---
title: "কলকাতা পুরসভা ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য, স্থগিতাদেশের বিরুদ্ধে মামলা; আগামী সপ্তাহেই শুনানি?"
url: "https://prothomkolkata.com/kolkata-municipal-corporation-election/"
published: "2026-11-14T07:28:22+00:00"
modified: "2026-11-14T07:28:23+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# কলকাতা পুরসভা ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য, স্থগিতাদেশের বিরুদ্ধে মামলা; আগামী সপ্তাহেই শুনানি?

Kolkata Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আইনি জটিলতা ক্রমশ বাড়ছে। হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। আগেই এই পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী শুক্রবার শীর্ষ আদালতে মামলা দায়ের করেছে রাজ্য। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে। ফলে কলকাতা পুরসভার ভোট শেষ পর্যন্ত কবে হবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

চলতি মাসের ৬ তারিখ কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে জানানো হয়েছিল, কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটের বিজ্ঞপ্তি জারি করা যাবে না। সিপিএম নেত্রী দীপু দাসের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেয় আদালত। এর ফলে কলকাতা পুরসভার ভোটের প্রক্রিয়া আপাতত পিছিয়ে গিয়েছে।

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েই মূলত এই আইনি জটিলতা তৈরি হয়েছে। আগে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ছিল ১৪৪। পুনর্বিন্যাসের পর সেই সংখ্যা বাড়িয়ে ২০৯ করা হয়েছে। এই পুনর্বিন্যাসের প্রক্রিয়ায় নিয়ম মানা হয়নি বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। শাসক দলের তরফে অবশ্য এই ধরনের মামলাকে ভোট আটকে দেওয়ার চেষ্টা বলে কটাক্ষ করা হয়েছে।

## **হাওড়া পুরসভা নিয়েও নতুন মামলা** (Kolkata Municipal Corporation Election)

কলকাতার পাশাপাশি এবার হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েও আইনি জটিলতা তৈরি হয়েছে। শুক্রবার এই বিষয়ে পৃথক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। ফলে দুই পুরসভার ভোট কবে হবে, তা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটের প্রক্রিয়া কতদিন আটকে থাকবে, তা এখনই বলা সম্ভব নয়। এই পরিস্থিতিতে কলকাতা ও হাওড়ার নাগরিক পরিষেবা যাতে ব্যাহত না হয়, সে কথা মাথায় রেখে ওয়ার্ড পিছু সমন্বয়কারী নিয়োগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

## **১ ডিসেম্বর থেকে দায়িত্ব সামলাবেন সমন্বয়কারীরা** (Kolkata Municipal Corporation Election)

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে সংশ্লিষ্ট সমন্বয়কারীরা নিজেদের ওয়ার্ডের কাজকর্ম দেখভাল করবেন। তাঁদের দায়িত্ব হবে এলাকার নাগরিক পরিষেবা এবং পুরসভার দৈনন্দিন কাজকর্ম সচল রাখা। কারা এই দায়িত্ব পাবেন, সে বিষয়েও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিজেপির লোকজনকেই সমন্বয়কারী হিসেবে নিয়োগ করা হবে।

তবে এই গোটা পরিস্থিতির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের নির্দেশের উপর। আগামী সপ্তাহে শীর্ষ আদালত রাজ্যের আবেদনের পরিপ্রেক্ষিতে কী সিদ্ধান্ত নেয়, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালতের নির্দেশের পরেই কলকাতা পুরসভার ভোটের ভবিষ্যৎ নিয়ে আরও স্পষ্ট ছবি পাওয়া যেতে পারে।
