---
title: "চিংড়িঘাটার বাধা কাটল! এবার কোন পথে ছুটবে মেট্রো?"
url: "https://prothomkolkata.com/kolkata-metro-orange-line-new-route-sector-v/"
published: "2026-11-20T06:46:35+00:00"
modified: "2026-11-20T06:46:40+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# চিংড়িঘাটার বাধা কাটল! এবার কোন পথে ছুটবে মেট্রো?

Kolkata Metro Orange Line: সকালে অফিস যাওয়ার তাড়া। অথচ রাস্তায় বাসের অপেক্ষা, তারপর দীর্ঘ যানজট। দক্ষিণ [কলকাতা](https://prothomkolkata.com/tag/%e0%a6%95%e0%a6%b2%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2/) থেকে সল্টলেক সেক্টর ফাইভে যাতায়াত করতে গিয়ে প্রতিদিনই এমন অভিজ্ঞতার মুখোমুখি হন বহু মানুষ। বিশেষ করে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মীদের কাছে এই যাত্রা রীতিমতো সময়সাপেক্ষ। এবার সেই ছবিটাই বদলাতে চলেছে। নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পৌঁছতে আর ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কাটাতে হবে না। মাত্র ৩০ মিনিটেই গন্তব্যে পৌঁছে যাবেন যাত্রীরা। আগামী ২১ নভেম্বর কলকাতায় এসে মেট্রোর নতুন রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

## কোন পথে চলবে নতুন মেট্রো? (Kolkata Metro Orange Line Route)

[কলকাতা মেট্রোর](https://prothomkolkata.com/outage-again-in-kolkata-metro-interrupted-service-passengers-face-harassment/) অরেঞ্জ লাইনে যুক্ত হতে চলেছে বেলেঘাটা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ৪.৫ কিলোমিটার দীর্ঘ নতুন অংশ। এই রুট চালু হলে নিউ গড়িয়ার কবি সুভাষ থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোয় যাতায়াত করা যাবে। এতদিন অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত পরিষেবা চালু ছিল। বাকি অংশের কাজ শেষ না হওয়ায় সেক্টর ফাইভ পর্যন্ত সরাসরি যাতায়াত সম্ভব হচ্ছিল না।

নতুন অংশে তিনটি স্টেশন যুক্ত হচ্ছে। সেগুলি হল গৌরকিশোর ঘোষ, নলবন এবং আইটি সেন্টার। এই স্টেশনগুলি চালু হলে দক্ষিণ কলকাতা ও সল্টলেকের মধ্যে যোগাযোগ অনেক সহজ হবে। বিশেষ করে গড়িয়া, পাটুলি, মুকুন্দপুর, কালিকাপুর এবং আনন্দপুরের বাসিন্দারা উপকৃত হবেন।

## চিংড়িঘাটার বাধা কাটল কীভাবে? ( Kolkata Metro Orange Line Chingrihata)

অরেঞ্জ লাইনের সম্প্রসারণের পথে দীর্ঘদিন ধরে বাধা হয়ে দাঁড়িয়েছিল চিংড়িঘাটা এলাকার একটি অংশ। বেলেঘাটা থেকে সেক্টর ফাইভের দিকে মেট্রো চালানোর জন্য প্রায় ৩৬৬ মিটার অংশের কাজ বাকি ছিল। এই অংশের কাজ শেষ না হওয়ায় নতুন রুট চালু করা সম্ভব হচ্ছিল না।

সম্প্রতি ৩১৭ থেকে ৩১৯ নম্বর পিলারের মধ্যে ৬২ মিটার দীর্ঘ ভায়াডাক্ট বসানোর কাজ শেষ হয়েছে। দু'টি পর্যায়ে এই কাজ করা হয়। প্রথম পর্যায়ে ৩১৭ ও ৩১৮ নম্বর পিলারের মধ্যে ২৮ মিটার দীর্ঘ অংশ বসানো হয়। দ্বিতীয় পর্যায়ে ৩১৮ ও ৩১৯ নম্বর পিলারের মধ্যে ৩৪ মিটার দীর্ঘ অংশ বসানো হয়। প্রতিটি পর্যায়ে প্রায় ৬০ ঘণ্টা ধরে কাজ চলে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশ দ্রুত চালু করাই তাঁদের লক্ষ্য। সেই অনুযায়ী ২০২৬ সালের ১০ অক্টোবর থেকে এই রুটে পরীক্ষামূলক মেট্রো চলাচল শুরু হয়েছে। নির্ধারিত নিরাপত্তা বিধি মেনেই পরীক্ষা চালানো হচ্ছে।

## শুধু আইটি কর্মী নন, সুবিধা পাবেন শহরতলির যাত্রীরাও (Kolkata Metro Orange Line Service )

নতুন রুট চালু হলে সল্টলেক সেক্টর ফাইভ ও নিউ টাউনে কর্মরত বহু মানুষের যাতায়াত সহজ হবে। দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকা থেকে অফিসে পৌঁছতে আর একাধিক পরিবহণ বদল করতে হবে না।

এ ছাড়াও সোনারপুর, বারুইপুর, ক্যানিং এবং ডায়মন্ড হারবার থেকে লোকাল ট্রেনে আসা যাত্রীরা নিউ গড়িয়া স্টেশনে নেমে সহজেই কবি সুভাষ মেট্রো স্টেশনে পৌঁছতে পারবেন। সেখান থেকে অরেঞ্জ লাইনে সরাসরি সেক্টর ফাইভ যাওয়া যাবে। ফলে শহরের যানজট এড়িয়ে অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছনো সম্ভব হবে।

## গ্রিন লাইনের সঙ্গে বাড়বে যোগাযোগ (Kolkata Metro Orange Line Service with Green Line)

নতুন আইটি সেন্টার স্টেশন থেকে ফুটব্রিজের মাধ্যমে গ্রিন লাইনের সল্টলেক সেক্টর ফাইভ টার্মিনাসে যাতায়াতের ব্যবস্থা থাকবে। ফলে একবার মেট্রো বদল করেই শিয়ালদহ, এসপ্ল্যানেড এবং হাওড়ার দিকে যাওয়া যাবে।

ইএম বাইপাসের হাসপাতালগুলিতে যাতায়াতের ক্ষেত্রেও সুবিধা হবে। পিয়ারলেস, মেডিকা, আর এন টেগোর এবং রুবির মতো হাসপাতালে সল্টলেক ও হাওড়া থেকে আসা রোগী এবং তাঁদের পরিবারের সদস্যদের যাতায়াত সহজ হতে পারে।

## ২০২৭ সালের এপ্রিলে বিমানবন্দর পর্যন্ত মেট্রো? (Kolkata Metro Orange Line Service)

অরেঞ্জ লাইনের সম্পূর্ণ রুট নিউ গড়িয়া থেকে বিমানবন্দরের জয় হিন্দ স্টেশন পর্যন্ত বিস্তৃত হওয়ার কথা। নির্মাণকাজে আর কোনও বড় বাধা না এলে ২০২৭ সালের এপ্রিলের মধ্যে বিমানবন্দর পর্যন্ত পরিষেবা চালুর লক্ষ্য রয়েছে। তবে তা নির্ভর করছে বাকি কাজ কত দ্রুত শেষ হয় তার উপর।

সব মিলিয়ে, ২১ নভেম্বরের উদ্বোধনের দিকে তাকিয়ে কলকাতার অসংখ্য নিত্যযাত্রী। নতুন রুট চালু হলে দক্ষিণ কলকাতা থেকে সল্টলেকের দূরত্ব শুধু কমবে না, প্রতিদিনের যাতায়াতের সময়ও অনেকটাই বাঁচবে। অফিসযাত্রীদের কাছে তাই এই মেট্রো পরিষেবা নিঃসন্দেহে বড় স্বস্তির খবর।
