---
title: "ইরানের সর্বোচ্চ নেতা মোজতবাই কি ট্রাম্পের নিশানায়? যুদ্ধ থামাতে বড় ছক আমেরিকার!"
url: "https://prothomkolkata.com/iran-war-trump-plan-to-target-to-end-war/"
published: "2026-11-28T12:08:11+00:00"
modified: "2026-11-28T12:08:12+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# ইরানের সর্বোচ্চ নেতা মোজতবাই কি ট্রাম্পের নিশানায়? যুদ্ধ থামাতে বড় ছক আমেরিকার!

Trump Iran War Strategy: ইরানের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে এবার দেশটির শীর্ষ নেতৃত্বকে নিশানা করার কথা ভাবছে [ডোনাল্ড ট্রাম্প](https://prothomkolkata.com/%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/) প্রশাসন। ইরানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক নেতাদের সরিয়ে দিতে পারলে তেহরানের উপর চাপ বাড়বে। আর সেই চাপেই যুদ্ধ থামাতে বাধ্য হবে ইরান। এমনটাই মনে করছেন মার্কিন প্রশাসনের একাংশ। তবে এই পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনের অন্দরেই মতবিরোধ তৈরি হয়েছে। একাংশের আশঙ্কা, ইরানের শীর্ষ নেতাদের নিশানা করলে পাল্টা হামলার মুখে পড়তে পারেন মার্কিন কর্মকর্তারাও। এমনকী ভবিষ্যতে কূটনৈতিক আলোচনার পথও বন্ধ হয়ে যেতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার এক মার্কিন কর্মকর্তা এবং আরও একটি সূত্রের বরাত দিয়ে এই পরিকল্পনার কথা সামনে এসেছে। সূত্রের দাবি, ইরানের নেতৃত্বকে যে কোনও সময় খুঁজে বের করে আঘাত হানার ক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে, তেহরানকে এমন বার্তা দিতে চায় ওয়াশিংটন। প্রশাসনের একাংশের ধারণা, এতে ইরানের উপর যথেষ্ট চাপ তৈরি হবে এবং যুদ্ধ বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে দেশটি।

## কোন নেতাদের নিশানা করার ভাবনা? (Iran's Top Leaders)

এই পরিকল্পনা নতুন নয়। দীর্ঘদিন ধরেই বিষয়টি বিবেচনায় রেখেছিল মার্কিন প্রশাসন। তবে গত কয়েক সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার সময় বিষয়টি আবারও গুরুত্ব পেয়েছে।

[ইরানের](https://prothomkolkata.com/the-death-of-the-president-of-iran-sabotage-or-accident-the-middle-east-is-in-dire-straits/) বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি ছাড়াও দেশটির একাধিক শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাকে নিয়ে আলোচনা চলছে। তাঁদের মধ্যে রয়েছেন ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার আহমদ ওয়াহিদি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদুল্লাহি, সেনাপ্রধান আমির হাতামি এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। তবে এনবিসি নিউজের প্রতিবেদনে এই ব্যক্তিদের কাউকেই নির্দিষ্ট লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়নি।

## কেন নতুন করে এই পরিকল্পনা? (Trump's Iran Strategy)

ইরান তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে 'ডার্টি বোমা' তৈরি করছে বলে খবর সামনে এসেছে। পাশাপাশি, ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তাদের উপর রাসায়নিক হামলার পরিকল্পনা করছে ইরান, এমন গোয়েন্দা তথ্যও পেয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে ইরানের নেতৃত্বকে নিশানা করার আলোচনা আরও জোরালো হয়েছে। গত ২০ নভেম্বর হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেছিলেন, ইরানে কী ঘটছে, কারা নেতৃত্ব দিচ্ছেন এবং তাঁরা কোথায় রয়েছেন, সে সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে বিস্তারিত তথ্য রয়েছে। কোনও রকম হুমকি বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছিলেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলার দিন দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর তাঁর ছেলে মোজতবা আলী খামেনি নতুন সর্বোচ্চ নেতা হন। ওই হামলায় মোজতবাও আহত হয়েছিলেন বলে জানা যায়। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি।

## পাল্টা হামলার আশঙ্কা, আপত্তি মার্কিন প্রশাসনের একাংশের (Iran Retaliation)

তবে ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনায় মার্কিন প্রশাসনের সবাই একমত নন। বিরোধীদের আশঙ্কা, এমন পদক্ষেপের জেরে ইরান পাল্টা হামলা চালাতে পারে। তাতে মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তাও বিপন্ন হতে পারে। পাশাপাশি, ইরানের বেঁচে থাকা নেতাদের মনোবল আরও বেড়ে যেতে পারে। যুদ্ধের অবসানে ভবিষ্যতে কূটনৈতিক আলোচনার যে সম্ভাবনা রয়েছে, তাও নষ্ট হতে পারে।

অন্যদিকে, মোজতবা খামেনিও যুক্তরাষ্ট্র ও ইজরায়েলকে সতর্ক করেছেন। তাঁর বক্তব্য, ইরানের নেতৃত্বের উপর ফের সামরিক বা সন্ত্রাসী হামলা হলে যুদ্ধ কখন এবং কীভাবে শেষ হবে, তা ঠিক করবে ইরানের সশস্ত্র বাহিনী ও দেশের মানুষ। গত ৩১ অক্টোবরও তিনি ইরানের সেনাবাহিনীকে ভবিষ্যতের যে কোনও হুমকির মোকাবিলায় তাৎক্ষণিক ও কার্যকর জবাব দেওয়ার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন।

## হরমুজ প্রণালি ঘিরেও চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন (Strait of Hormuz)

শুধু সামরিক পদক্ষেপ নয়, ইরানের উপর অর্থনৈতিক চাপও বজায় রেখেছে ট্রাম্প প্রশাসন। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরানের উপর নৌ-অবরোধও জারি রয়েছে।মঙ্গলবার ফক্স নিউজকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং ইরানের অর্থনৈতিক পরিস্থিতির কারণে বর্তমানে যুক্তরাষ্ট্র শক্তিশালী অবস্থানে রয়েছে। তাঁর দাবি, 'অপারেশন ইকোনমিক আউটকাস্ট' এবং 'টাস্ক ফোর্স আয়রন গেট' চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। ইরান যাতে কোনওভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, তা নিশ্চিত করতে ট্রাম্পের হাতে একাধিক বিকল্প রয়েছে।

একদিকে সামরিক ও অর্থনৈতিক চাপ, অন্যদিকে ইরানের শীর্ষ নেতৃত্বকে নিশানা করার ভাবনা—যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে নতুন করে হিসাব কষছে ট্রাম্প প্রশাসন। তবে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সংঘাত আরও বাড়বে, নাকি যুদ্ধ থামানোর পথ তৈরি হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
