---
title: "Suvendu Adhikari: নবান্নের ১৪ তলায় বৈঠকে আমন্ত্রণ শুভেন্দু অধিকারীকে, সাড়া কি দেবেন বিরোধী দলনেতা?"
url: "https://prothomkolkata.com/invitation-to-the-meeting-on-the-14th-floor-of-nabanna-will-the-opposition-leader-respond/"
published: "2023-12-01T14:50:01+00:00"
modified: "2023-12-01T14:52:21+00:00"
author: "তামান্না দাশগুপ্ত"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["কলকাতা"]
---

# Suvendu Adhikari: নবান্নের ১৪ তলায় বৈঠকে আমন্ত্রণ শুভেন্দু অধিকারীকে, সাড়া কি দেবেন বিরোধী দলনেতা?

**।। প্রথম কলকাতা।।**

নবান্নের ১৪ তলায় বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(suvendu Adhikari)। মানবাধিকার কমিশনের সদস্যদের নাম ঠিক করতে বিরোধী দলনেতাকে আমন্ত্রণ জানিয়েছে নবান্ন। এর আগে ৪ ডিসেম্বর প্রথমে বৈঠকের দিন ধার্য করা হলেও , পরে সেই দিনক্ষণ পরিবর্তন করে, করা হয় ১৪ ডিসেম্বর। **জানা গেছে,** নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই বৈঠক হবে। রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য পদের জন্য তিনটি আবেদন জমা পড়েছে। তালিকায় রয়েছেন অবসরপ্রাপ্ত আমলা **বাসুদেব বন্দ্যোপাধ্যায়**, অবসরপ্রাপ্ত বিচারক **পার্থসারথি মুখোপাধ্যায়** ও অবসরপ্রাপ্ত পুলিশকর্তা **অধীর শর্মা**। খবর মিলেছে,বাসুদেব বন্দ্যোপাধ্যায় আগে রাজ্যের মুখ্যসচিবের ভূমিকা পালন করেছেন। এছাড়াও পূর্ব অভিজ্ঞতা রয়েছে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর ।

রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য নিয়োগ সংক্রান্ত এই বৈঠকে শুভেন্দুকে আমন্ত্রণ জানানো হলেও **সূত্রের খবর,** সাসপেনশন ও দুর্নীতির প্রতিবাদে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠক তিনি বয়কট করতে চলেছেন! বৈঠকের স্থান পরিবর্তন বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। **কারণ,** বৈঠকের জায়গা ঠিক হয়েছিল বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কক্ষে। পরে রাজ্যের বিরোধী দলনেতাকে নবান্নের তরফে ওই বৈঠকের স্থান এবং সময় পরিবর্তনের কথা জানানো হয়েছে। **বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর মিলেছে,** বৈঠকের স্থান বদলালেও শুভেন্দু ওই দিন নবান্নে হাজির হবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। বিরোধী দলনেতা নিজে জানিয়েছেন, বৈঠকের আগেই তিনি নিজের অবস্থান জানাবেন।

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
