---
title: "১৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা ছিল মাথার দাম! কে এই লস্কর জঙ্গি লতিফ ভাট?"
url: "https://prothomkolkata.com/latif-bhat-kulgam-lashkar-militant-profile/"
published: "2026-11-18T09:01:58+00:00"
modified: "2026-11-18T11:44:46+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ভারত"]
---

# ১৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা ছিল মাথার দাম! কে এই লস্কর জঙ্গি লতিফ ভাট?

Latif Bhat: কুলগামের একটি মসজিদ ঘিরে রেখেছে নিরাপত্তাবাহিনী। ভিতরে লুকিয়ে রয়েছেন এক জঙ্গি। বাইরে থেকে বারবার আত্মসমর্পণের আবেদন জানানো হচ্ছে। কিন্তু তাতে সাড়া নেই। শেষ পর্যন্ত নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল লস্কর-এ-ত্যায়বার জঙ্গি মহম্মদ লতিফ ভাটের। জম্মু-কাশ্মীর পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন তিনি। তাঁর মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১৫ লক্ষ টাকা। পুলিশ ও নিরাপত্তাবাহিনীর উপর হামলা থেকে শুরু করে অ-কাশ্মীরিদের বেছে বেছে হত্যার একাধিক অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। কুলগামে সিআরপিএফ চৌকিতে হামলার ঘটনার পর থেকেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী।

গত বুধবার কুলগামে অভিযান চালিয়ে লতিফকে খুঁজে পায় নিরাপত্তাবাহিনী। একটি মসজিদে তাঁর লুকিয়ে থাকার খবর পেয়েই সেখানে পৌঁছে যায় বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। তাঁকে আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন লতিফ। এরপর নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তাঁর মৃত্যু হয়।

## কে এই লতিফ ভাট? (Latif Bhat)

লতিফ ভাটের পুরো নাম মহম্মদ লতিফ ভাট। তিনি জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার খেব্রান চাডর এলাকার বাসিন্দা ছিলেন। ওই এলাকাটি নয়ি বস্তি নামেও পরিচিত। তাঁর শিক্ষাজীবন শুরু হয়েছিল স্থানীয় আশমুজি সরকারি স্কুলে। সেখান থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন তিনি। এরপর কুলগামের একটি কলেজে ভর্তি হয়েছিলেন। তবে পড়াশোনা শেষ না করেই কলেজ ছেড়ে দেন।

কলেজ ছাড়ার পর কাঠের মিস্ত্রি হিসেবে কাজ শুরু করেন লতিফ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের ১৯ নভেম্বর হঠাৎই নিখোঁজ হয়ে যান তিনি। তাঁর কোনও খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন। কিন্তু কয়েক দিন পরেই তাঁর জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার খবর সামনে আসে। জানা যায়, লস্কর-এ-ত্যায়বার ছায়া সংগঠন 'দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট' বা টিআরএফে যোগ দিয়েছেন তিনি।

## দক্ষিণ কাশ্মীরে সক্রিয় জঙ্গি কার্যকলাপের নেতৃত্ব (Latif Bhat)

নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, দক্ষিণ কাশ্মীরে লস্কর-এ-ত্যায়বার সক্রিয় স্থানীয় জঙ্গিদের মধ্যে অন্যতম ছিলেন লতিফ। ওই অঞ্চলে জঙ্গি কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে অভিযোগ। শুধু তা-ই নয়, কুলগাম এবং অনন্তনাগ জেলায় একাধিক স্লিপার সেল তৈরি করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

পুলিশের দাবি, এই দুই জেলায় নিরাপত্তাবাহিনীর উপর হামলার পরিকল্পনা এবং অ-কাশ্মীরিদের নিশানা করার ঘটনায় লতিফের নাম উঠে এসেছিল। একাধিক হত্যার অভিযোগেও তাঁকে খুঁজছিল পুলিশ। সেই কারণেই জম্মু-কাশ্মীর পুলিশ ও নিরাপত্তাবাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকায় জায়গা হয়েছিল তাঁর।

## সিআরপিএফ চৌকিতে হামলায় উঠে আসে নাম (Latif Bhat)

গত ১১ নভেম্বর কুলগামে সিআরপিএফের একটি চৌকিতে হামলা চালায় দুই জঙ্গি। ওই হামলার পর নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় জঙ্গি নিসার দারের। তিনি এই হামলার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। কিন্তু ওই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত হিসেবে লতিফ ভাটের নাম সামনে আসে। নিসার দারের মৃত্যু হলেও লতিফের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এরপর থেকেই তাঁকে খুঁজতে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। শেষ পর্যন্ত বুধবার কুলগামের একটি মসজিদে তাঁর অবস্থানের খবর পাওয়া যায়। সেই খবরের ভিত্তিতেই অভিযান চালানো হয়।

## একাধিক হামলার অভিযোগ, মাথার দাম ১৫ লক্ষ টাকা (Latif Bhat)

লতিফের বিরুদ্ধে এর আগেও একাধিক গুরুতর অভিযোগ উঠেছিল। গত ২২ জুলাই শ্রীনগরের লাল চকে এক পুলিশ কনস্টেবলকে হত্যার ঘটনায় তাঁর নাম সামনে আসে। পাশাপাশি, ৩১ জুলাই কুলগামে এক পরিযায়ী শ্রমিককে হত্যার ঘটনাতেও তাঁর যোগ থাকার অভিযোগ ওঠে। এই দুই ঘটনার পর থেকেই নিরাপত্তাবাহিনীর নজরে ছিলেন তিনি।

জুলাই মাসেই শোপিয়ানে সেনাবাহিনীর একটি অভিযানে প্রায় ধরা পড়ে গিয়েছিলেন লতিফ। তবে সেবার কোনও রকমে পালিয়ে যেতে সক্ষম হন। ওই অভিযানেই জঙ্গি নেতা জাকির আহমেদ গনীর মৃত্যু হয়েছিল। এরপর লতিফের খোঁজে তল্লাশি আরও জোরদার করা হয়। তাঁর সন্ধান দিতে পারলে ১৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছিল কুলগাম পুলিশ।

## চার মোস্ট ওয়ান্টেড জঙ্গির তালিকায় ছিলেন লতিফ (Latif Bhat)

লতিফের মৃত্যুর কয়েক দিন আগেই জম্মু-কাশ্মীর পুলিশ শ্রীনগরের বিভিন্ন জায়গায় চার জন লস্কর জঙ্গির ছবি ও নাম দিয়ে পোস্টার লাগিয়েছিল। ওই চার জনের মধ্যে ছিলেন লতিফ ভাটও। বাকি তিন জন হলেন বিলাল আহমেদ মীর, মহম্মদ উমর মীর এবং আবিদ কয়ুম লোন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিলাল আহমেদ মীর ও মহম্মদ উমর মীর সোপোর এলাকায় সক্রিয় ছিলেন। অন্যদিকে, আবিদ কয়ুম লোনের কার্যকলাপ ছিল বারামুলা এলাকায়। সেনা সূত্রের দাবি, এই তিন জন পাক-অধিকৃত কাশ্মীর থেকে জম্মু-কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ পরিচালনা করছিলেন বলে সন্দেহ। দক্ষিণ কাশ্মীরে সেই কাজের সঙ্গে যুক্ত ছিলেন লতিফ। লতিফের মৃত্যুর ফলে দক্ষিণ কাশ্মীরে লশকরের স্থানীয় জঙ্গি কার্যকলাপের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছে নিরাপত্তামহল। তবে ওই অঞ্চলে তাঁর তৈরি করা স্লিপার সেলগুলি এখনও সক্রিয় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
