---
title: "ভরা মেট্রোয় তরুণীর শ্লীলতাহানি! প্যান্টের চেন খোলা যুবক, কী ঘটেছিল এসপ্ল্যানেডে?"
url: "https://prothomkolkata.com/kolkata-metro-harassment-esplanade-incident/"
published: "2026-11-20T05:34:35+00:00"
modified: "2026-11-20T06:06:53+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["কলকাতা"]
---

# ভরা মেট্রোয় তরুণীর শ্লীলতাহানি! প্যান্টের চেন খোলা যুবক, কী ঘটেছিল এসপ্ল্যানেডে?

Kolkata Metro Harassment: ভিড়ে ঠাসা [মেট্রোর](https://prothomkolkata.com/kolkata-metro-kali-puja-special-timings-2026/)কামরা। যাত্রীরা নিজেদের গন্তব্যে পৌঁছতে ব্যস্ত। কেউ বসে, কেউ আবার দাঁড়িয়ে রয়েছেন। এরই মধ্যে এক তরুণীর পিছনে দাঁড়িয়ে থাকা যুবকের আচরণে অস্বস্তি শুরু হয়। অভিযোগ, ওই যুবক তরুণীর পিঠে হাত দিতে দিতে ক্রমশ নিচের দিকে নামাচ্ছিলেন। পিছনে ফিরে তাকাতেই চমকে ওঠেন তরুণী। দেখেন, যুবকের প্যান্টের চেন খোলা। বিষয়টি বুঝতে পেরে প্রতিবাদে সরব হন সহযাত্রীরা। কলকাতা মেট্রোয় এমনই শ্লীলতাহানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। ঘটনার তদন্তে মেট্রোর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

## ঠিক কী ঘটেছিল? (Esplanade Kolkata Metro Incident)

ঘটনাটি গত বুধবারের। অভিযোগকারিণী ওই তরুণী চাঁদনি চক স্টেশন থেকে কবি সুভাষগামী মেট্রোয় ওঠেন। সময় তখন রাত ৮টা ৪৭ মিনিট। মেট্রো এসপ্ল্যানেড স্টেশনে পৌঁছতেই স্বাভাবিক নিয়মে যাত্রীদের ভিড় বাড়ে। সেই সময়ই কামরায় ওঠেন অভিযুক্ত যুবক। ভিড়ের সুযোগ নিয়ে তিনি তরুণীর পিছনে দাঁড়ান বলে অভিযোগ। তরুণীর দাবি, কিছুক্ষণ পর থেকেই পিছনে অস্বস্তিকর কিছু অনুভব করতে শুরু করেন তিনি। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে বুঝতে পারেন, তাঁর পিঠে কেউ হাত দিচ্ছেন। সেই হাত ক্রমশ নিচের দিকে নামছিল। পরিস্থিতি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে তাকান তিনি। তখনই চোখে পড়ে অভিযুক্ত যুবকের প্যান্টের চেন খোলা। যুবককে মত্ত অবস্থায় দেখেও আতঙ্কিত হয়ে পড়েন তরুণী।

## সহযাত্রীদের প্রতিবাদ, নেমে পড়ে অভিযুক্ত (Kolkata Metro Harassment)

তরুণীর অভিযোগ সামনে আসতেই মেট্রোর অন্য যাত্রীরা প্রতিবাদে সরব হন। অভিযুক্ত যুবককে ঘিরে শুরু হয় উত্তেজনা। কামরার মধ্যে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। এরই মধ্যে মেট্রো রবীন্দ্র সদন স্টেশনে পৌঁছলে নেমে পড়েন অভিযুক্ত। এরপর আর তাঁকে আটকানো সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। ঘটনার পর ওই তরুণী শেক্সপিয়র সরণি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। সেই সঙ্গে মেট্রোর কামরা ও স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ফুটেজের সাহায্যে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে।

## নিরাপত্তা নিয়ে প্রশ্ন (Kolkata Metro Harrasement Safety)

এই ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্কিত ওই তরুণী। ভিড়ের মধ্যে এমন ঘটনা ঘটায় মানসিকভাবে বিপর্যস্ত তিনি। তাঁর আশঙ্কা, মেট্রো কামরা যদি ফাঁকা থাকত, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।

কলকাতার দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে মেট্রো বহু মানুষের অন্যতম প্রধান ভরসা। বিশেষ করে কর্মব্যস্ত সময়ে মহিলা যাত্রীদেরও বিপুল সংখ্যায় মেট্রোয় যাতায়াত করতে হয়। এমন পরিস্থিতিতে ভিড়ের মধ্যে এক তরুণীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ নতুন করে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। এখন সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তকে চিহ্নিত করার দিকেই নজর তদন্তকারীদের।
