---
title: "জেপিমরগ্যানের প্রযুক্তিগত ত্রুটি, সমস্যায় একাধিক মার্কিন ব্যাঙ্কের গ্রাহক"
url: "https://prothomkolkata.com/jpmorgan-technical-issue-us-banks/"
published: "2026-11-17T07:50:46+00:00"
modified: "2026-11-17T07:51:13+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# জেপিমরগ্যানের প্রযুক্তিগত ত্রুটি, সমস্যায় একাধিক মার্কিন ব্যাঙ্কের গ্রাহক

JPMorgan Technical Issue: মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক ব্যাঙ্কের অনলাইন পরিষেবায় সাময়িক সমস্যা দেখা দেওয়ার পর অবশেষে ত্রুটি মেরামত করল জেপিমরগ্যান চেজ। সোমবার এই সমস্যার জেরে কয়েক হাজার গ্রাহক নিজেদের ব্যাঙ্কের হিসাব দেখতে, টাকা পাঠাতে এবং লেনদেন সম্পন্ন করতে অসুবিধার মুখে পড়েন। তবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি মিটে গিয়েছে এবং লেনদেন স্বাভাবিক ছন্দে ফিরেছে।

জেপিমরগ্যান চেজের বক্তব্য অনুযায়ী, তাদের নিজস্ব যন্ত্রব্যবস্থার একটি সফ্‌টওয়্যারগত ত্রুটির কারণে কিছু লেনদেন সম্পন্ন হতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগছিল। তবে গ্রাহকদের নিজেদের হিসাব এবং জমা টাকার নাগাল ছিল। ব্যাঙ্কের তরফে আরও স্পষ্ট করা হয়েছে, এই সমস্যার সঙ্গে কোনও সাইবার হামলার যোগ নেই।

## **কেন সমস্যায় পড়েছিলেন অন্য ব্যাঙ্কের গ্রাহকেরাও?** (JPMorgan Technical Issue)

জেপিমরগ্যান জানিয়েছে, অন্য ব্যাঙ্কগুলির নিজস্ব পরিষেবায় কোনও বড় ধরনের ত্রুটি দেখা যায়নি। তবে অন্য কোনও ব্যাঙ্কের গ্রাহক জেপিমরগ্যানের মাধ্যমে লেনদেন করতে গেলে সেই প্রক্রিয়ায় দেরি হতে পারে। আর সেই কারণেই ব্যাঙ্ক অফ আমেরিকা, ওয়েলস ফার্গো-সহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকেরাও সমস্যার কথা জানান।

অন্যদিকে, ব্যাঙ্ক অফ আমেরিকা জানিয়েছে, তাদের নিজস্ব পরিষেবা স্বাভাবিক ছিল। টাকা পাঠানোর জনপ্রিয় ব্যবস্থা জেলেও জানিয়েছে, তাদের নিজস্ব ব্যবস্থা ঠিকঠাক কাজ করছিল। তবে বিভিন্ন ব্যাঙ্কের মধ্যে লেনদেনের ক্ষেত্রে সাময়িক দেরি হয়ে থাকতে পারে।

## **কখন স্বাভাবিক হল পরিষেবা?** (JPMorgan Technical Issue)

জেপিমরগ্যানের এক মুখপাত্র জানিয়েছেন, সোমবার নিউ ইয়র্কের সন্ধ্যার মধ্যে লেনদেন স্বাভাবিকভাবে সম্পন্ন হচ্ছিল। অর্থাৎ, সমস্যার সূত্রপাতের কয়েক ঘণ্টার মধ্যেই প্রযুক্তিগত ত্রুটি মেরামত করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে একের পর এক প্রযুক্তিগত সমস্যার কারণে বিভিন্ন পরিষেবা ব্যাহত হয়েছে। তার মধ্যেই ব্যাঙ্কের লেনদেনে এই বিঘ্ন নতুন করে গ্রাহকদের উদ্বেগ বাড়ায়।

তথ্যসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, হিন্দুস্তান টাইমস
