---
title: "সীমান্তের মাঝেই চার দিন, নাগরিকত্ব নিয়ে টানাপোড়েনে বাংলাদেশি মহিলা"
url: "https://prothomkolkata.com/india-bangladesh-border-woman-no-mans-land/"
published: "2026-11-15T05:02:43+00:00"
modified: "2026-11-15T05:03:50+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# সীমান্তের মাঝেই চার দিন, নাগরিকত্ব নিয়ে টানাপোড়েনে বাংলাদেশি মহিলা

India Bangladesh Border Woman: ভারত না বাংলাদেশ—কোনও দেশই তাঁকে নিজেদের নাগরিক বলে স্বীকার করছে না। ফলে গত চার দিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তের ‘নো ম্যান্‌স ল্যান্ডে’ আটকে রয়েছেন বছর তিরিশের এক মহিলা। অসমের কাকড়িপাড়া সীমান্তচৌকি এবং বাংলাদেশের জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের মাঝের এলাকায় খোলা আকাশের নীচে দিন কাটছে তাঁর। খাবার ও জলের অভাব দেখা দেওয়ায় স্থানীয় বাসিন্দারা মানবিক কারণে তাঁকে জল ও শুকনো খাবার দিয়েছেন।

## **নাগরিকত্ব নিয়ে দুই দেশের বাহিনীর পরস্পরবিরোধী দাবি** (India Bangladesh Border Woman)

সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দাবি, ওই মহিলা বাংলাদেশের নাগরিক। ভিক্ষুকের ছদ্মবেশে সীমান্ত পেরিয়ে অসমে ঢোকার চেষ্টা করছিলেন তিনি। অন্য দিকে, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযোগ, বিএসএফ তাঁকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছিল। তবে মহিলার নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত তথ্য তাদের কাছেও নেই বলে দাবি বিজিবির। বিএসএফ অবশ্য কাউকে বাংলাদেশে ফেরত পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে।

বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবী করা হয়েছে, মহিলা নিজেকে বাংলাদেশি বলে দাবি করলেও তাঁর ঠিকানা নিয়ে একাধিক অসংগতি রয়েছে। কখনও পিরোজপুর, কখনও ঝালকাঠি, আবার কখনও বরিশালের বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন তিনি। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, নিজের নাম জানিয়েছেন ফুজি বেগম এবং বাবার নাম বলেছেন হানিফ।

বিজিবির লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানিয়েছেন, ঘটনার সুনির্দিষ্ট সমাধান না হওয়া পর্যন্ত তাঁদের তৎপরতা চলবে। শনিবার দুপুর পর্যন্ত মহিলাকে নিয়ে জট কাটেনি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বক্তব্যের ফারাকের মধ্যে তাঁর নাগরিকত্ব ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েই গিয়েছে।

**সূত্র: আনন্দবাজার পত্রিকা ও বিবিসি বাংলা।**
