---
title: "প্রেমের সম্পর্ক নাকি চিপ পাচারের ছক? এনভিডিয়া CEO-কে ঘিরে বিস্ফোরক রিপোর্ট!"
url: "https://prothomkolkata.com/jensen-huang-alice-huang-nvidia-chip-smuggling-report/"
published: "2026-11-11T07:05:38+00:00"
modified: "2026-11-11T07:05:42+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# প্রেমের সম্পর্ক নাকি চিপ পাচারের ছক? এনভিডিয়া CEO-কে ঘিরে বিস্ফোরক রিপোর্ট!

Jensen Huang Alice Huang Nvidia Chip Smuggling: চিনে বিপুল পরিমাণ নিষিদ্ধ এনভিডিয়া চিপ পাচারের ঘটনায় এবার নাম জড়াল সংস্থার সিইও জেনসেন হুয়াংয়ের। অভিযোগ, চিনের গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটির (MSS) হয়ে কাজ করার সন্দেহে থাকা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের সুযোগ নিয়েই চিনে পৌঁছেছে কোটি কোটি ডলারের উন্নত প্রযুক্তির চিপ। গত ২০২৩ সাল থেকে অন্তত ৭.৫ বিলিয়ন ডলার মূল্যের এনভিডিয়া চিপ চিনে পৌঁছতে সাহায্য করেছেন অ্যালিস। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সংবাদমাধ্যম 'দ্য ইনফরমেশন'-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে।প্রতিবেদন অনুযায়ী, গত দু'বছরেরও বেশি সময়ে প্রায় ২ লক্ষ ৪০ হাজার নিষিদ্ধ এনভিডিয়া চিপ চিনে পৌঁছতে সাহায্য করেছেন অ্যালিস হুয়াং। যার মধ্যে রয়েছে H100 এবং H200 সিরিজের উন্নত AI প্রসেসর। আমেরিকার রপ্তানি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে এই চিপগুলি চিনে পৌঁছল, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

## জেনসেনের সঙ্গে সম্পর্কের সুযোগ নিয়েই চিপ সংগ্রহ? (Jensen Huang Alice Huang Nvidia Chip Smuggling)

'দ্য ইনফরমেশন'-এর দাবি, সিঙ্গাপুর ও চিনজুড়ে একাধিক সংস্থার জটিল নেটওয়ার্ক তৈরি করেছিলেন অ্যালিস হুয়াং। তাঁর বোন এবং স্বামীও এই ব্যবসায়িক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই সংস্থাগুলির মাধ্যমে চিনে এনভিডিয়ার উন্নত চিপ পৌঁছনোর ব্যবস্থা করা হত। এই নেটওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা সাংহাই সেঞ্চুরি লিটং। ২০২৩ সালের জুন মাসে চিনে সংস্থাটি তৈরি হয়। ওই বছরের অক্টোবরেই এনভিডিয়ার পছন্দের ক্লাউড পার্টনারের তালিকায় জায়গা করে নেয় তারা। ফলে এনভিডিয়ার চিপ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়ার সুযোগ তৈরি হয় সংস্থাটির।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, অ্যালিস নিজের সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্কের কথা প্রকাশ্যে বলতেন। এমনকী, চিনের জনপ্রিয় সামাজিক মাধ্যম উইচ্যাটে জেনসেনের সঙ্গে একাধিক ছবিও পোস্ট করতেন। এর মাধ্যমে ব্যবসায়িক মহলে নিজের প্রভাব ও বিশ্বাসযোগ্যতা তৈরি করতেন তিনি। দাবি, জেনসেন তাঁর জন্মদিনেও নৈশভোজ এবং উপহার দিয়ে শুভেচ্ছা জানাতেন।এনভিডিয়ার চিনের এক কর্মীর বক্তব্য অনুযায়ী, স্থানীয় অংশীদারদের নিয়ে সংস্থার বার্ষিক অনুষ্ঠানে অ্যালিসকে প্রায়ই দেখা যেত। চিপ সরবরাহে সমস্যা বা দেরি হলে তিনি হস্তক্ষেপ করতেন। এরপর সরবরাহ ব্যবস্থার জটিলতা কাটিয়ে চিপ পৌঁছনোর ব্যবস্থা করতেন বলে অভিযোগ।

## ৭.৫ বিলিয়ন ডলারের চিপ কেনাবেচার হিসাব (Jensen Huang Alice Huang Nvidia Chip Smuggling)

প্রতিবেদনে দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে মেগাস্পিডের মাধ্যমে প্রায় ৪.৬ বিলিয়ন ডলারের AI চিপ আমদানি হয়েছে। অন্যদিকে, স্পিডম্যাট্রিক্সের মাধ্যমে আরও প্রায় ২ বিলিয়ন ডলারের চিপ চিনে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। সাংহাই সেঞ্চুরি লিটংও প্রায় ৭.৫ বিলিয়ন ডলারের GPU কিনেছিল বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এদিকে, সংবাদসংস্থা রয়টার্সের হাতে আসা বাণিজ্যিক নথিতেও মেগাস্পিডের ইন্দোনেশীয় শাখার মাধ্যমে এনভিডিয়ার হার্ডওয়্যার আমদানির তথ্য উঠে এসেছে। ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে H100 প্রসেসর এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশ আমদানি করা হয়েছিল। সরবরাহকারীদের মধ্যে ছিল গিগাবাইটের সহযোগী সংস্থা গিগা কম্পিউটিং। তবে ইন্দোনেশিয়ায় এই পণ্য পাঠানোর তথ্য থেকেই যে আমেরিকার রপ্তানি আইন লঙ্ঘন হয়েছে, তা প্রমাণিত হয় না।

## কে এই অ্যালিস হুয়াং? (Jensen Huang Alice Huang Nvidia Chip Smuggling)

চিনের আর্থিক সংবাদমাধ্যম কাইক্সিনের প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াংয়ের বয়স প্রায় ৪২ বছর। কর্মজীবনের শুরুতে তিনি চিনের অর্থনৈতিক ও বিনিয়োগ ক্ষেত্রে কাজ করতেন। সাংহাইয়ের হেক্সি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এর আগে HSBC-র হংকংয়ের প্রাইভেট ব্যাঙ্কিং বিভাগ এবং CITIC Securities-এ কাজ করেছিলেন বলেও সংস্থার পুরনো নথিতে উল্লেখ রয়েছে। তাঁর সাংবাদিকতার অভিজ্ঞতাও ছিল বলে জানা গিয়েছে। ২০২৩ সালের মার্চ মাসে সিঙ্গাপুরের ক্লাউড কম্পিউটিং সংস্থা মেগাস্পিড ইন্টারন্যাশনালের নিয়ন্ত্রণকারী অংশীদার হন অ্যালিস। সংস্থাটি ২০১৫ সালে 7Road International নামে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এনভিডিয়ার অফিসিয়াল ক্লাউড পার্টনারের তালিকাতেও রয়েছে মেগাস্পিড। ২০২৫ সালের অক্টোবর মাসে 'দ্য নিউ ইয়র্ক টাইমস'-এর প্রতিবেদনে প্রথম প্রকাশ্যে আসে, চিনের গ্রাহকদের কাছে নিষিদ্ধ এনভিডিয়া চিপ পৌঁছে দেওয়ার অভিযোগে মার্কিন তদন্তের আওতায় রয়েছে মেগাস্পিড।

## ২০২৪ সালে প্রথম প্রকাশ্যে আসে দু'জনের ছবি (Jensen Huang Alice Huang Nvidia Chip Smuggling)

২০২৪ সালে তাইওয়ানের সার্ভার প্রস্তুতকারক সংস্থা গিগাবাইটের আয়োজিত একটি অনুষ্ঠানে প্রথম জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের ছবি প্রকাশ্যে আসে। সেই অনুষ্ঠান হয়েছিল কম্পিউটেক্স প্রযুক্তি প্রদর্শনীর সময়। তবে প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাঁদের পরিচয় আরও পুরনো। অ্যালিসের স্বামী কাং ওয়েইয়ের সঙ্গে জেনসেনের পরিচয় হয়েছিল ২০১০-এর দশকে। সেই সময় কাং ওয়েই ভিডিও গেম সংস্থাগুলিতে বিনিয়োগ করতেন। অন্যদিকে, অ্যালিস সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন।জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের কোনও পারিবারিক সম্পর্ক নেই। বরং তাঁদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে স্বীকার করেছেন এনভিডিয়া প্রধান, এমনটাই দাবি প্রতিবেদনে। তবে চিনে চিপ পাচার এবং গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে অ্যালিস ও মেগাস্পিডের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। ফলে এই ঘটনায় এনভিডিয়া প্রধানের ভূমিকা এবং অ্যালিসের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে আন্তর্জাতিক প্রযুক্তি মহলে বিতর্ক আরও বাড়ল।
