---
title: "‘চিৎকার বন্ধ করুন’, জেনসেন হুয়াংয়ের মেয়ের সঙ্গে তর্কে জড়ালেন ভারতীয় বংশোদ্ভূত এনভিডিয়া কর্তা!"
url: "https://prothomkolkata.com/jay-puri-nvidia-exit-jensen-daughter-dispute/"
published: "2026-11-18T02:30:00+00:00"
modified: "2026-11-18T10:29:12+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# ‘চিৎকার বন্ধ করুন’, জেনসেন হুয়াংয়ের মেয়ের সঙ্গে তর্কে জড়ালেন ভারতীয় বংশোদ্ভূত এনভিডিয়া কর্তা!

Jay Puri Nvidia Resignation: একদিকে কনফারেন্স কলে উত্তপ্ত আলোচনা, অন্যদিকে সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে মতবিরোধ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে, শেষ পর্যন্ত বসের মেয়েকেই সরাসরি বলে বসেন, ‘আপনি চিৎকার করা বন্ধ করলে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারব।’ এই মন্তব্য যাঁর, তিনি জয় পুরী। এনভিডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাক্তন শীর্ষকর্তা। দুই দশকেরও বেশি সময় ধরে জেনসেন হুয়াংয়ের সঙ্গে কাজ করেছেন তিনি। কিন্তু সংস্থার প্রধানের মেয়ে ম্যাডিসন হুয়াংয়ের সঙ্গে একটি কনফারেন্স কলে এই তিক্ত অভিজ্ঞতার পর তাঁর এনভিডিয়া ছাড়ার ঘটনা নতুন করে আলোচনায় উঠে এসেছে।

ঘটনাটি ঘটেছিল ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে, নয়াদিল্লিতে আয়োজিত ইন্ডিয়া এআই সামিটের আগে। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, শেষ মুহূর্তে ভারতে আসার পরিকল্পনা বাতিল করেন এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং। পরিবর্তে ওই সম্মেলনে সংস্থার প্রতিনিধিত্ব করার দায়িত্ব দেওয়া হয় জয় পুরীকে। আর এই সিদ্ধান্ত ঘিরেই সংস্থার অন্দরে তৈরি হয় অসন্তোষ।

## কনফারেন্স কলে উত্তপ্ত পরিস্থিতি (Jay Puri Nvidia Resignation)

প্রতিবেদন অনুযায়ী, জেনসেন হুয়াংয়ের মেয়ে ম্যাডিসন হুয়াং এই ঘটনায় ক্ষুব্ধ হন। এনভিডিয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে বলে জানা গিয়েছে। সম্মেলনের প্রস্তুতি এবং পরিকল্পনা চূড়ান্ত না হওয়া নিয়ে তিনি সংস্থার একাধিক শীর্ষ আধিকারিকের উপর অসন্তোষ প্রকাশ করেন। তাঁদের মধ্যে ছিলেন জয় পুরীও।

কনফারেন্স কলে ম্যাডিসন একাধিক আধিকারিকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। একসময় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, জয় পুরী তাঁকে থামিয়ে দেন। সরাসরি বলেন, ‘আপনি চিৎকার করা বন্ধ করলে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারব।’ নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এই ঘটনার উল্লেখ করা হয়েছে।

এর পরেই এনভিডিয়ায় জয় পুরীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ওই প্রতিবেদন অনুযায়ী, পরবর্তী ছয় মাসের মধ্যে সংস্থা ছেড়ে দেন তিনি। যদিও তার আগে তাঁকে উপদেষ্টার ভূমিকায় সরিয়ে দেওয়া হয়েছিল বলে নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে।

## জেনসেনের সঙ্গে মতবিরোধের অভিযোগও (Jay Puri Nvidia Resignation)

জয় পুরীকে ঘিরে বিতর্কের আরও একটি ঘটনা সামনে এসেছে। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে সংস্থার একটি রুদ্ধদ্বার বৈঠকে জয় পুরীকে তীব্র ভর্ৎসনা করেছিলেন জেনসেন হুয়াং। সেই বৈঠকে জেনসেনের বক্তব্যের ধরন নিয়েও আলোচনা তৈরি হয়। অর্থাৎ, ম্যাডিসন হুয়াংয়ের সঙ্গে কনফারেন্স কলে উত্তপ্ত পরিস্থিতির আগেও সংস্থার অন্দরে জয় পুরীকে নিয়ে মতবিরোধের ঘটনা ঘটেছিল বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।

## কে এই জয় পুরী? (Jay Puri Nvidia Resignation)

জয় পুরীর পুরো নাম অজয় কে পুরী। ২০০৫ সালে এনভিডিয়ায় যোগ দিয়েছিলেন তিনি। তার আগে সান মাইক্রোসিস্টেমসে দীর্ঘ ২২ বছর কাজ করার অভিজ্ঞতা ছিল তাঁর। ধীরে ধীরে সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ আধিকারিক হয়ে ওঠেন তিনি।

এনভিডিয়ায় তাঁর দায়িত্বের পরিধি ছিল যথেষ্ট বড়। বিশ্বজুড়ে সংস্থার ব্যবসা পরিচালনা থেকে শুরু করে বিক্রয়, ব্যবসায়িক উন্নয়ন, বিভিন্ন সংস্থার সঙ্গে অংশীদারিত্ব, প্রযুক্তিগত পরামর্শ এবং ইঞ্জিনিয়ারিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগ সামলাতেন তিনি। পাশাপাশি প্রোগ্রাম ম্যানেজমেন্ট এবং গ্রাহক সহায়তার দায়িত্বও ছিল তাঁর উপর।

প্রযুক্তি দুনিয়ায় তাঁর কর্মজীবন অবশ্য এনভিডিয়াতেই সীমাবদ্ধ ছিল না। এর আগে হিউলেট-প্যাকার্ড, বুজ অ্যালেন অ্যান্ড হ্যামিল্টন এবং টেক্সাস ইনস্ট্রুমেন্টসের মতো সংস্থাতেও কাজ করেছেন তিনি।

## উচ্চশিক্ষিত জয় পুরী, নতুন দায়িত্বে নিকোলাস পার্কার (Jay Puri Nvidia Resignation)

শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও যথেষ্ট সমৃদ্ধ জয় পুরীর জীবনপঞ্জি। ইউনিভার্সিটি অফ মিনেসোটা থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। পরে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। এরপর হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ করেন।

জয় পুরী এনভিডিয়া ছাড়ার পর সংস্থার বিশ্বজুড়ে ব্যবসা পরিচালনার দায়িত্বে নতুন আধিকারিক নিয়োগ করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে নিকোলাস পার্কারকে ওয়ার্ল্ডওয়াইড ফিল্ড অপারেশন্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে।

দুই দশকেরও বেশি সময় ধরে এনভিডিয়ার সঙ্গে যুক্ত থাকা এক গুরুত্বপূর্ণ ভারতীয় বংশোদ্ভূত কর্তার বিদায় এবং তার নেপথ্যে সংস্থার অন্দরের এই ঘটনাগুলি এখন প্রযুক্তি দুনিয়ায় চর্চার বিষয়।
