---
title: "ডিলিমিটেশন বিল ঘিরে ‘ইন্ডিয়া’ জোটে ফাটল! স্ট্যালিনকে বোঝাতে মমতা-সনিয়ার চেন্নাই সফর"
url: "https://prothomkolkata.com/india-alliance-delimitation-mamata-stalin-meet/"
published: "2026-11-29T10:51:05+00:00"
modified: "2026-11-29T10:51:06+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ভারত"]
---

# ডিলিমিটেশন বিল ঘিরে ‘ইন্ডিয়া’ জোটে ফাটল! স্ট্যালিনকে বোঝাতে মমতা-সনিয়ার চেন্নাই সফর

INDIA Alliance Delimitation Bill: আসন পুনর্বিন্যাস বা [ডিলিমিটেশন](https://prothomkolkata.com/delimitation-bill-rahul-gandhi-india-alliance/) বিল ঘিরে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্দরে তৈরি হয়েছে মতবিরোধ। একদিকে কেন্দ্রের প্রস্তাবিত বিলে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে ডিএমকে। অন্যদিকে, শরদ পওয়ারের এনসিপি (শরদ) শিবিরের অবস্থান নিয়েও তৈরি হয়েছে জল্পনা। এই পরিস্থিতিতে জোটের ঐক্য ধরে রাখতে শেষ মুহূর্তে আসরে নামলেন বিরোধী শিবিরের প্রথম সারির নেতারা। এমকে স্ট্যালিনকে নিজেদের অবস্থান বোঝাতে রবিবার চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সনিয়া গান্ধী, রাহুল গান্ধী-সহ মোট ২১ জন নেতা। একই সঙ্গে শরদ পওয়ারের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে তাঁদের।

## দু’টি বিশেষ বিমানে চেন্নাইয়ের পথে ২১ নেতা (INDIA Alliance Leaders)

রবিবার সকাল ১১টা নাগাদ দিল্লি বিমানবন্দর থেকে দু’টি পৃথক চার্টার্ড বিমানে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেন বিরোধী নেতারা। প্রতিনিধি দলে রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, [সনিয়া গান্ধী](https://prothomkolkata.com/sonia-gandhi-hospitalized-with-fever-chest-infection-condition-stable/), রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, কেরলের বিরোধী দলনেতা ভি ডি সতীশন এবং সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি। এছাড়াও রয়েছেন কে সি বেণুগোপাল, কপিল সিব্বল, ই টি মহম্মদ বশির, রাজীব রাই-সহ একাধিক নেতা।

বিমানের যাত্রী তালিকা অনুযায়ী, সারথি এয়ারওয়েজের VT-RSG বিমানে ছিলেন রাহুল গান্ধী, কে সি বেণুগোপাল, ডিকে শিবকুমার, রেবন্ত রেড্ডি, ভি ডি সতীশন এবং ই টি মহম্মদ বশির-সহ কয়েকজন। অন্যদিকে, ইন্দো প্যাসিফিক অ্যাভিয়েশনের VT-SFU বিমানে ছিলেন খাড়্গে, সনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এম এ বেবি, কপিল সিব্বল-সহ অন্য নেতারা। রবিবার দুপুর ২টো নাগাদ চেন্নাইয়ে স্ট্যালিনের বাসভবনে বৈঠক হওয়ার কথা। সেখানে ডিএমকে প্রধানকে বিলের বিরোধিতা করার জন্য বোঝানোর চেষ্টা করবেন বিরোধী নেতারা।

## রাহুলের পোস্ট, কী বললেন স্ট্যালিন?(INDIA Alliance MK Stalin Meeting)

এই সফরের কথা আগেই সমাজমাধ্যমে জানিয়েছিলেন রাহুল গান্ধী। তিনি লেখেন, ‘ইন্ডিয়া’ জোটের প্রবীণ নেতাদের সঙ্গে তিনি এমকে স্ট্যালিনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করার জন্য তাঁকে অনুরোধ করবেন। তামিলনাড়ু এবং দেশের স্বার্থে সংবিধান রক্ষার লড়াইয়ে সবাইকে একজোট হওয়ার বার্তাও দেন তিনি।

রাহুলের পোস্টের জবাব দিয়েছেন স্ট্যালিনও। তাঁকে ‘ভাই’ বলে সম্বোধন করে রাহুলের বক্তব্যের জন্য ধন্যবাদ জানান তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী। স্ট্যালিনের বক্তব্য, তামিলনাড়ু এবং সেখানকার মানুষের স্বার্থের কথা মাথায় রেখেই তাঁর দল সিদ্ধান্ত নেয়। নিজেদের অবস্থান থেকে তাঁরা সরবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। ফলে রবিবারের বৈঠকে ডিএমকে-র অবস্থান বদলায় কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

## মুম্বইয়ে শরদ পওয়ারের সঙ্গেও বৈঠক (INDIA Alliance Sharad Pawar)

শুধু স্ট্যালিন নন, শরদ পওয়ারকেও পাশে পাওয়ার চেষ্টা করছেন বিরোধী নেতারা। রবিবার সন্ধ্যা ৮টা নাগাদ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁদের। অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এনসিপি (শরদ) প্রধান। এই বৈঠকে শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে।

ডিএমকে-র ২২ জন লোকসভা সাংসদ রয়েছেন। দলটি ইতিমধ্যেই প্রস্তাবিত বিলগুলিকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, এনসিপি (শরদ) শিবিরের আট জন সাংসদ রয়েছেন। সূত্রের দাবি, বিলকে সমর্থনের বিনিময়ে শরদ-কন্যা সুপ্রিয়া সুলে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। মহারাষ্ট্রের এনডিএ সরকারের মন্ত্রিসভাতেও দলটির প্রতিনিধিত্ব নিয়ে জল্পনা রয়েছে। যদিও এই সমঝোতার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। সুপ্রিয়া জানিয়েছেন, বাবার অসুস্থতার কারণে শনিবারের বৈঠকে তিনি যোগ দিতে পারেননি। তবে সোমবার সংসদের অধিবেশনে উপস্থিত থাকবেন।

## কেন গুরুত্বপূর্ণ এই বৈঠক? (INDIA Alliance Delimitation Bill)

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ডিএমকে-র পরাজয়ের পর কংগ্রেস টিভিকে-কে সমর্থন করেছিল। এর পর থেকেই কংগ্রেসের সঙ্গে স্ট্যালিনের দলের দূরত্ব তৈরি হয়। ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকেও ডিএমকে-র প্রতিনিধিদের দেখা যায়নি। শনিবার দিল্লিতে বিরোধী জোটের বৈঠকেও তারা অনুপস্থিত ছিল। অন্যদিকে, শনিবার সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী স্পষ্ট করে দিয়েছিলেন, ডিলিমিটেশন বিলে কোনও শরিক দল সমর্থন জানালেও জোটে তাদের অবস্থান বদলাবে না। তাঁর বক্তব্য, মূল লড়াই লোকসভার আসন সংখ্যা ৮৫০ করার প্রস্তাবকে ঘিরে।

মহিলা সংরক্ষণ কার্যকর করার সঙ্গে যুক্ত করে লোকসভার আসন ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। এর জন্য তিনটি সংবিধান সংশোধনী বিল আনার পরিকল্পনা রয়েছে। গত ১৭ এপ্রিল লোকসভায় ১৩১তম সংবিধান সংশোধনী বিল প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় তা পাশ হয়নি। ফলে বাকি দু’টি বিল নিয়েও ভোটাভুটি এগোয়নি।

এবার নতুন করে বিল পাশ করানোর প্রস্তুতি নিয়েছে কেন্দ্র। সংবিধান সংশোধনী বিল পাশ করাতে দুই-তৃতীয়াংশ সমর্থনের পাশাপাশি ভোটাভুটিও বাধ্যতামূলক। এই পরিস্থিতিতে ডিএমকে এবং এনসিপি (শরদ)-এর সমর্থন কেন্দ্রের কাছে গুরুত্বপূর্ণ। অন্যদিকে, বিরোধী জোটের কাছেও এই দুই শরিকের অবস্থান তাৎপর্যপূর্ণ। তাই সংসদের বিশেষ অধিবেশনের আগে চেন্নাই ও মুম্বইয়ে বিরোধী নেতাদের এই দৌত্য কতটা সফল হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
