---
title: "বিতর্কের ঝড়ে Nvidia-তে বড় পরিবর্তন, CEO পদ থেকে সরলেন জেনসেন হুয়াং"
url: "https://prothomkolkata.com/jensen-huang-nvidia-ceo-resignation/"
published: "2026-11-13T05:04:37+00:00"
modified: "2026-11-13T05:04:43+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# বিতর্কের ঝড়ে Nvidia-তে বড় পরিবর্তন, CEO পদ থেকে সরলেন জেনসেন হুয়াং

Jensen Huang Nvidia CEO Resignation: বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থা Nvidia-র শীর্ষ নেতৃত্বে বড়সড় পরিবর্তন। একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক এবং চিনের সঙ্গে কথিত গুপ্তচরবৃত্তির যোগ নিয়ে বিতর্কের জেরে CEO-র পদ থেকে ইস্তফা দিলেন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। বৃহস্পতিবার, ১২ নভেম্বর, তাঁর পদত্যাগের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে Nvidia-র পরিচালন পর্ষদ। একই সঙ্গে জানানো হয়েছে, আপাতত সংস্থার অন্তর্বর্তী সিইও-র দায়িত্ব সামলাবেন বর্তমান CFO কোলেৎ ক্রেস। স্থায়ী সিইও নিয়োগের জন্য ইতিমধ্যেই খোঁজ শুরু করেছে পরিচালন পর্ষদ।

৬৩ বছর বয়সি জেনসেন হুয়াং প্রায় ৩৩ বছর ধরে Nvidia-র সঙ্গে যুক্ত। সংস্থার প্রতিষ্ঠাতাদের অন্যতম তিনি। তাঁর নেতৃত্বেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির বাজারে বিশ্বের অন্যতম প্রভাবশালী সংস্থা হয়ে উঠেছে Nvidia। ফলে তাঁর পদত্যাগের সিদ্ধান্ত প্রযুক্তি দুনিয়ায় ব্যাপক আলোড়ন তৈরি করেছে।

## কেন পদত্যাগ করলেন জেনসেন? (Jensen Huang Nvidia CEO Resignation)

সম্প্রতি চিনের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ রয়েছে এমন এক মহিলা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে বিতর্ক শুরু হয়। আমেরিকার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই মহিলার বিরুদ্ধে চিনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহ রয়েছে। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলির আশঙ্কা, Nvidia-র গুরুত্বপূর্ণ তথ্য চিনের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা হয়ে থাকতে পারে।

পাশাপাশি, Nvidia-র এক অধস্তন মহিলা কর্মীর সঙ্গেও জেনসেনের বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ সামনে আসে। এই ঘটনাগুলি প্রকাশ্যে আসার পর সংস্থার নেতৃত্ব এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। গত ৮ নভেম্বর Nvidia-র পরিচালন পর্ষদ একটি বিবৃতি দিয়ে জানায়, জেনসেনকে ঘিরে বিদেশি গোয়েন্দা সংস্থার সম্ভাব্য প্রভাব বিস্তারের অভিযোগ খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত শুরু হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয় পর্ষদের স্বাধীন সদস্যদের। বাইরের আইনজীবীদেরও এই কাজে যুক্ত করা হয়।এর পরেই ১১ নভেম্বর পরিচালন পর্ষদ জেনসেনের পদত্যাগ গ্রহণ করে। পরদিন, ১২ নভেম্বর, আনুষ্ঠানিকভাবে তাঁর সরে দাঁড়ানোর কথা ঘোষণা করা হয়। সিইও এবং প্রেসিডেন্টের পাশাপাশি পরিচালন পর্ষদের সদস্যপদও ছেড়েছেন তিনি।

## অন্তর্বর্তী CEO কোলেৎ ক্রেস (Jensen Huang Nvidia CEO Resignation)

জেনসেনের জায়গায় আপাতত দায়িত্ব নিয়েছেন সংস্থার বর্তমান CFO তথা এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কোলেৎ ক্রেস। ২০১৩ সাল থেকে Nvidia-র সঙ্গে যুক্ত তিনি। দীর্ঘদিন ধরে সংস্থার আর্থিক বিভাগের দায়িত্ব সামলেছেন। অন্তর্বর্তী সিইও হওয়ার পরেও CFO-র দায়িত্ব পালন করবেন কোলেৎ। স্থায়ী সিইও নিয়োগ না হওয়া পর্যন্ত তিনিই সংস্থার নেতৃত্ব দেবেন। নতুন সিইও-র সন্ধানে অভ্যন্তরীণ এবং বাইরের প্রার্থীদের বিবেচনা করবে পরিচালন পর্ষদ।

এদিকে, সংস্থার প্রথম বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন হার্ভে সি জোন্স। তিনি দীর্ঘদিন ধরে প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত। বিনিয়োগ এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রেও তাঁর অভিজ্ঞতা রয়েছে।

## তদন্ত নিয়ে কী বললেন ট্রাম্প? (Jensen Huang Nvidia CEO Resignation)

জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্কে মুখ খুলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, বিষয়টি খতিয়ে দেখছে FBI। অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের সম্পর্ক এবং সম্ভাব্য গুপ্তচরবৃত্তির বিষয়টি তদন্তের আওতায় রয়েছে। ট্রাম্প জানিয়েছেন, জেনসেনের সঙ্গে তাঁর কথা হয়েছে। ওই মহিলা চিনের গুপ্তচর কি না, তা জেনসেনকে জিজ্ঞাসা করেছিলেন তিনি। জেনসেন নাকি জানিয়েছিলেন, এ বিষয়ে তাঁর কোনও ধারণা ছিল না। ট্রাম্প আরও বলেন, তিনি জেনসেনের কথায় বিশ্বাস করেন। অন্যদিকে, Nvidia-র পরিচালন পর্ষদের বক্তব্য, এখনও পর্যন্ত সংস্থার গোপন তথ্য বা আমেরিকার জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

## শেয়ার বাজারেও প্রভাব (Jensen Huang Nvidia CEO Resignation)

জেনসেনের পদত্যাগের খবর প্রকাশ্যে আসতেই Nvidia-র শেয়ার বাজারে চাপ তৈরি হয়। বৃহস্পতিবার আমেরিকার বাজারে লেনদেন শুরুর সময় সংস্থার শেয়ারের দাম এক পর্যায়ে প্রায় ১৩ শতাংশ কমে যায়। পরে পতনের পরিমাণ কিছুটা কমলেও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।এদিকে, আগামী ১৭ নভেম্বর তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল প্রকাশ করবে Nvidia। সংস্থার ঘোষণা অনুযায়ী, প্রশান্ত মহাসাগরীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে ফলাফল প্রকাশিত হবে। দুপুর ২টোয় শুরু হবে আয় সংক্রান্ত আলোচনা।জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, তাঁর তৈরি করা সংস্থাকে আগামী দিনে কে নেতৃত্ব দেবেন? পাশাপাশি, বিতর্ক এবং তদন্তের প্রভাব কাটিয়ে Nvidia কীভাবে নিজেদের অবস্থান ধরে রাখে, সেদিকেও নজর রয়েছে প্রযুক্তি মহল ও বিনিয়োগকারীদের।
