---
title: "৩০ আধিকারিকের সামনেই ‘মৃত্যুকামনা’! এনভিডিয়ার প্রাক্তন CEO-কে ঘিরে চাঞ্চল্যকর দাবি"
url: "https://prothomkolkata.com/jensen-huang-jay-puri-controversy-remark-death/"
published: "2026-11-15T06:10:22+00:00"
modified: "2026-11-15T06:11:34+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রযুক্তি"]
---

# ৩০ আধিকারিকের সামনেই ‘মৃত্যুকামনা’! এনভিডিয়ার প্রাক্তন CEO-কে ঘিরে চাঞ্চল্যকর দাবি

Jensen Huang Jay Puri Controversy: সংস্থার একাধিক আধিকারিকের সামনেই এক শীর্ষকর্তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘আমি আশা করি তুমি মারা যাবে এবং আমাদের সবাইকে এই দুর্দশা থেকে মুক্তি দেবে।’ এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে এনভিডিয়ার প্রাক্তন CEO জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে। তাঁর নিশানায় ছিলেন সংস্থার প্রাক্তন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জয় পুরী। একটি বন্ধ দরজার বৈঠকে ৩০ জনেরও বেশি আধিকারিকের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছিল বলে দাবি। ১৪ নভেম্বর প্রকাশিত নিউ ইয়র্ক পোস্ট-এর একটি প্রতিবেদনে এই অভিযোগ সামনে এসেছে। যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ঘটনাটি ঘটেছিল। সেই সময় এনভিডিয়ার বিশ্বব্যাপী বিক্রয়, ব্যবসায়িক উন্নয়ন এবং বিভিন্ন অংশীদার সংস্থার সঙ্গে সম্পর্কের দায়িত্বে ছিলেন জয় পুরী। তিনি সংস্থার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন। বৈঠকে ঠিক কী কারণে জেনসেন হুয়াং এমন মন্তব্য করেছিলেন, তা স্পষ্ট নয়।

## বৈঠকে ঠিক কী ঘটেছিল?(Jensen Huang Jay Puri Controversy)

নিউ ইয়র্ক পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় উপস্থিত ছিলেন সংস্থার ৩০ জনেরও বেশি আধিকারিক। তাঁদের সামনেই জয় পুরীকে উদ্দেশ্য করে প্রথমে অসুস্থ হয়ে পড়ার কথা বলেন হুয়াং। এরপর তিনি আরও আক্রমণাত্মক মন্তব্য করেন বলে অভিযোগ। তাঁর কথায়, 'আমি আশা করি তুমি মারা যাবে এবং আমাদের সবাইকে এই দুর্দশা থেকে মুক্তি দেবে।হুয়াংয়ের এই মন্তব্যের পর বৈঠকে উপস্থিত আধিকারিকরা কার্যত চুপ করে যান বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এই ঘটনার পিছনে কোনও নির্দিষ্ট কারণ ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য মেলেনি। ২০০৫ সালে জয় পুরী এনভিডিয়ায় যোগ দিয়েছিলেন। তার আগে তিনি সান মাইক্রোসিস্টেমসের সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।

## আধিকারিকদের সামনে বারবার তিরস্কার করতেন হুয়াং? (Jensen Huang Jay Puri Controversy)

শুধু জয় পুরী নন, সংস্থার একাধিক প্রাক্তন ও বর্তমান কর্মীর কাছ থেকেও হুয়াংয়ের কাজের ধরন নিয়ে অভিযোগ পেয়েছে নিউ ইয়র্ক পোস্ট। প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ বৈঠকে শীর্ষ আধিকারিকদের প্রকাশ্যেই সমালোচনা করতেন হুয়াং। অনেক সময় কয়েক ডজন কর্মীর সামনেই তাঁদের তিরস্কার করতেন তিনি। ২০২৫ সালের একটি ঘটনার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে প্রায় ৪০ জন কর্মীর উপস্থিতিতে তিন ঘণ্টার একটি বৈঠকে এক শীর্ষ বিক্রয় আধিকারিককে বকাঝকা করেছিলেন বলে অভিযোগ।

আরও একটি ঘটনায় এক আধিকারিককে বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন হুয়াং। ওই আধিকারিকের বিরুদ্ধে তাঁর অভিযোগ ছিল, তিনি বৈঠকের সময় মুচকি হাসছিলেন।এমনকী, ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় এনভিডিয়ার সদর দফতরে একটি বৈঠকের সময় এক শীর্ষ আধিকারিককে লক্ষ্য করে জলের বোতল ছুড়ে মারার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। প্রতিবেদন অনুযায়ী, হুয়াংয়ের অধীনে সরাসরি কাজ করতেন ৬০ জনেরও বেশি শীর্ষ আধিকারিক। ফলে সংস্থার বিভিন্ন বিভাগের কাজকর্মের উপর তাঁর ব্যাপক নিয়ন্ত্রণ ছিল।

## এনভিডিয়া ছাড়লেন কেন জয় পুরী? (Jensen Huang Jay Puri Controversy)

জয় পুরী অবশ্য ইতিমধ্যেই এনভিডিয়ার দৈনন্দিন পরিচালনাগত দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। গত ২ জুলাই একটি নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া নথিতে এনভিডিয়া জানায়, ২৮ জুন অবসরের সিদ্ধান্তের কথা সংস্থাকে জানিয়েছিলেন পুরী। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় মাইক্রোসফটের প্রাক্তন আধিকারিক নিকোলাস পার্কারকে। তবে সংস্থার সঙ্গে যুক্ত থেকে সিনিয়র উপদেষ্টার দায়িত্ব পালন করার কথা রয়েছে জয় পুরীর।উল্লেখযোগ্য বিষয়, জয় পুরীর দায়িত্ব ছাড়ার সঙ্গে হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও যোগসূত্রের কথা নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া নথিতে উল্লেখ করা হয়নি। ফলে এই ঘটনার জেরেই তিনি পদ ছেড়েছেন, এমন কোনও নিশ্চিত তথ্য নেই।

## হুয়াংয়ের পদত্যাগ ঘিরেও বিতর্ক (Jensen Huang Jay Puri Controversy)

এদিকে, হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে একাধিক অভিযোগ সামনে আসার পর তাঁর পদত্যাগের খবরও প্রকাশ্যে এসেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ১২ নভেম্বর এনভিডিয়া তাঁর পদত্যাগের কথা ঘোষণা করে। তিনি সংস্থার প্রেসিডেন্ট, CEO এবং পরিচালন পর্ষদের সদস্যের দায়িত্ব থেকে সরে দাঁড়ান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন ব্যবসায়ী অ্যালিস হুয়াং। তাঁর সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের বিষয়টি সামনে এসেছে। অ্যালিসের সঙ্গে চিনের গুপ্তচরবৃত্তির সম্ভাব্য যোগসূত্র নিয়েও মার্কিন গোয়েন্দা মহলে সন্দেহ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে দাবি। তবে এই অভিযোগ অস্বীকার করেছে চিন।

এছাড়াও সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড কম্পিউটিং সংস্থা মেগাস্পিডকে ঘিরে তদন্তের দাবি উঠেছে। অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এই সংস্থার যোগ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চিনে উন্নত প্রযুক্তির চিপ রফতানির ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।হুয়াংয়ের পদত্যাগের পর অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সংস্থার CFO কোলেট ক্রেসকে। স্থায়ী উত্তরসূরি খুঁজতে পরিচালন পর্ষদ কাজ করছে বলে জানানো হয়েছে। এনভিডিয়ায় ৩৩ বছরের অবদানের জন্য হুয়াংকে ধন্যবাদও জানিয়েছে সংস্থা।

তবে জয় পুরীকে হুমকি দেওয়ার অভিযোগ-সহ হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা একাধিক দাবির বিষয়ে এখনও স্বাধীনভাবে কোনও প্রমাণ সামনে আসেনি। নিউ ইয়র্ক পোস্ট-এর প্রশ্নের জবাবে হুয়াংয়ের এক মুখপাত্র কোনও মন্তব্য করতে চাননি। এনভিডিয়াও প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি।
