---
title: "শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারত-বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি, কী আছে এই চুক্তিতে?"
url: "https://prothomkolkata.com/india-bangladesh-extradition-treaty/"
published: "2026-11-15T14:45:09+00:00"
modified: "2026-11-15T18:46:24+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারত-বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি, কী আছে এই চুক্তিতে?

`India Bangladesh Extradition Treaty`: **২০১৩ সালের চুক্তিতে রয়েছে প্রত্যর্পণের নিয়ম, আবার রয়েছে প্রত্যাখ্যানের সুযোগও। শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে কোন কোন ধারার ভূমিকা গুরুত্বপূর্ণ?**

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রশ্নে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত বন্দি প্রত্যর্পণ চুক্তি। ঢাকার বক্তব্য, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হলে এই চুক্তির আওতাতেই পদক্ষেপ করতে হবে। বাংলাদেশের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, প্রত্যর্পণের জন্য বাংলাদেশের তরফে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবার ভারতের সিদ্ধান্তের অপেক্ষা।

অন্যদিকে, নয়াদিল্লি এখনও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কোনও চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত জানায়নি। ভারতের বিদেশ মন্ত্রকের বক্তব্য, বিষয়টি আইনি এবং আইন মেনেই তা বিবেচনা করা হবে। ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার পাশাপাশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ২০১৩ সালের সেই চুক্তির বিভিন্ন ধারা।

বিবিসি বাংলা এবং আনন্দবাজার পত্রিকার প্রকাশিত প্রতিবেদনে দাবী করা হয়েছে, এই চুক্তিতে একদিকে যেমন প্রত্যর্পণের নিয়ম ও বাধ্যবাধকতা রয়েছে, অন্যদিকে তেমনই রয়েছে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে প্রত্যর্পণের আবেদন প্রত্যাখ্যান করার সুযোগ। বিশেষ করে রাজনৈতিক অপরাধ, ন্যায়বিচারের স্বার্থ এবং ইতিমধ্যে সাজাপ্রাপ্ত ব্যক্তির প্রত্যর্পণের ক্ষেত্রে চুক্তির কয়েকটি ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে তাই শুধু বাংলাদেশের আবেদনই নয়, চুক্তির প্রতিটি শর্তের ব্যাখ্যাও বিশেষ তাৎপর্যপূর্ণ।

## **ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?** (`India Bangladesh Extradition Treaty`)

ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ২০১৩ সালের ২৮ জানুয়ারি ঢাকায়। চুক্তিটি কার্যকর হয় ওই বছরের ২৩ অক্টোবর। দুই দেশের মধ্যে অপরাধ দমন, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং বিচারপ্রক্রিয়ায় সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যেই এই চুক্তি করা হয়েছিল। চুক্তিতে বলা হয়েছে, ভারত বা বাংলাদেশের ভূখণ্ডে এমন কোনও ব্যক্তির সন্ধান পাওয়া গেলে, যাঁর বিরুদ্ধে অন্য দেশে প্রত্যর্পণযোগ্য অপরাধের অভিযোগ রয়েছে অথবা যিনি সংশ্লিষ্ট দেশের আদালতে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত, তাঁকে নির্দিষ্ট শর্ত মেনে অনুরোধকারী দেশের হাতে তুলে দেওয়া যেতে পারে। তবে এই প্রত্যর্পণ স্বয়ংক্রিয় নয়। চুক্তির অন্যান্য শর্ত, সংশ্লিষ্ট দেশের আইন এবং প্রত্যর্পণের আবেদন যাচাই করার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৬ সালের ২৮ জুলাই চুক্তির একটি গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়। তবে গোটা চুক্তিটি নতুন করে পরিবর্তন করা হয়নি। সংশোধন করা হয়েছিল দশ নম্বর অনুচ্ছেদের তিন নম্বর উপধারা। এর ফলে বিচারাধীন কোনও অভিযুক্তকে প্রত্যর্পণের জন্য অনুরোধ জানালে অনুরোধকারী দেশের উপযুক্ত আদালতের গ্রেফতারি পরোয়ানাই বৈধ আবেদনের ভিত্তি হিসেবে বিবেচিত হয়।

এই চুক্তির আওতায় অতীতে দুই দেশই অভিযুক্ত ব্যক্তিদের হস্তান্তর করেছে। বাংলাদেশের অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেওয়া এবং ভারতের তরফে নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় অভিযুক্ত নূর হোসেনকে বাংলাদেশে ফেরানোর ঘটনা এই সহযোগিতার উল্লেখযোগ্য উদাহরণ।

## **কোন কোন অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ চাওয়া যায়?** (`India Bangladesh Extradition Treaty`)

চুক্তির দ্বিতীয় অনুচ্ছেদে প্রত্যর্পণযোগ্য অপরাধের বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। দুই দেশের আইন অনুযায়ী যে অপরাধের জন্য অন্তত এক বছরের কারাদণ্ডের বিধান রয়েছে, সাধারণভাবে সেই অপরাধ প্রত্যর্পণযোগ্য বলে বিবেচিত হতে পারে। শুধু ফৌজদারি অপরাধ নয়, কর ও রাজস্বসংক্রান্ত অপরাধও এই চুক্তির আওতায় আসতে পারে। কোনও অপরাধ সংঘটনের চেষ্টা করা, তাতে সাহায্য করা, প্ররোচনা দেওয়া, উসকানি দেওয়া কিংবা সহযোগী হিসেবে অংশ নেওয়ার ক্ষেত্রেও প্রত্যর্পণের আবেদন করা সম্ভব।

অপরাধের নাম বা দুই দেশের আইনে তার শ্রেণিবিভাগ এক না হলেও প্রত্যর্পণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। অর্থাৎ, ভারত ও বাংলাদেশের আইনে একই অপরাধের নাম আলাদা হলেই প্রত্যর্পণের আবেদন বাতিল হয়ে যাবে, এমন নয়। মূল বিষয় হল, সংশ্লিষ্ট কাজটি দুই দেশের আইনেই শাস্তিযোগ্য কি না। চুক্তির তৃতীয় অনুচ্ছেদে একাধিক কার্যকলাপের সমন্বয়ে তৈরি অপরাধের কথাও বলা হয়েছে। কোনও অপরাধের একটি অংশ এক দেশে এবং অন্য অংশ অন্য দেশে সংঘটিত হলেও, নির্দিষ্ট শর্ত পূরণ হলে প্রত্যর্পণের আবেদন বিবেচনা করা যেতে পারে। চুক্তিতে আরও বলা হয়েছে, প্রত্যর্পণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির নাগরিকত্ব বাধা হয়ে দাঁড়াবে না। অর্থাৎ, কোনও ব্যক্তি যে দেশে অবস্থান করছেন, সেই দেশের নাগরিক হলেও অন্য দেশের বৈধ অনুরোধের ভিত্তিতে তাঁর প্রত্যর্পণ বিবেচনা করা যেতে পারে।

## **রাজনৈতিক অপরাধ হলে কি প্রত্যর্পণ আটকে যেতে পারে?** (`India Bangladesh Extradition Treaty`)

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে চুক্তির ছয় নম্বর অনুচ্ছেদ। এই ধারায় রাজনৈতিক চরিত্রের অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করার সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ, যে অপরাধের ভিত্তিতে কোনও ব্যক্তিকে ফেরত চাওয়া হচ্ছে, সেটি যদি অনুরোধ গ্রহণকারী দেশের বিবেচনায় রাজনৈতিক প্রকৃতির হয়, তা হলে সেই দেশ প্রত্যর্পণের আবেদন খারিজ করতে পারে।

তবে এই ধারায় কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রমও রয়েছে। চুক্তিতে কিছু অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য না করার কথা স্পষ্টভাবে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে হত্যা, অপরাধমূলক নরহত্যা, বিস্ফোরণ ঘটিয়ে মানুষের জীবন বিপন্ন করা, বিস্ফোরক তৈরি বা নিজের দখলে রাখা, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে মানুষের জীবন বিপন্ন করা এবং অপহরণের মতো অপরাধ। এ ছাড়া বেআইনিভাবে কাউকে আটকে রাখা, হত্যা করতে প্ররোচনা দেওয়া এবং কিছু সন্ত্রাসবাদী কার্যকলাপও রাজনৈতিক অপরাধের ব্যতিক্রমী তালিকার অন্তর্ভুক্ত।

ফলে কোনও মামলায় রাজনৈতিক অপরাধের যুক্তি উঠলেই প্রত্যর্পণ অসম্ভব হয়ে যায় না। অভিযোগের প্রকৃতি, সংশ্লিষ্ট অপরাধের ধরন এবং চুক্তিতে নির্দিষ্ট করে দেওয়া ব্যতিক্রমগুলি বিবেচনা করতে হয়। শেখ হাসিনার ক্ষেত্রে বাংলাদেশের আদালতের দেওয়া রায় ও অভিযোগের প্রকৃতি এই ধারার প্রয়োগ নিয়ে আইনি আলোচনাকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। তবে তাঁর মামলায় এই ধারা কীভাবে প্রযোজ্য হবে, তা ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনি বিবেচনার বিষয়।

## **প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ কোথায়?**

চুক্তির আট নম্বর অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করার কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। এই ধারাটিই [শেখ হাসিনার](https://prothomkolkata.com/sheikh-hasina-return-bangladesh/) প্রত্যর্পণের প্রশ্নে ভারতের কাছে গুরুত্বপূর্ণ বিবেচনার জায়গা হতে পারে।

চুক্তি অনুযায়ী, অনুরোধ গ্রহণকারী দেশ যদি মনে করে যে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করা অন্যায় বা নিপীড়নমূলক হবে, তা হলে প্রত্যর্পণ আটকে দেওয়া যেতে পারে। তবে তার জন্য নির্দিষ্ট কারণ থাকতে হবে। যেমন, অভিযোগের প্রকৃতি অত্যন্ত তুচ্ছ হলে, অপরাধ সংঘটনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলে অথবা অভিযোগটি ন্যায়বিচারের স্বার্থে সৎ উদ্দেশ্যে আনা হয়নি বলে প্রমাণিত হলে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে।

এ ছাড়া, কোনও অপরাধ যদি সামরিক প্রকৃতির হয় এবং সাধারণ ফৌজদারি আইনের আওতায় না পড়ে, তা হলেও প্রত্যর্পণ করা যাবে না। একই অপরাধের জন্য অনুরোধ গ্রহণকারী দেশে আগে থেকেই বিচার হয়ে গিয়ে থাকলে বা সংশ্লিষ্ট ব্যক্তি খালাস পেয়ে থাকলেও নতুন করে প্রত্যর্পণের ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে।

চুক্তির সাত নম্বর অনুচ্ছেদেও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যে অপরাধের জন্য প্রত্যর্পণ চাওয়া হচ্ছে, অনুরোধ গ্রহণকারী দেশের আদালতেই যদি সেই ব্যক্তির বিচার করা সম্ভব হয়, তা হলে ওই দেশ প্রত্যর্পণের আবেদন প্রত্যাখ্যান করতে পারে। তবে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিচারপ্রক্রিয়া শুরু করার বিষয়টি বিবেচনার জন্য পাঠাতে হবে। যদি সেখানে বিচার না করার সিদ্ধান্ত নেওয়া হয়, তা হলে প্রত্যর্পণের আবেদন আবার চুক্তির শর্ত মেনে বিবেচনা করতে হবে।

অর্থাৎ, চুক্তিতে প্রত্যর্পণের বাধ্যবাধকতা থাকলেও সব পরিস্থিতিতে তা কার্যকর করার নিয়ম নেই। নির্দিষ্ট আইনি কারণ থাকলে আবেদন প্রত্যাখ্যানের পথও খোলা রয়েছে।

## **শেখ হাসিনার ক্ষেত্রে ২০১৬ সালের সংশোধন কতটা গুরুত্বপূর্ণ?** (`India Bangladesh Extradition Treaty`)

শেখ হাসিনার প্রত্যর্পণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, তিনি বাংলাদেশের আদালতে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন এবং মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন। ফলে তাঁর ক্ষেত্রে বিচারাধীন অভিযুক্তের প্রত্যর্পণ এবং সাজাপ্রাপ্ত ব্যক্তির প্রত্যর্পণের নিয়ম এক নয়।

২০১৬ সালে চুক্তির দশ নম্বর অনুচ্ছেদের তিন নম্বর উপধারা সংশোধন করা হয়েছিল। সেই সংশোধনের ফলে বিচারাধীন কোনও অভিযুক্তকে ফেরত চাওয়ার ক্ষেত্রে উপযুক্ত আদালতের গ্রেফতারি পরোয়ানা জমা দিলেই আবেদন বৈধ বলে বিবেচিত হতে পারে। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে এই নিয়ম সরাসরি প্রযোজ্য নয়। কারণ, চুক্তির দশ নম্বর অনুচ্ছেদের চার নম্বর উপধারায় সাজাপ্রাপ্ত ব্যক্তির প্রত্যর্পণের জন্য আলাদা নথির কথা বলা হয়েছে। সে ক্ষেত্রে বাংলাদেশকে সংশ্লিষ্ট ব্যক্তির দোষী সাব্যস্ত হওয়ার শংসাপত্র এবং সাজার নথি জমা দিতে হবে। পাশাপাশি, ওই ব্যক্তি আর সেই দোষী সাব্যস্ত হওয়া বা সাজা নিয়ে আইনি প্রশ্ন তুলতে পারবেন না—এমন বিবৃতি দিতে হবে। সাজার কতটা এখনও কার্যকর করা বাকি, সেটিও জানাতে হবে।

অর্থাৎ, ২০১৬ সালের সংশোধনে বিচারাধীন অভিযুক্তের প্রত্যর্পণের প্রক্রিয়া সহজ হলেও, ইতিমধ্যে দোষী সাব্যস্ত ব্যক্তির ক্ষেত্রে নথিপত্রের শর্ত আলাদা। বাংলাদেশকে সেই শর্ত পূরণ করতে হবে। শুধু আবেদন জানালেই প্রত্যর্পণ সম্পন্ন হয়ে যাবে, এমন নয়। ভারতের বিদেশ মন্ত্রকের সরকারি নথিতে থাকা মূল চুক্তিতেও এই দুই ধরনের আবেদনের জন্য আলাদা শর্তের উল্লেখ রয়েছে।

## **প্রত্যর্পণের আবেদন কীভাবে বিবেচনা করা হয়?**

চুক্তির দশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যর্পণের আবেদন কূটনৈতিক পথেই পাঠাতে হবে। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়, জাতীয়তা ও সম্ভাব্য অবস্থান, অভিযোগের বিবরণ, সংশ্লিষ্ট আইনের বিধান এবং শাস্তির তথ্য জমা দিতে হবে। আবেদন পাওয়ার পর অনুরোধ গ্রহণকারী দেশ নথিপত্র খতিয়ে দেখবে। জমা দেওয়া তথ্য বা প্রমাণ যথেষ্ট নয় বলে মনে হলে অতিরিক্ত নথি চাওয়া যেতে পারে। অর্থাৎ, বাংলাদেশের আবেদন পাওয়ার পর ভারতের হাতে তা যাচাই করার সুযোগ রয়েছে।

জরুরি পরিস্থিতিতে চুক্তির এগারো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সাময়িক গ্রেফতারের অনুরোধও জানানো যেতে পারে। তবে সাময়িক গ্রেফতারের ৬০ দিনের মধ্যে প্রত্যর্পণের আনুষ্ঠানিক আবেদন না পৌঁছলে সংশ্লিষ্ট ব্যক্তিকে মুক্তি দিতে হবে। পরে অবশ্য নতুন করে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করা সম্ভব।

চুক্তির বারো নম্বর অনুচ্ছেদে প্রত্যর্পণের পর কোন অপরাধে বিচার করা যাবে, সে বিষয়েও বিধিনিষেধ রয়েছে। যে অপরাধের ভিত্তিতে কাউকে ফেরত দেওয়া হয়েছে, সাধারণভাবে সেই অপরাধের বাইরে অন্য কোনও পুরোনো অপরাধে তাঁর বিচার করা যাবে না। তবে চুক্তিতে উল্লেখিত কিছু ব্যতিক্রম এবং অনুরোধ গ্রহণকারী দেশের সম্মতি থাকলে অন্য অপরাধের বিচার সম্ভব হতে পারে। একই ব্যক্তির প্রত্যর্পণের জন্য একাধিক দেশ আবেদন জানালে কোন দেশকে তাঁকে হস্তান্তর করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বও অনুরোধ গ্রহণকারী দেশের কর্তৃপক্ষের। প্রত্যর্পণে সম্মতি পাওয়ার পর সাধারণভাবে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে অনুরোধ গ্রহণকারী দেশের আইন অনুমতি দিলে সময় বাড়ানো যেতে পারে।

## **শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের অবস্থান কী?**

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনও কোনও চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত ঘোষণা করেনি। ভারতের বিদেশ মন্ত্রকের বক্তব্য, বিষয়টি আইনি এবং আইন মেনেই তা বিবেচনা করা হবে। অন্যদিকে, বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামান দাবি করেছেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের তরফে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

বিবিসি বাংলার প্রতিবেদনে দাবী করা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে নয়াদিল্লির তরফে দুটি শর্তের কথা সামনে এসেছে। প্রথমত, বাংলাদেশের সেনাবাহিনী বিমান পাঠিয়ে তাঁকে নিয়ে যেতে পারে অথবা স্থলসীমান্তের নির্দিষ্ট কোনও জায়গায় তাঁকে গ্রহণ করতে পারে। দ্বিতীয়ত, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং নতুন করে বিচারের নিশ্চয়তা দেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে।

## **দুই দেশের সামনে এখন কোন প্রশ্নগুলি?**

২০২৪ সালের ৫ অগস্ট গণবিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়েন শেখ হাসিনা। দেশ ছেড়ে ভারতে চলে আসার পর থেকেই তাঁর প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে বাংলাদেশের সরকার। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। শেখ হাসিনা অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং বিচারপ্রক্রিয়া প্রত্যাখ্যান করেছেন।

সম্প্রতি তাঁর পক্ষে আইনজীবীদের একটি সংস্থা দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের কাছে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত আবেদন পাঠিয়েছিল বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এরপর নতুন করে তাঁর দেশে ফেরা এবং প্রত্যর্পণ চুক্তির বিষয়টি আলোচনায় আসে। রয়টার্সের প্রতিবেদনে দাবী করা হয়েছে, শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তাঁর ফেরার নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি।

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির একাধিক ধারা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কাছে চুক্তির প্রথম অনুচ্ছেদ প্রত্যর্পণের আইনি ভিত্তি। অন্যদিকে, ভারতের কাছে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম, প্রত্যর্পণ প্রত্যাখ্যানের কারণ এবং সাজাপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করার সুযোগ রয়েছে। তাই বাংলাদেশের তরফে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে দাবি করা হলেও, চুক্তি অনুযায়ী প্রত্যর্পণ চূড়ান্ত করতে ভারতের সম্মতি এবং সংশ্লিষ্ট আইনি শর্তগুলির পর্যালোচনা প্রয়োজন। শেখ হাসিনার প্রত্যর্পণের প্রশ্নে শেষ পর্যন্ত কোন ধারার ব্যাখ্যা প্রাধান্য পাবে, তা নির্ভর করবে দুই দেশের সরকারি পদক্ষেপ এবং আইনি বিবেচনার উপর।

বিস্তারিত জানতে অবশ্যই দেখুন প্রথম কলকাতা **[(PROTHOM KOLKATA](https://youtu.be/a-mT0GZwl_k?si=gqPlyr5VU2Ho-no0))** youtube চ্যানেল

https://youtu.be/r8wxjSaBZRQ?si=EFN5CbYlZnsm7fGH
