---
title: "জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর ঘিরে বিতর্ক, সংবাদপত্রকে আইনি নোটিস"
url: "https://prothomkolkata.com/jamaat-chief-australia-visit-controversy/"
published: "2026-11-27T16:07:54+00:00"
modified: "2026-11-27T16:07:55+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর ঘিরে বিতর্ক, সংবাদপত্রকে আইনি নোটিস

`Jamaat Chief Australia Visit Controversy`: দলের আমির শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে একটি সংবাদ প্রকাশের জেরে **অস্ট্রেলিয়া**র একটি সংবাদপত্রকে আইনি নোটিস পাঠিয়েছে বাংলাদেশের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। বিতর্কের মধ্যে বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জামায়াতের আমির। তবে দলের দাবি, সাংগঠনিক জরুরি কাজের কারণেই সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে জামায়াতে ইসলামী জানায়, অস্ট্রেলিয়ার সংবাদপত্র ‘দ্য অস্ট্রেলিয়ান’-কে পাঠানো আইনি নোটিসে প্রতিবেদনে প্রকাশিত সাতটি বক্তব্যকে মানহানিকর বলে উল্লেখ করা হয়েছে। দলটির দাবি, ওই সংবাদপত্রকে প্রতিবেদন সংশোধন, প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা এবং সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার কথাও বলা হয়েছে। তবে সংবাদপত্রটি নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না দিলে দল কী পদক্ষেপ করবে, তা বিবৃতিতে জানানো হয়নি। ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রকাশিত প্রতিবেদনে শফিকুর রহমানকে হামাসের প্রশংসাকারী বাংলাদেশের ইসলামপন্থী নেতা বলে বর্ণনা করা হয়েছিল। পাশাপাশি, আরও কঠোরভাবে ভিসা যাচাই ছাড়াই তাঁকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ায় সে দেশের সরকারের সমালোচনা করা হয়।

## শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর (`Jamaat Chief Australia Visit Controversy`)

জামায়াতে ইসলামী ওই প্রতিবেদনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। দলের মহাসচিব মিয়া গোলাম পরওয়ারের বক্তব্য, প্রতিবেদনটি মিথ্যা, বিভ্রান্তিকর এবং মানহানিকর। দলের বিদেশ বিষয়ক উপদেষ্টা তথা আইনজীবী ও সাংসদ ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম সংবাদপত্রটির প্রকাশকের কাছে আনুষ্ঠানিক আইনি নোটিস পাঠিয়েছেন।

দলের দাবি, শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি মূলত তাঁর ভিসা বাতিলের আবেদনকে ভিত্তি করে লেখা হয়েছে। [জামায়াতের](https://prothomkolkata.com/registration-of-jamaat-is-illegal-bnp-under-pressure-awami-league-is-clearing-the-way/) বক্তব্য অনুযায়ী, ওই আবেদনকারী ব্যক্তি বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে নিয়ে নির্মিত একটি চলচ্চিত্রের লেখক ও পরিচালক। অন্যদিকে, সিডনির অভিবাসন পরামর্শদাতা রেমন্ড সলোমন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে একটি আবেদন জমা দিয়েছিলেন। সেখানে অস্ট্রেলিয়ার অভিবাসন আইন অনুযায়ী শফিকুর রহমানের ভিসা বাতিল করে তাঁকে দেশ থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়।

গত ২০ নভেম্বর এক সপ্তাহের অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে সিডনিতে পৌঁছেছিলেন জামায়াত আমির। অস্ট্রেলিয়ায় তাঁর ক্যানবেরায় সরকারের কয়েক জন শীর্ষ আধিকারিকের সঙ্গে বৈঠক করার কথা ছিল। পাশাপাশি বিভিন্ন সংবর্ধনা ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেওয়ার কর্মসূচিও ছিল।

কিন্তু ২৩ নভেম্বর ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ তাঁর সফর নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিতর্ক শুরু হয়। প্রতিবেদনে হামাসের প্রয়াত নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ‘নায়ক’ বলে উল্লেখ করার অভিযোগ তোলা হয়। অস্ট্রেলিয়ার কয়েকটি ইহুদি ও হিন্দু সংগঠনও তাঁর অতীতের কিছু মন্তব্য নিয়ে আপত্তি জানায়। তাঁদের অভিযোগ, অতীতে তিনি কর্মজীবী মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন এবং ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসা করেছিলেন। তবে এই অভিযোগগুলিকে জামায়াতে ইসলামী প্রত্যাখ্যান করেছে।

শুধু ‘দ্য অস্ট্রেলিয়ান’ নয়, অস্ট্রেলিয়ার আরও দুটি সংবাদমাধ্যম—‘অস্ট্রেলিয়া টুডে’ এবং ‘ডেইলি মেল’—শফিকুর রহমানের সফর ঘিরে স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিবাদ এবং তাঁকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তৈরি হওয়া বিতর্কের খবর প্রকাশ করেছে। জামায়াতের দাবি, শফিকুর রহমান অস্ট্রেলিয়ায় তাঁর নির্ধারিত কর্মসূচিগুলি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছিলেন। তবে মালয়েশিয়া সফর বাতিল করে তিনি দেশে ফিরে আসেন। বাংলাদেশের কয়েকটি সংবাদপত্রেও তাঁর সফর সংক্ষিপ্ত করার খবর প্রকাশিত হয়েছে। ‘কালের কণ্ঠ’ জানিয়েছে, ভিসা বাতিলের আশঙ্কার মধ্যে সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছেড়েছেন জামায়াত আমির। অন্যদিকে, ‘দ্য ডেইলি স্টার’-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনার কারণেও তিনি অস্ট্রেলিয়া-মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করেছেন।

এর আগে জামায়াতের প্রচার বিভাগের প্রধান আহসানুল মাহবুব জুবায়ের ‘দ্য ডেইলি স্টার’-কে জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার কর্মসূচি শেষ করে শফিকুর রহমান দেশে ফিরছেন এবং মালয়েশিয়ার কর্মসূচি বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য বৈঠকের জন্যই কি এই আগাম প্রত্যাবর্তন, এমন প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, সেটিও দেশে ফেরার অন্যতম কারণ। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর সংসদ ভবন চত্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একটি ব্যক্তিগত আলোচনা হয়েছিল। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ঘিরে উত্তেজনার মধ্যেই ওই আলোচনা হয়। শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষিত রয়েছে। তবে বৃহস্পতিবার পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমিরের মধ্যে নতুন কোনও বৈঠকের আনুষ্ঠানিক দিনক্ষণ স্থির হয়নি বলে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গিয়েছে।
