---
title: "‘স্রেফ একটা জঘন্য দাদার জন্য বৌদি-দেওরের সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে’, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কুণাল ঘোষের পোস্ট ঘিরে বিতর্ক"
url: "https://prothomkolkata.com/kunal-ghosh-nayana-banerjee/"
published: "2026-11-12T14:56:14+00:00"
modified: "2026-11-12T14:56:18+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# ‘স্রেফ একটা জঘন্য দাদার জন্য বৌদি-দেওরের সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে’, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কুণাল ঘোষের পোস্ট ঘিরে বিতর্ক

Kunal Ghosh Nayana Banerjee: নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি দিয়ে আক্ষেপ কুণালের, পাল্টা প্রতিক্রিয়ায় জুন মাসের অপমানের প্রসঙ্গ তুলে ধরলেন চৌরঙ্গীর বিধায়ক

রাজনীতির ময়দানে বিরোধ যতই থাকুক, ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ সব সময় যে তার সঙ্গে তাল মিলিয়ে চলে, এমন নয়। এবার সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে চলে এল তৃণমূলের দুই পরিচিত মুখ বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং নয়না বন্দ্যোপাধ্যায়ের কথায়। একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে তাঁর স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজের দীর্ঘদিনের আন্তরিক সম্পর্কের দূরত্ব তৈরি হওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। অন্যদিকে,কুণালের এই বক্তব্যে সায় দিতে নারাজ চৌরঙ্গীর বিধায়ক নয়না। তাঁর অভিযোগ, চলতি বছরের জুন মাসে সুদীপ বন্দ্যোপাধ্যায় যেভাবে তাঁকে অপমান করেছিলেন এবং তাঁর শরীর নিয়ে কটাক্ষ করেছিলেন, সেই ঘটনার পর সম্পর্কের কথা বলার আগে একজন মহিলাকে সম্মান করতে শেখা উচিত। নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজের একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করে কুণাল যে মন্তব্য করেছেন, তা ঘিরেই নতুন করে আলোচনায় উঠে এসেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দলবদল, তৃণমূলের অন্দরের অসন্তোষ এবং পুরনো রাজনৈতিক সংঘাত।

## ছবি পোস্ট করে কী লিখলেন কুণাল ঘোষ?

নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন, “স্রেফ একটা জঘন্য দাদার জন্য বৌদি আর দেওরের এমন সুন্দর দিদিভাইয়ের মতো সম্পর্কটা নষ্ট হচ্ছে।” এই মন্তব্যের মাধ্যমে তিনি স্পষ্টতই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। কুণালের বক্তব্য, নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বহুদিনের আন্তরিক ও সুন্দর সম্পর্ক। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান পরিবর্তন এবং তাঁর দলবদলের সিদ্ধান্তের বিরোধিতা করতে গিয়ে সেই সম্পর্কেও দূরত্ব তৈরি হচ্ছে।

কুণালের কথায়, “আমার একটা প্রিয় বৌদি, প্রিয় দিদি নয়নাদির সঙ্গে একটা সুন্দর সম্পর্ক বহু দিনের সম্পর্ক। একটা আন্তরিক সম্পর্ক। নয়নাদির সঙ্গে এই যে আমার একটা ডিস্টেন্স হচ্ছে, এটা ওই দুষ্টু দাদার জন্যই হচ্ছে।”

এরপরই তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে আক্রমণ শানান। কুণালের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পর দল বদলে বিজেপির পক্ষে চলে যাওয়ার মতো সিদ্ধান্তের জন্যই তাঁকে রাজনৈতিকভাবে আক্রমণ করতে হচ্ছে। দলের মুখপাত্র হিসেবে সুদীপের বিরোধিতা করতে গিয়ে তাঁর স্ত্রী নয়নারও যে অস্বস্তি তৈরি হচ্ছে, তা বুঝতে পারছেন কুনাল।

তিনি আরও বলেন, “বৌদির স্বামীকে আমাকে অ্যাটাক করতে হচ্ছে। বৌদি এদিকে এনসিপিআইয়ের বর তৃণমূলের কনে।” অর্থাৎ, রাজনৈতিক অবস্থানের কারণে ব্যক্তিগত সম্পর্কের যে অস্বস্তি তৈরি হয়েছে, সেই আক্ষেপই প্রকাশ করতে চেয়েছেন তিনি।

কুণালের বক্তব্য, “ভাই বোন বৌদি দেওরের সম্পর্ক সেটা নষ্ট হচ্ছে। সেটা এই জঘন্য দাদার রাজনৈতিক দুষ্টুমির জন্য হচ্ছে। সেই আক্ষেপ দুঃখ থেকে। মানে আমি বৌদি নয়নাদিকে মিস করি সেই দুঃখ থেকেই আমি এই পোস্টটা করেছি।”

## কুণালের পোস্টে আপত্তি নয়নার, জুন মাসের অপমানের প্রসঙ্গ

কুণাল ঘোষের এই পোস্টের পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, কুনালের এই আবেগের সঙ্গে তিনি একমত হতে পারছেন না। কারণ, চলতি বছরের জুন মাসে সুদীপ বন্দ্যোপাধ্যায় যেভাবে তাঁকে অপমান করেছিলেন, তা তিনি ভুলতে পারেননি। নয়নার কথায়, “আমি এটাতে মেনে নিতে পারি না। তার কারণ উনি এই বছরই জুন মাসে উনি যেভাবে আমাকে বডি শেম করেছেন এবং যেভাবে আমাকে অপমান করেছেন তখন মিস্টার বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিলেন এনসিপিআইতে।” এরপর তিনি জানান, সেই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছিল। নেত্রী তাঁকে সরাসরি জানতে চেয়েছিলেন, তিনি দল ছেড়ে চলে গিয়েছেন কি না। নয়নার বক্তব্য, “আমার নেত্রীর সঙ্গে কথা হয়। নেত্রী আমাকে পার্টিকুলারলি জিজ্ঞাসা করেন, তুই কি চলে গেলি? আমি বলি না দিদি, আমি তোমায় ছেড়ে যাইনি। কথা হয়ে গেছে।”

নয়নার অভিযোগ, এর পরের দিনই তাঁকে অত্যন্ত নোংরা ভাষায় আক্রমণ করা হয়েছিল। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, “আগে উনি একজন মহিলাকে সম্মান দিতে শিখুন। তারপর উনি দাদা ভাই বোন দেওর বৌদি এসব করতে আসবেন।”

অর্থাৎ, কুণাল ঘোষ যেখানে ব্যক্তিগত সম্পর্কের দূরত্ব নিয়ে দুঃখ প্রকাশ করছেন, সেখানে নয়না বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে এসেছে অপমানের পুরনো ক্ষত। তাঁর মতে, রাজনৈতিক বিরোধ বা পারিবারিক সম্পর্কের কথা বলার আগে একজন মহিলার প্রতি সম্মান দেখানো জরুরি।

## জুন মাসে সুদীপকে নিয়ে কী বলেছিলেন কুনাল?

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুনাল ঘোষের আক্রমণ অবশ্য নতুন নয়। চলতি বছরের জুন মাসেও তাঁকে ঘিরে একাধিক কড়া মন্তব্য করেছিলেন কুনাল। সেই সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দলবদল এবং বিজেপির সঙ্গে তাঁর রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে সরব হয়েছিলেন তিনি।

তখন কুণাল বলেছিলেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।” অর্থাৎ, তাঁর কটাক্ষ ছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরও একজনকেও রাজনৈতিকভাবে পাওয়া যাচ্ছে।

## তাপস রায় থেকে সজল ঘোষ, পুরনো অভিযোগও ফের সামনে আনলেন কুণাল

জুন মাসে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে কুণাল ঘোষ আরও কয়েকটি পুরনো রাজনৈতিক ঘটনার উল্লেখ করেছিলেন। তাঁর বক্তব্যে উঠে এসেছিল তাপস রায়ের দল ছাড়ার প্রসঙ্গ। কুনালের প্রশ্ন ছিল, তাপস রায়ের মতো দক্ষ একজন নেতাকে কেন দল ছাড়তে হল? তিনি অভিযোগ করেছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় একসময় তাঁকে বার্তা পাঠিয়ে কেঁদে কেঁদে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবার উত্তর কলকাতার সাংসদ হওয়ার আবেদন করেছিলেন।

এ ছাড়াও সজল ঘোষের বাড়ির দরজা পুলিশ দিয়ে ভাঙার ঘটনার প্রসঙ্গ তুলেছিলেন তিনি। কুনালের দাবি, সেই ঘটনার সময় তিনি প্রকাশ্যে প্রতিবাদ করেছিলেন। সমাজমাধ্যমে প্রতিবাদ জানানোর পর দলের তরফে তাঁকে অপমান ও শাস্তির মুখে পড়তে হয়েছিল বলেও অভিযোগ করেছিলেন তিনি।

তাপস রায়কে নিয়ে নিজের অবস্থানের প্রসঙ্গে কুণাল বলেছিলেন, তাপস রায় ভালো—এই মন্তব্য করার জন্যই তাঁকে সাসপেন্ড হতে হয়েছিল। পরে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের দিকে ইঙ্গিত করে তাঁর প্রশ্ন ছিল, কে ভালো আর কে খারাপ, তা কি এখন স্পষ্ট হচ্ছে না? এই পুরনো অভিযোগগুলিই আবার সামনে এসেছে, নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করে কুণালের নতুন মন্তব্যের পর। ফলে বিষয়টি শুধু ব্যক্তিগত সম্পর্কের আক্ষেপে আটকে থাকছে না, তৃণমূলের অন্দরের পুরনো অসন্তোষ ও রাজনৈতিক সংঘাতও নতুন করে আলোচনায় উঠে আসছে।
