---
title: "যে চিটফান্ড মামলায় জেল, সেই নামেই উপন্যাস কুণালের!"
url: "https://prothomkolkata.com/kunal-ghosh-chitfund-novel-political-thriller/"
published: "2026-11-28T13:57:43+00:00"
modified: "2026-11-28T13:57:47+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# যে চিটফান্ড মামলায় জেল, সেই নামেই উপন্যাস কুণালের!

Kunal Ghosh New Novel Chitfund: একসময় যাকে চিটফান্ড মামলায় গ্রেফতার হয়ে প্রায় তিন বছর জেলে কাটাতে হয়েছিল, ১৩ বছর পর সেই চিটফান্ডকেই উপন্যাসের বিষয় করে তুললেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। নতুন উপন্যাসের নামও ‘**[চিটফান্ড](https://prothomkolkata.com/junior-pc-sarkar-in-legal-quagmire-of-chit-fund-case-hajira-at-cgo-complex/)**’। করুণা প্রকাশনী থেকে প্রকাশিত এই বইকে রাজনৈতিক থ্রিলার হিসেবে সামনে এনেছেন লেখক। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়, ২০১৩ সালের নভেম্বরেই চিটফান্ড মামলায় গ্রেফতার হয়েছিলেন কুণাল। আর ২০২৬ সালের নভেম্বরেই প্রকাশ্যে এল তাঁর নতুন উপন্যাস।

## চিটফান্ডের টাকা কীভাবে ছড়ায় রাজনীতি থেকে কর্পোরেট দুনিয়ায়? (Kunal Ghosh Chitfund Novel)

সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে নিজের নতুন বইয়ের কথা জানিয়েছেন কুণাল। তিনি বলেন, আলাদা করে কোনও আনুষ্ঠানিক উদ্বোধন বা প্রকাশ অনুষ্ঠান করেননি। তাই পাঠকদের সামনে বইটি তুলে ধরছেন। তাঁর কথায়, চিটফান্ড একটি গভীর সামাজিক সমস্যা। এখানে টাকা জমা রাখা সাধারণ মানুষ যেমন বিপদে পড়েন, তেমনই সমস্যায় পড়েন এই সংস্থাগুলিতে কাজ করতে আসা কর্মীরাও।

[কুণাল](https://prothomkolkata.com/kunal-ghosh-akhroz-zaman-clash-west-bengal/) জানিয়েছেন, চিটফান্ডের বিপুল টাকা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়। কখনও তার প্রভাব পড়ে সংবাদমাধ্যমের একাংশে, কখনও রাজনীতি, শিল্পজগৎ এবং কর্পোরেট ক্ষেত্রে। এই টাকা কীভাবে বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ে, সেটাই উপন্যাসের মূল বিষয়। গল্পে রয়েছে একাধিক চরিত্র এবং নানা ঘটনা।

![](https://prothomkolkata.com/wp-content/uploads/2026/11/1001357213-894x1024.jpg)

## বাস্তব ঘটনার সঙ্গে মিল নেই, দাবি লেখকের (Kunal Ghosh's New Book)

তবে বইটি নিয়ে একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন কুণাল। তাঁর দাবি, উপন্যাসের সমস্ত চরিত্র কাল্পনিক। বাস্তবের কোনও ব্যক্তি বা ঘটনার সঙ্গে চরিত্রের মিল পাওয়া গেলে তা সম্পূর্ণ কাকতালীয়। যদিও উপন্যাসের বিষয়বস্তু সমাজের বাস্তব সমস্যার উপর ভিত্তি করেই তৈরি।

প্রসঙ্গত, ২০১৩ সালের নভেম্বরে চিটফান্ড মামলায় গ্রেফতার হয়েছিলেন তৎকালীন তৃণমূলের রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ। সেই সময় বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার। গ্রেফতারের আগে সাংবাদিক বৈঠকে কান্নায় ভেঙে পড়েছিলেন কুণাল। এরপর দু’বছর ১০ মাস জেলে থাকার পর জামিনে মুক্তি পান তিনি।

এর আগে নিজের জেলজীবনের অভিজ্ঞতা নিয়ে ‘**বন্দির ডায়েরি**’ লিখেছিলেন কুণাল। সেই বইও প্রকাশ করেছিল করুণা প্রকাশনী। তবে নতুন বইটি আত্মজীবনী নয়, সম্পূর্ণ কাল্পনিক রাজনৈতিক থ্রিলার বলেই জানিয়েছেন তিনি। পাঠকদের বইটি পড়ার আবেদনও জানিয়েছেন তৃণমূল বিধায়ক।
