---
title: "সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা, বন্ধ মেট্রো! কোন পথে চলবে ট্রেন? জানুন বিস্তারিত"
url: "https://prothomkolkata.com/kolkata-metro-service-disruption-december-13/"
published: "2026-11-29T05:25:33+00:00"
modified: "2026-11-29T05:25:38+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা, বন্ধ মেট্রো! কোন পথে চলবে ট্রেন? জানুন বিস্তারিত

Kolkata Metro Service: রবিবার মেট্রো ধরার পরিকল্পনা থাকলে আগে থেকেই সতর্ক হওয়া জরুরি। ১৩ ডিসেম্বর কলকাতা মেট্রোর ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে পরিষেবা। শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত চলবে না কোনও [মেট্রো](https://prothomkolkata.com/tag/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf/)। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলবে। ফলে ওই দিন যাত্রীদের ভাঙা পথে যাতায়াত করতে হবে।

## **কেন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা?** (Kolkata Metro Service Disruption)

মেট্রো সূত্রে জানা গিয়েছে, ১৩ ডিসেম্বর রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত অংশে পাওয়ার ব্লক নেওয়া হবে। ওই অংশের বিভিন্ন স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণেই সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অংশে মেট্রো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রী [নিরাপত্তার](https://prothomkolkata.com/bangladesh-hindu-safety-protest-kolkata/) কথা মাথায় রেখেই এই কাজ করা হচ্ছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

## **কোন পথে মিলবে মেট্রো?** (Kolkata Metro Route)

মেট্রোর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ ডিসেম্বর দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। অন্যদিকে, ময়দান থেকে দক্ষিণেশ্বরের দিকে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টা ১৫ মিনিটে। অর্থাৎ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পরিষেবা চালু থাকবে।

সন্ধ্যা ৬টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। তখন ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল শুরু হবে। রাতের শেষ মেট্রো ছাড়ার সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ, নির্ধারিত সময়েই শেষ মেট্রো পাওয়া যাবে।

## **আগেও বন্ধ থাকছে মেট্রো পরিষেবা** (Kolkata Metro Maintenance)

শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যবর্তী অংশে রক্ষণাবেক্ষণের কাজের জন্য নভেম্বর ও ডিসেম্বর মাসের একাধিক রবিবার আংশিকভাবে মেট্রো পরিষেবা নিয়ন্ত্রণ করা হচ্ছে। ১৫, ২২ ও ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেট্রো চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সময় আপ ও ডাউন, দুই দিকেই পরিষেবা মিলছে এই অংশে। সন্ধ্যা ৬টার পর শহিদ ক্ষুদিরাম পর্যন্ত স্বাভাবিক পরিষেবা চালু হচ্ছে।

১৩ ডিসেম্বরের পাওয়ার ব্লকও সেই রক্ষণাবেক্ষণের কাজেরই অংশ। তবে ওই দিন পরিষেবা বন্ধের পরিধি আলাদা। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ। পাশাপাশি, পরিষেবা সংক্রান্ত নির্দেশিকা মেনে যাতায়াত করার আবেদন জানানো হয়েছে। তবে ব্লু লাইনে আংশিক পরিষেবা বন্ধ থাকলেও ইয়েলো লাইন ও গ্রিন লাইনে মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে। ফলে অন্য লাইনের যাত্রীদের জন্য পরিষেবা নিয়ে কোনও পরিবর্তন হচ্ছে না।
