতে পারে।

শনিবার হাই কোর্টের রায় সামনে আসার পরেই বিধানসভায় যান স্পিকার রথীন্দ্রনাথ বোস। দীর্ঘক্ষণ সেখানে থেকে তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখেন। পাশাপাশি আইনি পরামর্শও নেন বলে বিধানসভা সূত্রে খবর। সূত্রের খবর, ডিসেম্বরের শুরুতেই বিজনেস অ্যাডভাইজরি (বিএ) কমিটির বৈঠকে দু'পক্ষকে ডাকা হতে পারে।

## রেজলিউশন খাতাই হাতিয়ার কালীঘাট শিবিরের (Resolution Register Leader of Opposition)

সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের ক্ষেত্রে কালীঘাট তৃণমূলের অন্যতম হাতিয়ার হতে চলেছে সেই বিতর্কিত রেজলিউশন খাতা। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের কিছুদিন পরেই তৃণমূল বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগ সামনে এসেছিল। অভিযোগ ছিল, দলের একটি বৈঠকে অনুপস্থিত থাকা সত্ত্বেও কয়েকজন বিধায়কের সই রেজলিউশন খাতায় দেখা গিয়েছে। বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাব পাশ করানোর জন্য ডাকা ওই বৈঠক ঘিরেই বিতর্ক তৈরি হয়।

এমনকী, [অভিষেক বন্দ্যোপাধ্যায়ের](https://prothomkolkata.com/abhishek-banerjee-protection-extended-february/) ইন্ধনে অনুপস্থিত বিধায়কদের স্বাক্ষর নকল করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। বর্তমানে এই ঘটনার তদন্ত করছে সিআইডি। জানা গিয়েছে, স্পিকারের তরফে ডাক এলে ওই রেজলিউশন খাতা নিয়ে হাজির হতে পারেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। খাতায় থাকা বিধায়কদের স্বাক্ষর দেখিয়ে নিজেদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরতে পারে কালীঘাট শিবির। পাশাপাশি কলকাতা হাই কোর্টের নির্দেশনামাও তাদের সঙ্গে থাকবে। ওই নির্দেশে স্পিকারের ভূমিকা নিয়ে সমালোচনা করা হয়েছে।

## পালটা প্রস্তুত ঋতব্রত শিবিরের (Ritabrata Banerjee Leader of Opposition)

অন্যদিকে, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে আত্মবিশ্বাসী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। তাঁর দাবি, ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত বিধায়ক রয়েছেন। এখনও পর্যন্ত স্পিকারের তরফে কোনও ডাক আসেনি বলেও জানিয়েছেন তিনি। তবে ডাক এলে নিজেদের অবস্থান স্পষ্ট করবেন বলে জানিয়েছেন ঋতব্রত। বিরোধী দলনেতার পদ নিয়ে বিধানসভার অন্দরে নতুন করে রাজনৈতিক লড়াই শুরু হতে চলেছে। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে স্পিকারের সিদ্ধান্তের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
