---
title: "কেটের রাজকীয় সাজে ভারতীয় ছোঁয়া, মাত্র ৩ সপ্তাহে নয়ডায় তৈরি লাল অনারকলির ঘিরে চর্চা বিশ্বজুড়ে"
url: "https://prothomkolkata.com/kate-middleton-red-anarkali-dress-designer/"
published: "2026-11-18T12:11:13+00:00"
modified: "2026-11-18T12:16:22+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["লাইফস্টাইল"]
---

# কেটের রাজকীয় সাজে ভারতীয় ছোঁয়া, মাত্র ৩ সপ্তাহে নয়ডায় তৈরি লাল অনারকলির ঘিরে চর্চা বিশ্বজুড়ে

Kate Middleton Red Anarkali Dress: রাজকীয় আভিজাত্যের সঙ্গে ভারতীয় ঐতিহ্যের মেলবন্ধন। মুম্বইয়ের মঞ্চে লাল অনারকলি পরে যখন হাজির হলেন ব্রিটেনের প্রিন্সেস অফ ওয়েলস কেট মিডলটন, তখন তাঁর পোশাক নজর কাড়ল গোটা বিশ্বের। উজ্জ্বল সিঁদুরে লাল রঙের মেঝে ছোঁয়া পোশাক, তার উপর বেনারসি নকশার কাজ। সঙ্গে রাজপরিবারের ঐতিহ্যবাহী হিরে ও পান্নার গয়না। সব মিলিয়ে কেটের সাজে ফুটে উঠল ভারতীয় সংস্কৃতির ছাপ। কিন্তু এই পোশাকের পিছনের গল্প আরও আকর্ষণীয়। মাত্র তিন সপ্তাহের মধ্যে তৈরি হয়েছিল এই অনারকলি। তাও আবার বিশেষ শর্ত মেনে। পোশাকের কোথাও ব্যবহার করা যায়নি প্লাস্টিক। দিল্লির ডিজাইনার মহিমা মহাজনের নকশায় নয়ডার উৎপাদন কেন্দ্রে তৈরি হয়েছে এই বিশেষ পোশাক।

https://twitter.com/emilyinpalace/status/2122697273423577265?a=PCeBYDouWojzbkKgzTs&s=19

## লন্ডনের বুটিক থেকে রাজপরিবারের যোগাযোগ (Kate Middleton Red Anarkali Dress)

কেটের এই পোশাক তৈরির কাজ শুরু হয়েছিল অনুষ্ঠানের মাত্র তিন সপ্তাহ আগে। দিল্লির ডিজাইনার মহিমা মহাজনের লন্ডনের স্টকিস্ট লিলি'স বুটিকের মাধ্যমে প্রথম যোগাযোগ আসে। রাজপরিবারের তরফে মহিমার সংগ্রহের একটি নির্দিষ্ট অনারকলি পছন্দ করা হয়েছিল। পোশাকটি দ্রুত ট্রায়ালের জন্য প্রয়োজন ছিল। সৌভাগ্যবশত, লন্ডনের ওই বুটিকে ডিজাইনটি মজুত ছিল। সেখান থেকেই পোশাকটি পাঠানো হয়।

এরপর সরাসরি মহিমার দলের সঙ্গে যোগাযোগ করে রাজপরিবারের প্রতিনিধিরা। কেটের মাপ অনুযায়ী পোশাকটি তৈরি করার কাজ শুরু হয়। ডিজাইনার মহিমা মহাজন India Today Digital-কে জানিয়েছেন, এই অভিজ্ঞতা তাঁর কাছে অত্যন্ত বিশেষ। কারণ, সাধারণত তারকাদের পোশাক তৈরির ক্ষেত্রে মূল নকশায় একাধিক পরিবর্তনের দাবি থাকে। কিন্তু কেটের ক্ষেত্রে তেমন কিছুই হয়নি। তিনি মূল ডিজাইনটিই পছন্দ করেছিলেন।

https://twitter.com/RoyaNikkhah/status/2122696978069139713?a=vouhggA8uhRjoBjEQqM&s=19

## মূল নকশা অপরিবর্তিত, শুধু সামান্য বদল (Kate Middleton Red Anarkali Dress)

কেটের জন্য তৈরি অনারকলিতে খুব বেশি পরিবর্তন করা হয়নি। পোশাকের পিছনের দিকে সামান্য লম্বা ট্রেন যোগ করা হয়। পোশাকের ঘের ও আকৃতি আরও সুন্দর করতে নরম, কাঠামোবদ্ধ নেট ব্যবহার করা হয়। গলার অংশেও সামান্য পরিবর্তন আনা হয়েছিল। তবে পোশাকের কাপড়, এমব্রয়ডারি এবং মূল নকশা একই রাখা হয়।

মহিমা জানিয়েছেন, ভারতীয় তারকারা অনেক সময় কোনও পোশাক পছন্দ করলেও সেটিকে নিজেদের মতো করে বদলাতে চান। কিন্তু কেটের ক্ষেত্রে এমন কোনও দাবি ছিল না। তাঁর মতে, কেটের এই পছন্দ ভারতীয় পোশাকের প্রতি এক ধরনের সম্মান প্রকাশ করে। ডিজাইনারের ওয়েবসাইটে এই অনারকলির দাম প্রায় ৭০ হাজার টাকা।

## প্লাস্টিক ব্যবহার না করার বিশেষ শর্ত (Kate Middleton Red Anarkali Dress)

পোশাক তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করা। কারণ, মুম্বইয়ে আয়োজিত আর্থশট প্রাইজ অ্যাওয়ার্ডসের মূল ভাবনাই পরিবেশ রক্ষা এবং পরিবেশের উন্নয়ন। তাই রাজপরিবারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, পোশাকের কোনও অংশে প্লাস্টিক ব্যবহার করা যাবে না।

এই শর্ত মেনে কাজ করতে গিয়ে পোশাকের প্রতিটি উপকরণ নতুন করে পরীক্ষা করতে হয়। বিশেষ করে সাজসজ্জার কাজে ব্যবহৃত পুঁতি নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়। শেষ পর্যন্ত প্লাস্টিকের পরিবর্তে ব্যবহার করা হয় কাচের পুঁতি। দেখতে প্রায় একই রকম হলেও উপকরণ নির্বাচনের ক্ষেত্রে পরিবেশবান্ধব বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়। পোশাকের সৌন্দর্য বজায় রেখেই এই পরিবর্তন করা হয়েছিল।

## অনুষ্ঠানের ৩০ মিনিট আগে এল চূড়ান্ত খবর (Kate Middleton Red Anarkali Dress)

নয়ডার উৎপাদন কেন্দ্রে তৈরি হয় কেটের জন্য বিশেষ অনারকলি। নির্দিষ্ট সময়ের মধ্যে পোশাকটি পাঠিয়েও দেওয়া হয়। কিন্তু এত আয়োজনের পরেও কেট শেষ পর্যন্ত পোশাকটি পরবেন কি না, তা জানতেন না মহিমা। রাজপরিবারের কাছে পোশাকটি একাধিক বিকল্পের মধ্যে একটি হতে পারে বলেই ভেবেছিলেন তিনি।

অবশেষে অনুষ্ঠানের মাত্র ৩০ মিনিট আগে আসে সেই বহু প্রতীক্ষিত ফোন। জানানো হয়, কেট এই অনারকলিটিই পরবেন। খবরটি পাওয়ার পর থেকেই মহিমা এবং তাঁর দলের আনন্দের সীমা ছিল না।

## বাড়ছে অর্ডার, নজরে ভারতীয় ফ্যাশন (Kate Middleton Red Anarkali Dress)

কেটের এই উপস্থিতির পর থেকেই মহিমা মহাজনের ব্র্যান্ড আন্তর্জাতিক পরিচিতি পেয়েছে। বিশেষ করে পশ্চিমের বিভিন্ন দেশ থেকে প্রশংসা এবং আগ্রহ আসছে। একই ডিজাইনের অনারকলির অর্ডারও আসতে শুরু করেছে। ডিজাইনারের ব্র্যান্ডের ইনস্টাগ্রাম অনুসরণকারীর সংখ্যা আগে থেকেই ১০ লক্ষের কাছাকাছি ছিল। এই রাজকীয় উপস্থিতির ফলে সেই লক্ষ্যমাত্রা আরও দ্রুত পূরণ হবে বলে আশা করছেন তিনি।

এর আগে ২০১৬ সালে ভারত সফরের সময়ও ভারতীয় ডিজাইনারের পোশাক পরে নজর কেড়েছিলেন কেট। সে বার অনিতা ডোংরের তৈরি একটি প্রিন্টেড পোশাক পরেছিলেন তিনি। সেই পোশাকও আন্তর্জাতিক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। প্রায় এক দশক পর ফের ভারতীয় ডিজাইনারের পোশাক বেছে নিলেন কেট। মহিমার কথায়, কেট সবচেয়ে দামি বা বিশেষভাবে তৈরি কোনও পোশাক বেছে নেননি। বরং তাঁর সংগ্রহে থাকা একটি অনারকলি পছন্দ করেছেন। আর তাতেই আন্তর্জাতিক মঞ্চে নতুন করে পরিচিতি পেল ভারতীয় পোশাকের ঐতিহ্য এবং কারুশিল্প।
